যে কারণে গুরুত্বপূর্ণ মিসর
মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গণবিক্ষোভ সফল হলে, অর্থাৎ তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলে মধ্যপ্রাচ্য তথা গোটা আরব বিশ্বের জন্য তা বিশেষ গুরুত্ব বহন করবে। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের স্থিতিশীলতার ওপর বিশ্বশান্তি ও স্থিতিশীলতা পরোক্ষভাবে হলেও গভীরভাবে নির্ভরশীল বলে পর্যবেক্ষকেরা যুগপৎ বিশেষ আগ্রহ ও উদ্বেগের সঙ্গে নজর রাখছেন মিসরের ঘটনাপ্রবাহের দিকে।আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসর। যুক্তরাষ্ট্র তথা পাশ্চাত্যের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যের শান্তি-প্রক্রিয়ায় দেশটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আঞ্চলিক রাজনীতিতেও মিসরের প্রভাব ব্যাপক। এ ছাড়া ঐতিহ্যগতভাবে মিসরীয় সংহতি ও একাত্মতা উল্লেখ করার মতো। সেই দেশটি ভেঙে পড়ার বিষয়টি অনেকের কাছেই অচিন্তনীয়। এর জোরেই এত অনিশ্চয়তা সত্ত্বেও সেই মিসর রাষ্ট্র এবং এর মৌলিক কাঠামো হয়তো টিকে থাকবে, তা প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতায় থাকুন আর না-ই থাকুন।এখন প্রশ্ন হচ্ছে, প্রবল এই গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মোবারকের পতন হলে সেই শূন্যতা পূরণ করবে কে? শক্তিশালী সেনাবাহিনী কি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করতে পারে? সে ক্ষেত্রে প্রশ্ন হলো, সেনাবাহিনীর হস্তক্ষেপ কি বিক্ষোভকারীরা মেনে নেবে? নাকি মিসরের জনগণ তিউনিসিয়ার বিক্ষোভকারীদের মতো আমূল পরিবর্তনের দাবিতে চাপ অব্যাহত রাখবে?আরেকটি বিষয় হলো, দেশটির অন্যতম প্রভাবশালী বিরোধী দল গোঁড়া ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডের অবস্থান। এত দিন মোবারক শাসনে কোণঠাসা মুসলিম ব্রাদারহুড কি এই গণবিক্ষোভের মাধ্যমে পাকেচক্রে ক্ষমতায় চলে আসতে পারে? পাশ্চাত্যের সবচেয়ে বড় উদ্বেগ এই দলটিকে নিয়েই। তবে পর্যবেক্ষকদের মতে, এখন পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে উঠে আসার সম্ভাবনা খুবই কম। চলমান গণবিক্ষোভে দলটির ভূমিকা নগণ্য। তারা শুধু বিক্ষোভে আর দশজনের মতোই যোগ দিয়েছে। তবে পরিস্থিতি যেহেতু খুবই অস্থিতিশীল, সেহেতু গোলমাল বেশি দিন চলতে থাকলে জাতীয়তাবাদী বা ইসলামপন্থী, সামরিক বা বেসামরিক যেকোনো নতুন নেতার উত্থান হতে পারে।হোসনি মোবারকের পতন হলে আরব বিশ্বের প্রতিটি দেশের নেতা ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুর ওপর এর প্রভাব পড়তে পারে। আর এই প্রভাব হতে পারে এ রকম:আরব স্বৈরশাসকদের প্রতি এটি হবে এক বিশেষ বার্তা। এই বার্তা হবে তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর পতনের চেয়ে অনেক বেশি নাটকীয়।মোবারকের পতন আরব বিশ্বের দেশে দেশে একনায়কদের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উদ্বুদ্ধ ও শক্তিশালী করবে। আর এর মধ্য দিয়ে আরব বিশ্ব ‘জনগণের ক্ষমতার’ নতুন যুগে প্রবেশ করেছে—এ ধারণা পোক্ত হবে।এ ঘটনা মধ্যপ্রাচ্যের ইতিমধ্যে দুর্বল শান্তি-প্রক্রিয়াকে আরও দুর্বল করবে। ১৯৭০-এর দশকে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করা প্রথম আরব দেশ ছিল মিসর। তাই এই দেশটিতে ক্ষমতার পরিবর্তন ইসরায়েলি নেতাদের প্রতি বিশেষ সতর্কতা সংকেতই হবে। এতে সাধারণ ইসরায়েলিরাও উদ্বেগে পড়বে।মিসরের ক্ষমতা পরিবর্তন বিশ্ব ও আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলবে, বিশেষ করে যদি তেলের দাম বাড়ে।সর্বোপরি, মিসরে ক্ষমতার পরিবর্তন পশ্চিমা নীতি নির্ধারকদের উভয় সংকটে ফেলতে পারে। তাঁরা দীর্ঘদিন ধরে আরব বিশ্বে ধীরে ধীরে রাজনৈতিক সংস্কার আনার ওপর প্রাধান্য দিয়ে আসছিলেন। কারণ, তাঁরা ভয় পাচ্ছিলেন যে বিকল্প যে নেতৃত্ব আসবে, তাঁরা হয়তো স্থিতিশীলতা রক্ষা বা উগ্রবাদ ঠেকাতে সফল হবেন না।আরব বিশ্বের নেতা ও সাধারণ মানুষের চোখ এখন সমানভাবে নিবদ্ধ টিভি, কম্পিউটার আর মোবাইল ফোনের পর্দায়। টিয়ারগ্যাস আর ধোঁয়ার অন্তরাল থেকে মিসরের (সম্ভাব্য) নতুন নেতার মুখটি স্পষ্ট হতে তাদের সবার অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই।