যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসি ও জামায়াতে ইসলামীর নিবন্ধন নিষিদ্ধ করার দাবিতে পটিয়া থানার মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১৯ ডিসেম্বর বেলা দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ কর্মসূচি চলে।মানববন্ধনের শুরুতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামায়াত-শিবির ও তাদের মদদদাতা বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করছে। হরতালের নামে নৈরাজ্য শুরু করেছে তারা। বক্তারা অবিলম্বে গোলাম আযম, নিজামী, সাকা চৌধুরী, সাঈদী, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর বিচার ও ফাঁসি কার্যকর এবং জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, পৌর মেয়র হারুনুর রশিদ, ডেপুটি কমান্ডার মো. কামাল উদ্দীন, মৃণাল কান্তি বডুয়া, নূর মোহাম্মদ, সিপিবি নেতা আব্দুস ছালাম, পুলক দাশ, ছগির মোহাম্মদ, তাজুর মুল্লুক, হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা মিছিল করে গিয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক স্মারকলিপি দেন। এ সময় সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন।