যুদ্ধের শেষ নেই
‘আমার জন্মের সময়টা ছিল দ্বন্দ্ব-সংঘাতময়। ইরাক-ইরানের মধ্যে তখন তুমুল যুদ্ধ। তাই আমি নিজেকে বিপ্লবের সন্তান মনে করি। এ কারণেই আমি বারবার বুঝতে চেয়েছি, বিপ্লব আসলে কী।’ নিজের দেশ ও দেশের প্রেক্ষাপট নিয়ে বলছিলেন ইরানের আলোকচিত্রী আলী আকবর সিরজিয়ান। তাঁর ছবির বিষয়ের শিরোনাম ‘ওপেন এনডিং অব এ লং স্টোরি’। ইরানের যুদ্ধ, সাধারণ মানুষের আহাজারি, বোমার আঘাতে মুমূর্ষু শিশুর মুখ—এমন কিছু ভয়াবহ সময়ই উঠে এসেছে সিরজিয়ানের ছবিগুলোতে। যুদ্ধের ভয়াবহতার এই ছবিগুলোয় দেখা যায়, তেহরানের কোনো এক দালানের ছাদে পড়ে আছে যুদ্ধবিধ্বস্ত উড়োজাহাজের অংশবিশেষ। অথবা কেউ একজন দৈনিক পত্রিকায় দেখছে যুদ্ধের খবর, সামনে অথই সাগর। সাগরের মতোই ইরানের যুদ্ধের শেষ নেই যেন! তাই সিরজিয়ান তাঁর ছবির বিষয়ের শিরোনাম দিয়েছেন ‘ওপেন এনডিং অব এ লং স্টোরি’। ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনার পাট চুকিয়েছেন এই আলোকচিত্রী। ফটোসাংবাদিকতা দিয়ে শুরু। এখন ডকুমেন্টারি ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন। একটি প্রতিষ্ঠানও আছে তাঁর। সিরজিয়ান বললেন এসব বিষয় নিয়ে, ‘ইরানে ডকুমেন্টারি ফটোগ্রাফির বড় অভাব। সংবাদমাধ্যমগুলোয় যেসব ছবি ছাপা হয়, তা আসলে ইরানের পরিপূর্ণ অবয়ব ফুটে ওঠে না। তাই আমি আপাতত প্রামাণ্য ছবি নিয়েই ব্যস্ত আছি। সিরজিয়ানের ছবিগুলোও দেখতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।