একদিন টেলিভিশনের এক সাংবাদিক দিলেন খবরটা। হুমায়ূন আহমেদ নাকি তাঁর একটা বই আমাকে উৎসর্গ করেছেন। শুনে খুব ভালো লাগল। তাঁর মতো একজন লেখক আমাকে বই উৎসর্গ করেছেন! নিজেকে বড় বড় মনে হচ্ছিল।সাংবাদিক আমাকে হুমায়ূন আহমেদের বলপয়েন্ট বইটা দিলেন। বইয়ে লেখক লিখেছেন, ‘সাকিব আল হাসান—এই তরুণকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু মুগ্ধ হয়ে তাঁর খেলা দেখি।’ বই পড়ার অভ্যাস আমার নেই। তবে যে দু-একটা বই পড়েছি, সেগুলোর লেখক হুমায়ূন আহমেদ। তাঁর বইয়ে নিজের নাম দেখতে পাওয়াটা অনেক বড় সৌভাগ্য। তিনি আমার খেলা মুগ্ধ হয়ে দেখেন জেনে আমিও মুগ্ধ হয়ে গেলাম। আমি যাঁর লেখা ভালোবাসি, তিনি ভালোবাসেন আমার খেলা!একটা লেখায় পড়েছি, ২০০৬ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের সময় শুটিংয়ের কাজে হুমায়ূন আহমেদ স্যার অস্ট্রেলিয়ায় ছিলেন। বাংলাদেশের খেলার দিন শুটিং বাদ দিয়ে তিনি খেলা দেখতে গিয়েছিলেন একটা পাবে। কিন্তু সেখানে সবাই ফুটবল দেখে, কেউ ক্রিকেট দেখবে না। পরে দুই ঘণ্টা ড্রাইভ করে গেলেন অন্য একটা পাবে। ম্যানেজারের সঙ্গে বাজি ছিল, বাংলাদেশ জিতলে খাওয়া-দাওয়া যা করবেন, সব খরচ ম্যানেজার দেবেন। দুঃখজনক হলেও সত্যি, ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ দল।হুমায়ূন আহমেদ ক্রিকেট পছন্দ করেন, এটা নানাভাবে জেনেছি। বন্ধুরা যাঁরা তাঁর বই নিয়মিত পড়েন, তাঁরা বলেছেন, একটা বইয়ে নাকি হুমায়ূন আহমেদ প্রশ্ন করেছেন, ক্রিকেট কেন ১১ জন খেলে? ১২ থেকে ১৩ জনও তো খেলতে পারত! বিশ্বাস করুন, কথাটা শুনে এই প্রশ্ন আমার মনেও এসেছে। আসলেই তো, এটা ১১ জন খেলে কেন! এর চেয়ে বেশি বা কম লোকে খেলে না কেন? ক্রিকেটার হয়েও আমি আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর জানি না। ভেবেছিলাম বিষয়টা নিয়ে লেখকের সঙ্গে কথা বলব। হলো না।হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল আমার। কিন্তু যতবারই পরিকল্পনা করেছি, কোনো না কোনো গোলমালে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। তাঁর মৃত্যুর কিছুদিন আগেও একবার ভেবেছিলাম, দেখা করব। গিয়ে বলব, আপনার লেখার আমি একজন ভক্ত। তিনি তখনই আমেরিকা চলে গেলেন। মাঝে যখন ফিরলেন, তখন আবার আমি খেলা নিয়ে ব্যস্ত। এরপর তো আর ফিরলেন না-ফেরার দেশে গিয়ে। একজন বড় মাপের মানুষকে দেখা হলো না আমার। দুঃখটা থেকেই যাবে।হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় গুণ সম্ভবত এটাই ছিল যে তিনি মানুষের মনের মধ্যে ঢুকে যেতে পারতেন। আমি এমন অনেককেই দেখেছি, যারা হুমায়ূন আহমেদের বই পড়ে ‘হিমু’ হতে চেয়েছে। হলুদ পাঞ্জাবি পরে ‘হিমু’ চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে চেয়েছে, এ রকম খুব কমই হয় সম্ভবত। আমরা যারা তরুণ, তাদের বড় একটা অংশের কাছে গল্পের বই মানেই হুমায়ূন আহমেদের বই। তারা গল্পের বই পড়া শুরু করেছে—কারণ, হুমায়ূন আহমেদ গল্পের বই লিখতেন। আমি বইমেলায় যাই না। তবে অনেক বন্ধুকে দেখি, শুধু হুমায়ূন আহমেদের বই কিনতেই বইমেলায় যান।বন্ধুদের আগ্রহ দেখে হুমায়ূন আহমেদের বইয়ের প্রতি আমারও আগ্রহ জন্মায়। তাঁর বইয়ের কিছু কথা মনে হয় নিজের কথা। মনের মধ্যে গেঁথে যায়। একজন লেখকের এটাই হয়তো সবচেয়ে বড় কৃতিত্ব, সবচেয়ে বড় প্রাপ্তি। হুমায়ূন আহমেদ সেই কৃতিত্ব নিয়ে গেছেন। সেই প্রাপ্তিতে ভরে গেছে তাঁর খাতা। তাঁকে অভিনন্দন। জ্যোৎস্না রাতের তারা হয়ে যদি কোনো দিন তিনি আমাকে দেখতে পান, নিশ্চয়ই শুনবেন আমার কথাটাও। স্যার, আমি সাকিব। আপনার লেখার একজন ভক্ত।