যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার আহ্বান
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান, পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অলি আহমদ বীরবিক্রম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, শুধু রাজধানীতে বসে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার করলে কাজ শেষ হবে না। সারা দেশে ছড়িয়ে থাকা যুদ্ধাপরাধীদেরও খুঁজে বের করে শাস্তি দিতে হবে। ‘চন্দনাইশেও যুদ্ধাপরাধী আছে’ উল্লেখ করে অলি আহমদ বলেন, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। এসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে থানায় মামলা করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের প্রতি তিনি পরামর্শ দেন। অলি আহমদ ২০ আগস্ট সন্ধ্যায় এলডিপি চন্দনাইশ উপজেলা ও পৌর শাখা আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা এলডিপির সভাপতি মোতাহের হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র আয়ুব কুতুবী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম, পটিয়া উপজেলা এলডিপি সভাপতি মোহাম্মদ আলী, জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন সিকদার, হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী, আখতার আলম, সিরাজুল ইসলাম প্রমুখ।