
গেল সোমবার সকালের দিকে একটা দামি ক্যাফেতে ঢুকেছি; এসব জায়গায় যাওয়া আমার মতো বেকারের কাছে বিলাসিতাই, তবে সেদিন খানিকটা দায়ে পড়েই গিয়েছি সেখানে। একটা চাকরির উমেদারিতে দেখা করার কথা ছিল এক কর্তাব্যক্তির সঙ্গে। জ্যামের আশঙ্কায় আর অতি উৎসাহে পৌঁছে গেছি সময়ের ঢের আগেই। চাচা আমার স্বভাব জানেন, তাই বারবার বলে দিয়েছিলেন, বেশি আগে গিয়ে তাঁর অফিসে যেন হানা না দিই। যোগাযোগটা চাচাই করিয়ে দিয়েছিলেন কিনা! তা কী করি, ওখানে আশপাশে খানিকক্ষণ সময় কাটানোর জন্য ওই ক্যাফে ছাড়া আর গতি নেই। অগত্যা বিরিয়ানির চেয়ে বেশি দাম দিয়ে এক কাপ কফি কিনে কোনার দিকের একটা টেবিলে গিয়ে বসলাম আয়েশ করে। বসে চারপাশটা জরিপ করছি, এসির ঠান্ডায় মনটা বেশ চনমনে লাগতে শুরু করেছে। পয়সা নষ্টের ক্ষোভটাও মোলায়েম হয়ে আসছে তার সঙ্গে। এমন সময় পাশের টেবিলে মাঝবয়সী দুই মহিলাকে দেখে বেশ আগ্রহ বোধ করলাম, মানে ঠিক দেখে নয়, তাঁদের আলাপচারিতা শুনে।
‘বুঝলেন, আমাদের কাজের বুয়ার ভাইয়ের ছেলেকে কুকুরে কামড়েছে; সেই নিয়ে বাসায় একেবারে হুলুস্থুল!’ বেশ দাপুটে চেহারার একজন মহিলা তাঁর উল্টো দিকে বসা ছোটখাটো সঙ্গিনীকে উদ্দেশ করে বলছেন।
‘সেকি! বুয়ার ভাইয়ের ছেলের কারণে আপনার বাড়িতে হুলুস্থুল?’ অন্যজন বিস্ময় চেপে রাখতে পারেন না।
‘হবে না? বুয়া তো ফোনে খবরটা শুনেই দেশে দৌড় দিল। তো আমার বাড়িতে হুলুস্থুল হবে না?’ সামনের প্লেটে রাখা ফ্রায়েড চিকেনের ঠ্যাঙে কামড় বসাতে বসাতে জানান দেন মহিলা। অতঃপর সঙ্গিনীর মুখ সমবেদনায় কাঁচুমাচু।
‘এর মধ্যে আবার মামির ভাই আসছেন লন্ডন থেকে, বুঝুন অবস্থা!’
‘ওহ্, কাজের বুয়া না থাকলে বাড়িতে মেহমান এলে তো খুবই মুশকিল।’ উল্টো দিকের মহিলা মিইয়ে যাওয়া ফ্রেঞ্চ ফ্রাই নাড়াচাড়া করতে করতে বান্ধবীর সমস্যায় মুষড়ে পড়েন।
‘আরে, না না! আমার বাসায় নয়, মেহমান তো কুমিল্লায় মেজো মামার বাসায় আসছেন। আমাকে অত দূরে আবার দেখা করতে যেতে হবে না? সেটাই তো মুশকিল।’ সম্ভবত সমস্যার গুরুত্ব বোঝাতেই বার্গারে একটা বড় কামড় বসান তিনি।
‘তার মধ্যে পরশু বাথরুমে পড়ে গিয়ে গোড়ালি মচকে সে এক কাণ্ড! ডাক্তার বলেছেন, এক সপ্তাহ বেডরেস্ট। না হলে নাকি পায়ের গোলমাল হতে পারে।’
‘ও মা, তা-ই নিয়ে আপনি আবার চলাফেরা করছেন?’ সঙ্গের মহিলা আঁতকে উঠে ঝুঁকে পা দেখতে যান।
‘ধেৎ, আমার পা দেখেন কেন! গোড়ালি তো আমার শাশুড়ির মচকেছে।’ ধাতানি খেয়ে সঙ্গিনীর মুখ আঁধার, প্লেটের কোনায় রাখা অবহেলিত কাটা শসার মতোই।
‘এদিকে গরমটা যা পড়েছে, এসি ছাড়া এক মিনিটও থাকার উপায় নেই। বেডরুমের মেশিনটা বিগড়ানোর আর সময় পেল না! বাপের বাড়ির বুঝলেন না? আমাকেই তো সব খেয়াল রাখতে হয়!’ দয়া করে নিজেই এবারের বিষয়টা খোলসা করলেন কোল্ড কফিতে লম্বা চুমুক দিতে দিতে, ‘সকাল থেকে গলাটা কেমন ব্যথা ব্যথা করছে, কথা বলতেও কষ্ট, নতুন করে ডাক্তার-বদ্যি করতে ভাল্লাগে না আর!’
‘কার গলায় ব্যথা?’ সঙ্গের মহিলাটি এবার সাবধানী গলায় জানতে চান।
‘কার আবার, আমার! গলা শুনে বুঝছেন না, কথা বলতে কষ্ট হচ্ছে?’ রীতিমতো হুংকার ছাড়েন দাপুটে মহিলা সালাদের প্লেট দূরে ঠেলে দিতে দিতে।
‘গলাকে একটু বিশ্রাম দিন, ঠিক হয়ে যাবে।’ স্পিনিংয়ের কায়দায় পাশ থেকে কথাটা ছুড়ে দিয়ে আর বসে থাকতে ভরসা হয় না; তাড়াতাড়ি দরজার দিকে এগোই আমি।