যে কারণে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মার্চ এক সংবাদ সম্মেলন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ দলের ডাকা আন্দোলনের ৫৩ দিনের মাথায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যৌক্তিক পরিণতি’ পর্যন্ত আন্দোলন চলবে। এর বাইরে নতুন কিছুই বলেননি বিরোধীদলীয় নেতা। তাহলে সংবাদ সম্মেলনের মানে কী? আর ‘যৌক্তিক পরিণতি’ বলতেই–বা কী বুঝিয়েছেন তিনি? জাতির বিবেককে খুঁজে পাওয়া যায়নি বলে, ফেসবুকের মাধ্যমে সাধারণ জনগণের কাছে গিয়েছিলাম আমরা। পড়ুন তাঁদের মন্তব্য।

:বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে সাকিব আল হাসান কেন শেষ ওভারটা রুবেলকে করতে দিলেন না, এ নিয়ে বিরোধীদলীয় নেতা নিন্দা জানিয়ে এর শেষ পরিণতি মানে যৌক্তিক পরিণতি দেখতে চেয়েছেন।
শেখ রুদ্র, বনানী, বগুড়া

:ক্রিকেটাররা যেমন হাফ সেঞ্চুরি করলে দর্শকের উদ্দেশে ব্যাট তুলে ধরেন, ঠিক তেমনি অবরোধের হাফ সেঞ্চুরি পার হওয়ায় খালেদা জিয়া দেশবাসীর সামনে নিজেকে তুলে ধরলেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে।
আলামিন সরকার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী

:খালেদা জিয়া হয়তো এমনটাই ভেবেছেন—আমার হরতাল-অবরোধের কোনো মূল্যই নেই জনগণের কাছে, অবাধে গাড়ি চলছে। আমারও কেমন যেন এ কারণে একা একা ভালো লাগছে না। তাই ভাবলাম, সাংবাদিকদের সঙ্গে কিছু কথাবার্তা বলি। এই সুযোগে জনগণও জানবে আমি কিংবা আমার দলের নেতা–কর্মী মাঠে না থাকলেও কার্যালয়ে অন্তত বসে আছি, এই আর কি!
মফিজুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা

:আওয়ামী লীগ সরকার ও বিএনপি সরকারের পর নতুন এক সরকার এসেছে, নাম তার সৌম্য সরকার। বাংলাদেশের মানুষ তো এখন এই ‘সরকারের’ দিকেই তাকিয়ে আছে! বাংলাদেশের জনগণ যত দিন সৌম্য সরকারে সম্পূর্ণ মোহাবিষ্ট না হবে, তত দিন এই আন্দোলন যৌক্তিক থাকবে!
মো. শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

:যৌক্তিক পরিণতি বলতে তিনি বোঝাতে চেয়েছেন, যত দিন পর্যন্ত মানুষের মন থেকে হরতালভীতি সম্পূর্ণভাবে বিলুপ্ত না হচ্ছে, তত দিন পর্যন্ত হরতাল চলবে।
লুৎফর রহমান, আদালতপাড়া, টাঙ্গাইল

:যে পরিণতি বীজগণিতের সাহায্যে ব্যাখ্যা করা যায়, তাকে যৌক্তিক পরিণতি বলে।
মো. ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও

:যৌক্তিক পরিণতি বলতে আসলে সেশনজটমুক্ত শিক্ষাব্যবস্থার কথা বুঝিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত দিন সেশনজটমুক্ত না হবেন, তত দিন আন্দোলন চলবে। যেদিন অনার্স কোর্স জটহীনভাবে দশম বছরে পদার্পণ করবে, সেদিনই আন্দোলন থামবে।
হাসান, দনিয়া, ঢাকা

:বিএনপির মতে যৌক্তিক পরিণতি শব্দের অর্থ ‘ঈদের পর’। সংবাদ সম্মেলনের মূল কারণ হলো, অনেক দিন ধরে খালেদা জিয়া নিজেকে টিভিতে দেখেননি, এত দিন ‘কার্যত অবরুদ্ধ’ থাকার পর টিভিতে নিজেকে কেমন দেখাচ্ছে, তা দেখার জন্যই এই সংবাদ সম্মেলন।
রাজু আহমেদ, দিনাজপুর

:যৌক্তিক পরিণতি বলতে জনগণ যেদিন হরতাল–অবরোধের প্রতিবাদে ঝাড়ুমিছিলের ডাক দেবে, সেদিন পর্যন্ত হরতাল চলবে।
রবিন বসুনিয়া, আদিতমারী, লালমনিরহাট

:অনেক দিন ধরে অবরুদ্ধ থাকার কারণে কথা বলার কোনো লোক পাননি। তাই সাংবাদিকদের ডেকে মনটা একটু চাঙা করেছেন আর কি।
বিকাশ সাহা, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল

:খালেদা জিয়া আন্দোলনে গেছেন শীতের সময়, যেন নেতা–কর্মীদের গরম রাখা যায়! শীত শেষ হয়েছে এমনটা মনে হলেই হয়তো আন্দোলনের যৌক্তিক পরিণতি দেখা দেবে!
শাহীন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম