ফেনীর সোনাগাজী উপজেলা যুবলীগের আট বছরের পুরোনো কমিটি বিলুপ্ত করে আবারও একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। ১৮ জুন এ কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিকে পাশ কাটিয়ে কেন্দ্র থেকে উপজেলা কমিটি ঘোষণা করায় জেলা যুবলীগ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। সংগঠন সূত্র জানায়, কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে ১৮ জুন সোনাগাজী উপজেলা যুবলীগের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে। এতে মো. রবিউজ্জামান ওরফে বাবুকে আহ্বায়ক, মো. নাসির উদ্দিন ভূঁঞা ওরফে আরিফ ও মো. আজিজুল হক ওরফে হিরণকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। অবশিষ্ট তিনজনের নাম পরে ঘোষণা করা হবে।কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম স্বাক্ষরিত এই ঘোষণায় নতুন আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়।