যে কাজের মূল্য নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীরা ঘরে যে কাজ করেন সেই কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি কবে হবে l ছবি: প্রথম আলো
নারীরা ঘরে যে কাজ করেন সেই কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি কবে হবে l ছবি: প্রথম আলো

কোন কাজটা ‘সহজ’, কোনটা ‘কঠিন’? ঘরে নারীরা যা করছেন, সেটা? না বাড়ির বাইরেরটা? পুরষের কাজটা বেশি কঠিন, না নারীর? এ প্রশ্নের জবাব আজ অবধি মেলেনি। একেকজন একেকভাবে বোঝেন।
দুটি কাজ দুই রকম। একটি করলে আয়-রোজগার নেই, অন্যটিতে আছে। এর প্রভাবটাও সমাজের ওপর দুই রকম। ‘সহজ’ কাজ করতে গিয়ে নারীরা আয়-রোজগার করতে পারেন, এমন কাজে যোগ দিতে পারছেন না। তাঁরা যখন কাজে যোগ দিচ্ছেন, তখন পরিবারগুলো বুঝতে পারছে আসলে নারীদের কাজগুলো ঠিক কতটা কঠিন ছিল। মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৫ তাই-ই বলছে।
এখন পর্যন্ত বেশির ভাগ পরিবারে খাবার তৈরি, বাড়িঘর পরিষ্কার রাখা, শিশুদের লালন-পালন, অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করা, বহুদূর থেকে জ্বালানি কাঠ আর পানি টেনে আনার কাজটা বিনে পয়সার ‘সহজ কাজ’। কঠিন কাজটা বাইরের এবং বিশেষত যে কাজটা পুরুষেরা করেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো প্রতিমা পাল মজুমদার মনে করেন, কোনটি কাজ কোনটি কাজ নয়, তা নির্ণয় হয় টাকা দিয়ে। কারণ অর্থ কথা বলে। যত দিন কাজ করে টাকা যাওয়া যাবে না, তত দিন কাজের মূল্য আছে, এমনটা শোনা যাবে স্লোগানে।
ব্যাখ্যা করতে গিয়ে প্রথম আলোকে প্রতিমা পাল মজুমদার নিজের জীবনের গল্প শোনালেন। বললেন, ‘আমার ছেলে অর্থনীতির ছাত্র। একদিন প্রশ্ন করল, “আচ্ছা, তোমার পিএইচডি আছে, তুমি গবেষক, এত বিষয়ে লিখেছ, তবু অনেক সিদ্ধান্তই বাবা নেয় কেন?” উত্তরে আমি বললাম, এটা তোমার বাবার স্বভাব। কিন্তু আসলে বিষয়টি হলো, আমি হয়তো সারা মাস খেটে যা উপার্জন করছি, ওর বাবা কখনো একটি কাজ থেকেই সে পরিমাণ আয় করছেন।’ তিনি আরও বলছিলেন, যাঁরা তৈরি পোশাকশিল্পের শ্রমিক, তাঁরা বেতন, ওভারটাইম—সবমিলে তাঁদের স্বামীদের চেয়ে বেশি রোজগার করেন। এই পরিবারগুলোয় স্বামীরা কিন্তু অনেক কাজ করে থাকেন।
অনেকে ভোগেন দোটানায়। সরকারি একটি হাসপাতালের চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলছিলেন, ‘আমি একজন চিকিৎসক, আমার বরও। একটা সময় ও বিদেশে কাজের সুযোগ পেল। কোথায় আনন্দে অস্থির হব আমি! আমার দুচোখ দিয়ে গঙ্গা-যমুনার ধারা বইতে শুরু করল। মা-বাবার এক মেয়ে আমি। তাঁরা বৃদ্ধ হয়েছেন। কিন্তু স্বামীকে ছাড়াই বা থাকি কী করে। এখন ছয় মাস এখানে, ছয় মাস ওখানে। স্বামীর একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাবার স্ট্রোক। কোথাও গিয়ে ঠিক স্বস্তি পাই না।’
একই হাল ঢাকার পান্থপথে গৃহকর্মীর কাজ করা সাজেদা বেগমের। স্বামী পরিত্যক্তা সাজেদা বলেন, ‘ছেলে আমার মায়ের কাছে থাকে ফেনীতেই। কে কারে দেখব। মা-ও বুড়া। চোখে দেখে না ঠিকমতো। ছেলেও ছোট। সমাজের দুই শ্রেণিতে থাকা দুজন নারীর সমস্যা একই।
বৈষম্য সব জায়গায়
বার্তা সংস্থা রয়টার্স ২৩ জানুয়ারি একটা প্রতিবেদন ছেপেছে। শিরোনাম ‘ডেভস ম্যান সিকস ডেভস উইমেন’। সুইজারল্যান্ডের ডেভসে এ বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে করপোরেট বিশ্বের ২ হাজার ৫০০ প্রতিনিধির মধ্যে নারীর হার ছিল ১৮ শতাংশ। ঠাট্টা করে লেখা হয়েছে, বাথরুমের সামনে, করিেডার—সব জায়গায় লাইন ধরে শুধু পুরুষ আর পুরুষ। কানাডার নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তো ধনপতিদের বলেছেন তাঁর মতো করে জেন্ডার সমতা আনতে। শ্রমের বিভিন্ন স্তরে কেবলই বৈষম্য।
মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৫-এর তথ্য হলো, যদি শ্রমের মান ধরা হয় ১০০, তাহলে পারিশ্রমিকের বিনিময়ে হয় ৫৯ শতাংশ কাজ। আর ৪১ শতাংশ কাজ করলে কোনো টাকাকড়ি মেলে না। বাড়ির বাইরের এই ৫৯ শতাংশ কাজে পুরুষের অংশগ্রহণ ৩৮ শতাংশ, নারীর ২১ শতাংশ। যে কাজ করে কোনো টাকাপয়সা রোজগার হয় না, তার তিন-চতুর্থাংশ করেন নারীরা।
বৈশ্বিক এই প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি মিলে যায় বাংলাদেশের ছবিটাও। লালমনিরহাট ও গাইবান্ধার নারী-পুরুষ গত ২৪ ঘণ্টায় কে কী কাজ করেছেন, তার ভিত্তিতে অ্যাকশনএইড ২০১৪ সালে একটি টাইম ডায়েরি প্রকাশ করে। দেখা যাচ্ছে, রান্নাবান্না, বাড়ির কাজ, বাচ্চা ও বয়স্ক ব্যক্তিদের দেখাশোনায় নারীরা ব্যয় করছেন ৫ দশমিক ৪৯ মিনিট আর পুরুষেরা ব্যয় করেছেন ১ ঘণ্টা। উৎপাদনশীল কাজের বেলায় নারীরা ব্যয় করেন দিনের ৫ দশমিক ২১ শতাংশ সময়, পুরুষেরা ৭ দশমিক ৯৯ শতাংশ। এমনকি নিজের যত্ন নেওয়ার বেলায়ও মেয়েরা পিছিয়ে। তাঁরা ১ দশমিক ৭৬ শতাংশ নিজেদের জন্য ব্যয় করছেন, পুরুষেরা করছেন ২ দশমিক ৬৬ শতাংশ।

সমস্যা আরও, সমাধান আছে
মেয়েরা যত বেরিয়ে আসছেন বাড়ির বাইরে, ‘সফট’ কাজগুলো যে আসলে কতটা ‘হার্ড’, কেউ কেউ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৫-তেও প্রতিবেদনটির প্রধান রচয়িতা সেলিম জাহান বলছেন, ‘নারীরা গৃহস্থালির কাজে, শিশু ও অন্যদের সেবা-যত্নে শ্রম দেন। কিন্তু শ্রম দিতে গিয়ে ছেড়ে যান নিজের সন্তান ও মা-বাবাকে। সেবার এই ঘাটতি পূরণে তাঁদের আবার অন্য আত্মীয়স্বজনের ওপর নির্ভর করতে হচ্ছে।’
আয়-রোজগার আছে, এমন কাজে আরও বেশি নারীদের আনতে হলে উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানগুলোতে স্বতঃপ্রণোদিত হয়ে নারী কর্মী নিয়োগ দিতে হবে, সুপেয় পানি ও জ্বালানির সরবরাহ বাড়াতে হবে এবং বৈতনিক প্রসূতি ছুটির ব্যবস্থা করতে পারলে বৈষম্য দূর হবে বলে মন্তব্য করা হচ্ছে প্রতিবেদনে।
প্রতিবেদন বলছে, অনেক জায়গাতেই লক্ষণীয় পরিবর্তন আসছে। মধ্যবিত্ত পরিবারগুলোয় নারী-পুরুষ এখন সেবামূলক কাজ সমানভাবে ভাগাভাগি করে নিচ্ছে।
অ্যাকশনএইড স্ট্রেনদেনিং উইমেনস কালেকটিভের জাতীয় সমন্বয়ক মো. হেলাল উদ্দিন বলেন, অ্যাকশনএইড নারীদের ওপর অবৈতনিক কাজের বোঝা কমিয়ে আয়-রোজগার হয় এমন কাজে যুক্ত হতে কিছু কাজ করেছে। দেখা গেছে, বাড়ির শিশুদের দেখাশোনার ভারটা যখন দিবাযত্ন কেন্দ্রে গ্রামেরই লোকজন করেন সম্মানীর বিনিময়ে, তখন মায়েরা স্বস্তি পান, অনেকের আয়েরও সংস্থান হয়।