যুবলীগ নেতা হাজতে, চারজন ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়ন জামায়াতের সদস্যসচিব দিদারুল ইসলামের দেওয়া মেয়ে অপহরণের মামলায় একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন এখন জেলহাজতে। গ্রেপ্তারের ভয়ে ওই মামলায় অভিযুক্ত আরও চার যুবলীগ-ছাত্রলীগ নেতা এখন ঘরছাড়া। অথচ জামায়াত নেতার ওই মেয়ে ভালোবেসে পালিয়ে প্রেমিককে বিয়ে করেছে বলে জানা গেছে।এলাকাবাসী জানান, দিদারুল ইসলামের ওই মেয়ে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ২ মে বিদ্যালয়ে যাওয়ার পথে মরিয়মনগর ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের মৃত সামশুল আলমের ছেলে মোহাম্মদ দিদারের (২৪) সঙ্গে সে পালিয়ে যায়। ৪ মে তারা চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ৫ ও ৬ নম্বর হলফনামামূলে কাবিননামায় সই করে বিয়ে করে। এদিকে, দিদারুল ইসলাম মেয়ে অপহরণের অভিযোগ এনে ৪ মে রাঙ্গুনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় মরিয়মনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন (৩০), ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মো. রুবেল (২৪), ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সালাউদ্দিন (২৬), ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক মো. সুরুজ (২৪), পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক নাছের উদ্দিন (২৫), দিদারুল ইসলামের মেয়ের সহপাঠী অ্যানি আকতার (১৬) ও প্রেমিক দিদারুল ইসলামকে আসামি করা হয়। মামলায় পুলিশ ওই দিন সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। অন্যরা পুলিশের ভয়ে এখনো ঘরছাড়া। সেলিমের মা মারুফা বেগম জানান, ‘জামায়াত নেতা দিদারের মেয়ে ভালোবেসে পালিয়ে গিয়ে তার পছন্দের ছেলেকে বিয়ে করেছে। এতে আমার ছেলের কোনো হাত নেই। ২১ মে একটি জাতীয় পত্রিকায় দোয়া চেয়ে তারা বিয়ে করেছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ অপহরণের মিথ্যা মামলা দিয়ে তিনি আমার ছেলেকে ফাঁসিয়েছেন।’ মারুফা তাঁর ছেলের আশু মুক্তি দাবি করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক আরজু সিকদার প্রথম আলোকে বলেন, ‘জামায়াত নেতা দিদারের মেয়ে ভালোবেসে প্রেমিককে বিয়ে করেছে। এতে তিনি অপমান বোধ করছেন। তাঁর মান রাখার জন্য অপহরণের মিথ্যা মামলা দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যুবলীগ নেতা সেলিম উদ্দিন বিনাদোষে জেল খাটছেন। অন্যরাও বাইরে কষ্টে পাচ্ছেন।’ জামায়াত নেতা দিদারুল ইসলাম বলেন, ‘আমার মেয়ের সঙ্গে কারও ভালোবাসা হতে পারে না। ভালোবেসে কাউকে বিয়ে করার বিষয়টি আমার জানা নেই। আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। অপহরণে জড়িত থাকায় এদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে মেয়েটিকে থানায় অথবা আদালতে গিয়ে স্বেচ্ছায় বিয়ে করার বিষয়টি বলতে হবে। এতে অভিযুক্তরা মুক্তি পেতে পারেন।’