‘যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল ।কিন্তু কোনো অশুভ শক্তি ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না।’ গত ২৮ ডিসেম্বর মিরসরাইয়ে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন। উপজেলার জোরারগঞ্জে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আইভী আরও বলেন, জয় বাংলা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। এটি বাংলাদেশের মানুষের মুক্তির স্লোগান। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এ স্লোগানকে নিজের সম্পদ মনে করলে ভুল হবে। মিরসরাইয়ে আয়োজিত বিজয় মেলার সপ্তম দিনের এ আলোচনা সভায় বক্তব্য দেন, সাংসদ মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহাম্মদ, ডেপুটি কমান্ডার আবুল হাশিম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার।এর আগে বিজয় মেলার মঞ্চে প্রথম আলো বন্ধুসভা মিরসরাই শাখার বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।