যে কাজে লাগে সৃজনশীলতা আর প্রযুক্তিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির নানা সুবিধা বাড়ার পাশাপাশি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কাজের চাহিদা বেড়েছে অনেকখানি। কম্পিউটারের সহজ কিছু কাজ জানার মাধ্যমে নানা ধরনের কাজ করা সম্ভব। বর্তমানে নিজের সৃজনশীলতা আর আঁকাআঁকির সঙ্গে যুক্ত থাকলে কিংবা আগ্রহ থাকলে সহজে হয়ে উঠতে পারেন একজন নান্দনিক ডিজাইনার। নানা ধরনের প্রতিষ্ঠানে যাঁরা মূলত ভিজ্যুয়ালাইজার হিসেবেই পরিচিত। মূলত যাঁরা নিজের সৃজনশীলতার মাধ্যমে নানা ধরনের ডিজাইনের দিকনির্দেশনা দেন, তাঁদেরই ভিজ্যুয়ালাইজার হিসেবে ধরা হয়। এ কাজে আসতে হলে যেমন প্রয়োজন নিজের আগ্রহ; তেমনি দরকার সৃজনশীলতা। তবে নিজের ভালো লাগার মাধ্যমে এ কাজটি করা যায়। যাঁরা চারুকলা বিষয়ে পড়েছেন কিংবা আঁকাআঁকির ক্ষেত্রে আগ্রহ আছে এবং নিজের আগ্রহও আছে, তাঁরা আসতে পারেন এ কাজে। শুরুতেই নিজের কিছুটা সৃজনশীলতা আর কম্পিউটার গ্রাফিকসের কিছু কাজ জানলেই শুরু করতে পারেন কাজটি। কম্পিউটারের কাজ মানে ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারের ব্যবহার জানলেই হবে।আর একজন ভিজ্যুয়ালাইজার নিজের একটি ভাবনার মাধ্যমে সহজে তৈরি করতে পারেন নান্দনিক ডিজাইন, জানালেন গ্রে অ্যাডভার্টাইজিংয়ের সিনিয়র আর্ট ডিরেক্টর আকরাম হোসেন। কাজ শুরুর ব্যাপারটি নিজের আগ্রহ থেকেই শুরু। বর্তমানে একজন ভিজ্যুয়ালাইজার বিভিন্ন প্রতিষ্ঠানে নানা নামে পরিচিত হচ্ছেন। তবে মূল কাজটিই হচ্ছে ডিজাইন তৈরি এবং নির্দেশনা দেওয়া। যেহেতু কাজটি করতে সৃজনশীলতার প্রয়োজন সবচেয়ে বেশি, তাই পুরো কাজটি হয় একটি দলগত কাজের মাধ্যমে—বললেন বিজ্ঞাপনী সংস্থা বিটপির ভিজ্যুয়ালাইজার রাশেদ লতিফ। ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে দক্ষ হয়ে এ পেশায় ক্রিয়েটিভ ডিরেক্টর বা আর্ট ডিরেক্টর পর্যন্ত হওয়া সম্ভব। রাশেদ লতিফ বলেন, পুরো কাজটি একটি দলগত কাজ, যেখানে মূল দায়িত্বে থাকেন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর এবং দলে থাকেন কপিরাইটার ও ভিজ্যুয়ালাইজার। বিষয় নির্বাচিত হওয়ার পর শুরু হয় কাজ। পুরো আইডিয়া কিংবা সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরই কাজ শুরু হয় একজন ভিজ্যুয়ালাইজারের। একজন গ্রাফিক ডিজাইনার ও ভিজ্যুয়ালাইজারের মধ্যে মূল একটি পার্থক্য রয়েছে। গ্রাফিক ডিজাইনার নির্দেশনা অনুযায়ী কাজ করেন আর একজন ভিজ্যুয়ালাইজার নিজের আইডিয়া কাজে লাগিয়ে কাজটি করতে পারেন। যেকোনো আইডিয়াকে পূর্ণাঙ্গরূপে সুন্দর ডিজাইন তৈরির কাজটি করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় নিজের মেধাকে ব্যবহারের পূর্ণাঙ্গ সুযোগ থাকে একজন ভিজ্যুয়ালাইজারের। বর্তমানে নানা ধরনের প্রতিষ্ঠানেই রয়েছে ভিজ্যুয়ালাইজারের চাহিদা। প্রতিষ্ঠানের নানা কার্যক্রম ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, অনুষ্ঠান ব্যবস্থাপনা ও যাঁরা নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, তাঁদের কাজের ক্ষেত্রে ভিজ্যুয়ালাইজারের প্রয়োজন হয়। রাশেদ লতিফ বলেন, নানা জায়গায় কাজের ক্ষেত্র রয়েছে, যেখানে পছন্দ অনুযায়ী কাজ করা সম্ভব। পাশাপাশি নিজের ভালো লাগার পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে ডিজাইন নির্দেশনার সুযোগ রয়েছে, যা কাজের ক্ষেত্রে দেয় অপার স্বাধীনতা।