যে কারণে জোট ছাড়লেন মমতা
কেন্দ্রীয় সরকারকে মাত্র ৭২ ঘণ্টার চরমপত্র দিয়ে কেন সমর্থন প্রত্যাহার করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—সে প্রশ্নের কোনো সোজাসাপ্টা জবাব হয়তো নেই। এ নিয়ে কলকাতার রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে নানা মত রয়েছে। রয়েছে নানা যুক্তিও। বলতে গেলে মাত্র দুটি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এক, জ্বালানি তেল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং দুই, ভারতের খুচরা পণ্যের (রিটেল) ব্যবসাতে বিদেশি পুঁজি বিনিয়োগের অনুমোদন। মুখ ফুটে নেতাদের কেউ তেমন করে না বললেও সংবাদপত্রের ভাষ্যকারদের কেউ কেউ বলেই ফেলেছেন, নিজের সরকারের ব্যর্থতা ঢাকতেই জনসমর্থন টানতে এ কাজ করেছেন মমতা।ক্ষমতায় আসার পর গত এক বছরে কৃষি সরঞ্জামের মূল্যবৃদ্ধি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকের আত্মহত্যা, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ নানা কারণে সমালোচনার মুখে পড়ে তৃণমূল। বিশেষ করে, গ্রামীণ প্রকল্পগুলো বাস্তবায়নে রাজ্য সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দলের নেতা-কর্মীরা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। অভিযোগ উঠেছে দুর্নীতিরও। সর্বোপরি রাজ্যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসায় তা নিয়েও ভাবতে হচ্ছে মমতাকে।মমতার ঘনিষ্ঠ নেতারা বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের শক্তিশালী অবস্থান রয়েছে—এমন এলাকায় নিজের ভোট বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছেন মমতা। এর পক্ষে যুক্তি হলো, ডিজেলের মূল্যবৃদ্ধি, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি ও রান্নার গ্যাসে ভর্তুকি কমানোর ব্যাপারে ইউপিএ সরকারের সিদ্ধান্তে জনগণ ক্ষুব্ধ। সরকারবিরোধী এ মনোভাবই কাজে লাগাতে চান মমতা। এ জন্যই এই সময়টি বেছে নিয়েছেন ইউপিএ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। নিজের দলের ব্যর্থতা ঢাকার ব্যাপারটি তো আছেই।কেউ কেউ বলছেন, মমতার চোখে এখন অনেক বড় স্বপ্ন। সে স্বপ্ন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার। মমতা জানেন, আজকের ভারতে কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়া প্রায় অসম্ভব। কংগ্রেস বা বিজেপিকে সরকার গড়তে হলে আঞ্চলিক ছোট ও মাঝারি দলের সমর্থন নিয়েই এগোতে হবে। এমনকি আঞ্চলিক দলগুলো তাদের আসন অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে ফেলতে পারলে তারাই চালকের আসনে বসে যেতে পারে।মমতার আশা, পশ্চিমবঙ্গের এখন যে রাজনৈতিক হাল, তাতে পরবর্তী লোকসভা নির্বাচনে রাজ্যটির ৪২টি আসনের মধ্যে ৪১টিই পাবে তাঁর দল। ছুটবে শুধু দার্জিলিংয়ের একটি আসন। মমতা ও তাঁর সহযোগীদের ধারণা, একই চিত্র ফুটে উঠতে পারে উত্তর প্রদেশেও। লোকসংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে রয়েছে লোকসভার ৮০টি আসন। এখন ওই রাজ্যের শাসনক্ষমতায় সমাজবাদী পার্টি। লোকসভায় তাদের আসনসংখ্যা ২২। ঘনিষ্ঠজনদের মতে, মমতার ধারণা, উত্তর প্রদেশেও আগামী লোকসভা নির্বাচনে বিরাট সাফল্য আসতে পারে সমাজবাদী পার্টির। তৃণমূল ও সমাজবাদী পার্টি মিলে যদি ১০০ আসন পেয়ে যায়, তবে তারা লোকসভায় সরকার গঠনের নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। তখন কংগ্রেস বা বিজেপির মতো শক্তিরও সরকার গঠন কঠিন হয়ে দাঁড়াবে। সে ক্ষেত্রে তৃণমূল ও সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন কোনো তৃতীয় জোট সরকার গঠনের সুযোগ পেয়ে যেতে পারে। কাগজ-কলমের হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন প্রধানমন্ত্রী হওয়াও সম্ভব হতে পারে। এই অঙ্ক মাথায় নিয়েই নাকি এগোচ্ছেন মমতা। ধারণা করা হচ্ছে, মমতার এই স্বপ্নকে উসকে দিয়েছে দুটি ঘটনা। এক, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির একটি মন্তব্য। তিনি আগামী লোকসভা নির্বাচন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেছেন, ‘আগামী লোকসভা নির্বাচনে এমন পরিস্থিতি হতে পারে, যেখানে কংগ্রেস বা বিজেপির বাইরের কেউ প্রধানমন্ত্রী হবেন।’ আর দ্বিতীয় ঘটনা, সংবাদমাধ্যমের একাধিক জনমত সমীক্ষা। তাতেও ইঙ্গিত মিলছে ইউপিএ জোটের ভবিষ্যৎ অন্ধকার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, মমতার নয়াদিল্লির মসনদে বসার স্বপ্ন এত সহজে পূরণ হওয়ার নয়। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব মমতাকে জায়গা ছেড়ে দেবেন তার নিশ্চয়তা কী? মুলায়মও তো ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন।আবার মমতা যতই বলুন না কেন পশ্চিমবঙ্গ থেকে বাম দল এখনো ‘ধুয়েমুছে’ যায়নি। বিভিন্ন সমীক্ষা বলছে, লোকসভায় ১২ থেকে ১৫টি আসন পেতে পারে বামরাও।তাই মমতা আগামী নির্বাচনেই ভারতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও সেই পথ যে খুবই বন্ধুর হবে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। কারও কারও মতে, মমতার ব্যক্তিগত ভাবমূর্তিও এ জন্য একটা বাধা। অমর সাহা, কলকাতা