>যুদ্ধ শুধু রণাঙ্গনের যোদ্ধারাই করেন না। শিল্পীরাও তাতে জড়িয়ে পড়েন। পৃথিবীর বহু শিল্পী সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। আবার অনেকে শামিল হয়েছেন যুদ্ধের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদে। কেউ বেঁধেছেন গান, কেউ আয়োজন করেছেন বিশাল কনসার্ট। তেমনই কয়েকজন শিল্পীর কথা থাকছে আজ

রবিশঙ্কর
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মাইহার ঘরানার স্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন প্রখ্যাত সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্কর। ১৯৬০-এর দশকে ভারতের শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য তিনি পাশ্চাত্যে জনপ্রিয় করে তোলেন। এ সময় পশ্চিমের বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ব্যান্ডদল বিটলসের সদস্য জর্জ হ্যারিসনকেও তিনি ভারতীয় বাদ্যযন্ত্রে আগ্রহী করে তোলেন ও সেতার শেখান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান আয়োজক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। প্রকৃতপক্ষে তিনিই ছিলেন এর প্রথম স্বাপ্নিক। ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের করুণ পরিস্থিতি তাঁকে অস্থির করে তুলেছিল। বন্ধু ও ব্যান্ডদল বিটলসের সদস্য জর্জ হ্যারিসনের কাছে তখন তিনি তাঁর ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কনসার্টটির আয়োজন করা হয়।
পরবর্তী সময়ে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দিয়ে বাংলাদেশ সরকার তাঁকে সম্মানিত করে। ১৯৬৭ সালে পদ্মভূষণ, ১৯৯৯ সালে ভারতরত্ন পদকে তাঁকে ভূষিত করা হয়। ১৯৯২ সালে ম্যাগসাইসাই পুরস্কার পান। পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন।

বব ডিলান
১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্ম নেন বব ডিলান। ৭৫ বছর বয়সী এই গীতিকবির প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। ১৯ বছর বয়সে স্থানীয় একটি কফি হাউসে তাঁর সংগীতজীবনের শুরু। ১৯৬০ সালে এই শিল্পীর উত্থান ঘটে। পরবর্তী সময়ে তাঁর গানগুলো যুক্তরাষ্ট্রের সমস্যার অনানুষ্ঠানিক ঐতিহাসিক দলিল হয়ে উঠতে থাকে। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘দ্য টাইমস দে আর অ্যা-চেঞ্জিং’-এর মতো গানগুলো যুদ্ধবিরোধী ও নাগরিক অধিকার আদায়ের আন্দোলনের অনুপ্রেরণাদায়ী প্রতীকী সংগীতে পরিণত হয়। উল্লেখ্য, কবির সুমনের কণ্ঠে বব ডিলানের ‘ট্যাম্বুরিন ম্যান’ গানটির বাংলায় ‘ও গানওয়ালা’ বাংলাভাষীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সমর্থনে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ ডিলান গেয়েছিলেন ‘অ্যা হার্ড রেইনস আ-গনা ফল’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘জাস্ট লাইক অ্যা উইম্যান’সহ বেশ কিছু গান।
গানে গানে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। তাঁর গান শান্তির পক্ষের আন্দোলনকে আরও জোরদার করে তুলেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গোটা পশ্চিমা বিশ্বে। এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান।

জর্জ হ্যারিসন
বিংশ শতাব্দীর জনপ্রিয় গায়ক ও গিটারবাদক জর্জ হ্যারিসন ছিলেন বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের সদস্য। তাঁর গান ১৯৭০-এর দশকে ছিল টপ চার্টের শীর্ষ তালিকায়। সারা বিশ্বকে পাকিস্তানিদের নির্মম অত্যাচার সম্পর্কে জানাতে এবং শরণার্থীদের সহায়তা করতে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে মিলে হ্যারিসন আয়োজন করেন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই কনসার্টের মাধ্যমে সারা বিশ্ব রাতারাতি জেনে যায় বাঙালিদের ওপর পাকিস্তানিদের বর্বরতার খবর। একাত্তরের সেই উত্তাল রোববারে স্থানীয় সময় বেলা ২টা ৩০ ও রাত ৮টায় পরপর দুটি শোর আয়োজন করা হয়। জর্জ হ্যারিসন সেখানে আটটি গান গেয়েছিলেন। কনসার্টে তাঁর গাওয়া ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি সবার হৃদয় ছুঁয়ে যায়। উদ্বাস্তু হওয়া বাঙালিদের অর্থসহায়তার উদ্দেশ্যে এ কনসার্টে সংগ্রহ করা হয় প্রায় আড়াই লাখ মার্কিন ডলার।
কল্যাণমূলক কাজের জন্য তহবিল সংগ্রহের উপায় হিসেবে এটিই ছিল প্রথম কোনো কনসার্ট। তাঁর এই অবদানের জন্য ২০১২ সালে অন্যান্য বিদেশি নাগরিকের সঙ্গে জর্জ হ্যারিসনকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় বাংলাদেশ সরকার।

জন লেনন
জন লেনন এমন এক পৃথিবী চেয়েছিলেন, যেখানে কোনো যুদ্ধ-বিগ্রহ নেই, নেই ক্ষুধা ও দারিদ্র্য, নেই মানুষের মধ্যে ভেদ-বিভেদ। তাঁর ‘ইম্যাজিন’ গানে সেই স্বপ্ন অমর হয়ে আছে। ১৯৭০-এর দশকের শুরুতে ভিয়েতনামে যুক্তরাষ্ট্র দীর্ঘ এক রক্তাক্ত লড়াইয়ে জড়িয়ে পড়ে। ওই যুদ্ধকে এখনো অনেকে বিংশ শতাব্দীতে মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য করে থাকেন। জন লেনন মানুষকে আহ্বান করেন তাঁর সংগীতের মাধ্যমে মন খুলে একবার শুধু এই পৃথিবীকে ভিন্ন চোখে দেখতে।
লেননের ‘ইম্যাজিন’ গানটিকে বিশ্বের সেরা পাঁচটি গানের একটি হিসেবে ধরা হয়। সরল মনের মানুষের কাছ থেকে সরল একটি গান। শুধু পিয়ানোর সঙ্গে খালি গলায় গাওয়া এ গানটি আজও হয়ে আছে বিশ্বশান্তির এক প্রতীক। এর আগে ১৯৬৯ সালে ‘গিভ পিস অ্যা চান্স’ (‘শান্তিকে একটি সুযোগ দাও’) গানটি ছিল ভিয়েতনামের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি সমালোচনা করে লেখা। একই সঙ্গে তিনি তাঁর ‘সেলিব্রিটি স্ট্যাটাস’ ব্যবহার করতে থাকেন বিশ্বশান্তির পক্ষে। যুদ্ধবিরোধী কথা ও গান প্রচারের ফলে যুক্তরাষ্ট্রে তখনকার নিক্সন সরকার লেননকে নানাভাবে কোণঠাসা করতে চেয়েছে। কিন্তু যুদ্ধমুক্ত একটি পৃথিবীর স্বপ্ন দেখা কখনোই ছেড়ে দেননি অমর এই শিল্পী।

জোয়ান বায়েজ
১৯৬০-এর দশকের প্রথমার্ধেই প্রতিবাদী মার্কিন শিল্পী হিসেবে জোয়ান বায়েজের উত্থান। গান গাইতেন অ্যাকুস্টিক গিটার হাতে। গাইতেন মানবতার ও দিনবদলের গান। মানবতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তিনি ছিলেন প্রথম সারির সংগীতশিল্পী। অংশ নিয়েছিলেন ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনে। জোরালো গলায় ঘোষণা দিয়েছিলেন, ভিয়েতনাম যুদ্ধের খরচ মেটানোর তহবিল জোগাতে তিনি কোনো আয়কর দেবেন না। ভিয়েতনাম যুদ্ধে প্রতিবাদী অবস্থানের কারণে তিনি গ্রেপ্তারও হন। তাঁর প্রথম দিকের প্রকাশিত ‘জোয়ান’ শিরোনামের অ্যালবামটি বিপুলভাবে শ্রোতানন্দিত হয়। এ অ্যালবামে ‘বি নট টু হার্ড’, ‘লাইফ ইজ শর্ট’ এবং পরে ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গান দুটি একসময় মানুষের মুখে মুখে শোনা যেত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রতিবাদী এ শিল্পীকে দারুণভাবে আলোড়িত করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া নিপীড়ন নিয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ অসামান্য একটি গান লেখেন তিনি।
ইরান-ইরাক যুদ্ধের বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছিলেন। এর পাশাপাশি প্রতিবাদ করেছেন দারিদ্র্য ও মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও।

পিট সিগার
মার্কিন লোকসংগীতশিল্পী ও সমাজকর্মী পিট সিগার ১৯৪০–এর দশকে রেডিওতে গান গেয়ে জনপ্রিয়তা পান। দ্য উইভার ব্যান্ডের সদস্য হিসেবে ১৯৫০-এর দশকে পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। লিড বেলির গুডনাইট আইরিন রেকর্ড করে খ্যাতি পান। এই অ্যালবামটি ১৯৫০ সালে ১৩ সপ্তাহ ধরে টপ চার্টের শীর্ষে ছিল। এরপর কিছুদিন আড়ালে চলে গেলেও ১৯৬০-এর দশকে প্রতিবাদী সংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। মূলত আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ, নাগরিক অধিকার, ষাটের দশকের পরিবেশবাদ নিয়ে তাঁর প্রতিবাদী গানগুলো বেশ সাড়া ফেলেছিল।
সিভিল রাইট আন্দোলনের গণসংগীত উই শ্যাল ওভারকাম-এর একজন শিল্পী ছিলেন তিনি। গানটির মূল কথায় ‘উইল’-এর বদলে তিনিই ‘শ্যাল’ যোগ করেন। ৯৪ বছরের বর্ণাঢ্য জীবনে অনেক পুরস্কার জমেছে তাঁর ঘরে। এর মধ্যে ১৯৯৭ ও ২০০৯ সালে বেস্ট ট্র্যাডিশনাল ফোক অ্যালবামের জন্য, ২০১১ সালে বেস্ট মিউজিক্যাল অ্যালবাম ও ২০১৪ সালে বেস্ট স্পোকেন ওয়ার্ল্ড অ্যালবামের জন্য গ্র্যামি জেতেন তিনি।

ব্রুস স্প্রিংসটিন
ব্রুস ফ্রেডেরিক জোসেফ স্প্রিংসটিন একাধারে সুরকার, গায়ক ও লেখক। তিনি বিখ্যাত মার্কিন ব্যান্ড দল ‘ই স্ট্রিট’ ব্যান্ডের সদস্য। ব্রুস স্প্রিংসটিন ‘দ্য বস’ নামে পরিচিত। তাঁকে বলা হয়ে থাকে ফাদার অব হার্টল্যান্ড রক এবং কাব্যিক গানের জন্য তাঁর খ্যাতি পৃথিবীজুড়েই। এখন পর্যন্ত তাঁর অ্যালবামের ৬ কোটি ৪০ লাখ কপি শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী তাঁর অ্যালবামের ১২ কোটি কপি বিক্রি হয়েছে। তাঁর গাওয়া বিখ্যাত গানগুলো হলো ‘বর্ন টু রান’, ‘বর্ন ইন দ্য ইউএসএ’, ‘থান্ডার রোড’, ‘জাঙ্গল ল্যান্ড’, ‘দ্য রিভার’, ‘ব্যাড ল্যান্ডস’, ‘মাই হোমটাউন’, ‘হিউম্যান টাচ’ প্রভৃতি। যুদ্ধ নিয়ে ২০০৫ সালে তাঁর গাওয়া ‘ডেভিলস অ্যান্ড ডাস্ট’ যুদ্ধবিরোধী বিশ্বসেরা গানগুলোর একটি। তিনি ভিয়েতনাম যুদ্ধে সৈনিকদের উদ্দেশে ‘বর্ন ইন দ্য ইউএসএ’, ‘শাট আউট দ্য লাইট’ গান লেখেন এবং ইরাক যুদ্ধের সৈনিকদের উদ্দেশে লেখেন ‘জিপসি বাইকার’, ‘লাস্ট টু ডাই’। তিনি মনে করেন, যুদ্ধ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হওয়া উচিত নয়, বরং ভয় ও বিশ্বাসের মধ্যে হওয়া উচিত।

বব গেলডফ
বিখ্যাত আইরিশ সংগীতজ্ঞ, লেখক, অভিনেতা ও রাজনৈতিক কর্মী। ১৯৫১ সালের ৫ অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এই খ্যাতনামা সংগীতশিল্পী। সত্তর ও আশির দশকের নতুন ঘরানার রক মিউজিক আন্দোলনের পথিকৃৎ তিনি। ১৯৮৪ সালে ইথিওপিয়ার ‘নারীদের সহায়তা এবং দারিদ্র্য নিরসন’-এর জন্য প্রথম ‘ব্যান্ড এইড’-এর প্রচলন করেন। এটি বিশ্বে ব্যাপক সাড়া ফেলে। এর আগে তিনি ১৯৮১ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হয়ে তিনি দাতব্য কাজের সূচনা করেন।
বব গেলডফ ‘নাইটহুড’, ‘ম্যান অব পিস’সহ বিভিন্ন সম্মানে ভূষিত হন। ২০০৫ সালে সংগীতে অসাধারণ অবদানের জন্য ‘ব্রিট অ্যাওয়ার্ড’ পান। তিনি ২০০৬ সালে ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ এবং ২০১৬ সালে আফ্রিকার মানুষদের সাহায্যার্থে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করায় ‘রয়াল জিওগ্রাফিক্যাল সোসাইটি’ তাঁকে পেট্রন মেডেল প্রদান করে।
গ্রন্থনা: আহসান মাহমুদ