যে কারণটি ব্যক্তিগত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিকভাবেই বিয়ে হয় তনুর (ছদ্মনাম)। স্বামী বেশ প্রতিষ্ঠিত। চাকরি করেন একটি বহুজাতিক কোম্পানির বড় পদে। বিয়েটি তনুর এক মামার মাধ্যমেই পাকাপাকি হয়। বিয়ের কথাবার্তার পর নিজেরাও পরস্পরের সঙ্গে কথা বলে নেন। দুজনের সম্মতিতে দুই পরিবার মিলে বিয়ের দিন-তারিখ ঠিক করে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বেশ উচ্ছ্বসিত তনু। ধুমধাম করে বিয়েও হয়। বিয়ের দু-এক দিন পরেই তনু বুঝতে পারেন তাঁর স্বামী শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম। প্রথম প্রথম বিষয়টি ততটা গুরুত্ব না দিলেও যতই দিন গড়ায় তনু বুঝতে পারেন তাঁর স্বামীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। এ ব্যাপারে তনু খোলাখুলি কথা বলতে চাইলেও তাঁর স্বামী বিষয়টি এড়িয়ে চলেন। কোনোভাবেই এ নিয়ে কোনো কথাই বলতে চান না। এভাবেই কয়েক মাস কেটে যায়। তনু স্বামীকে অনুরোধ করেন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। নিজেও তাঁর সঙ্গে যাবেন বলেও অনুরোধ করেন। প্রথম দিকে তনুর স্বামী রাজি না থাকলেও পরে অনেক জোরাজুরিতে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক জানান এ অবস্থা থেকে উন্নতির সম্ভাবনা তেমনটা নেই। চিকিৎসক আরও বলেন, তনু হয়তো মাও হতে পারবেন না কোনো দিন। তনুর স্বপ্নের আকাশটা যেন নিমেষেই মেঘে ঢেকে যায়। কিন্তু তনু মা-বাবা আর পরিবারের কথা চিন্তা করে বিষয়টি চেপে রাখেন। এদিকে এভাবেই প্রায় তিন বছর কেটে যায়। তনুও দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েন। এদিকে স্বামীও আগের মতো নেই। তাঁর আচার-আচরণেও পরিবর্তন এসেছে অনেক। কথায় কথায় তনুকে মারধর করেন, গালাগাল তো আছেই। বিষয়টি এখন শারীরিক ও মানসিক অত্যাচারের পর্যায়ে চলে গেছে। তনুর স্বপ্ন যেন সবদিক থেকেই ভেঙে যেতে থাকে। শেষমেশ উপায় না দেখে তনু তাঁর সবচেয়ে কাছের বান্ধবীকে সব খুলে বলেন। বান্ধবীটি তনুর মায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। কিন্তু তনু কী করবে তার আর সমাধান আসে না। অবশেষে তনু সিদ্ধান্ত নেন স্বামীকে তালাক দেবেন। তনুর মা প্রথমে রাজি না হলেও মেয়ের দিকে তাকিয়ে শেষমেশ রাজি হন। তনু পারিবারিকভাবেই সিদ্ধান্ত নেন তালাক দেওয়ার।

আইন কী বলে?

তনুর স্বামীর যে শারীরিক অক্ষমতা এ কারণে কী তালাক দেওয়া যায়? একটি মেয়ে চাইলেই কী এ কারণে তালাক দিতে পারেন? এর উত্তর হচ্ছে ‘হ্যাঁ’ পারেন। ১৯৩৯ সালের মুসলিম বিবাহবিচ্ছেদ আইনে এ বিষয়ে স্পষ্ট করে বলা আছে। এ আইন অনুযায়ী স্ত্রী যেসব কারণে আদালতে তালাক চাইতে পারেন, তার অন্যতম দুটি কারণের একটি হলো স্বামী বিয়ের পর থেকেই পুরুষত্বহীন হলে এবং এটি অব্যাহত থাকলে। অন্য কারণটি হলো স্বামী দুই বছর অপ্রকৃতিস্থ, কুষ্ঠরোগ বা মারাত্মক যৌনব্যাধিতে ভুগলে। অর্থাৎ এ দুটি কারণ দেখিয়ে একজন স্ত্রী তালাক দিতে পারেন। তবে মনে রাখতে হবে, বিয়ের কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া থাকলে স্ত্রী উপযুক্ত কারণ দেখিয়ে সরাসরি তালাক দিতে পারেন। যদি কাবিননামায় এই ÿক্ষমতা না দেওয়া থাকে তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটাতে হবে। যদি আদালতে স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেন, তাহলে আদালতে স্বামীও দরখাস্ত দিয়ে সময় চাইতে পারেন তাঁর চিকিৎসার জন্য। স্বামীর দরখাস্তের ভিত্তিতে আদালত আদেশ দিতে পারেন যে এই আদেশের তারিখ থেকে এক বছরের মধ্যে আদালতের কাছে সন্তোষজনকভাবে প্রমাণ করতে হবে যে তিনি পুরুষত্বহীনতা থেকে মুক্তিলাভ করেছেন। এ ক্ষেত্রে আদালত তালাকের ডিক্রি নাও দিতে পারেন।

অনেক সময় দেখা যায় স্বামীকে তালাক দেওয়ার সময় স্বামীর পুরুষত্বহীনতা কিংবা যৌনব্যাধির কথা উল্লেখ করতে চান না সামাজিক মানমর্যাদার কারণে। অনেকেই ভাবেন বিষয়টি জানাজানি হলে স্ত্রী নিজে এবং স্বামীটিও সামাজিকভাবে হেয় হবেন। তাই অন্য কারণ দেখিয়ে তালাকনামা সম্পন্ন করে থাকেন। তবে এ ধরনের সমস্যা নিয়ে স্বামী-স্ত্রী নিজেরা খোলাখুলি আলোচনা করে সমাধানের পথ খুঁজে নেওয়াই ভালো।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট