যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোহাম্মদ হুমায়ুন (২৫) নামের এক যুবককে অপহরণ করে তাঁর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে ।জানা যায়, এলাকাবাসী উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার বাসিন্দা মোহাম্মদ হুমায়ুন কালারমারছড়া বাজার মসজিদে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে মোহাম্মদ শাহঘোনার মুজিবকিল্লাহ নামক স্থানে নিয়ে দুর্বৃত্তরা বাঁ পা ও বাঁ হাতের রগ কেটে দেয়। এ সময় তাঁকে বেধড়ক পেটানো হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এ নিয়ে আহত হুমায়ুন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।