
ভিনগ্রহবাসীর স্পেসশিপটা পৃথিবীর বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তর পার হয়ে মেসোস্ফিয়ারে প্রবেশ করল। স্পেসশিপের ক্যাপ্টেন জাহুই যা বললেন, তার বঙ্গানুবাদ দাঁড়ায়, ‘প্রিয় স্যাঙাতেরা, আমরা পৃথিবী নামক গ্রহের বায়ুমণ্ডলের কয়েকটা স্তর পার করে ফেলেছি, সামনে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর শুধু ট্রপোস্ফিয়ার। সেখানে গেলে তাপমাত্রা কমে যাবে এবং তার ফলে আমরা আরও শক্তি সঞ্চয় করতে পারব! এবং এই বাড়তি শক্তিসহ আমরা পৃথিবী দখলের অ্যাকশনে নেমে যাব। সবাই তৈরি হয়ে নাও!’
ক্যাপ্টেন জাহুইয়ের কথায় এলিয়েন সৈন্যরা মুখ দিয়ে একপ্রকার হ্যাচ্চো–টাইপ চিৎকার দিয়ে উঠল! সাদা মেঘের স্তর পেরিয়ে স্পেসশিপটা পৌঁছে গেল পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি। পৃথিবীতে তখন রাত, পরিবেশ ছমছমে, অন্ধকার চারপাশ। তার মাঝেই স্পেসশিপ থেকে দেখা গেল একটা বৃত্তাকার জায়গা সাদাটে আলোয় ভেসে যাচ্ছে। ক্যাপ্টেন জাহুই তথ্যদাতাকে জিজ্ঞেস করলেন, ‘হনুলা, ওই জায়গাটা এত ঝলমল করছে কেন? আর এত লোকই বা কেন? হচ্ছেটা কী ওখানে?’ হনুলা কয়েকটা বোতাম চেপেচুপে, স্ক্রিনের হাবিজাবি লেখাগুলোর দিকে কয়েক মিলি সেকেন্ড তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, ‘যেটুকু তথ্য পেলাম, তা থেকে জানাচ্ছি যে ওই জায়গাটার নাম মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ওখানে এই গ্রহের দুটি দেশ—বাংলাদেশ ও পাকিস্তানের মধ্য ক্রিকেট নামক জনপ্রিয় এক খেলা চলছে। হাজার হাজার মানুষ সেটা উপভোগও করছে।’
ক্যাপ্টেন জাহুই হিসহিসে গলায় বলে উঠলেন, ‘আগেই শুনেছিলাম, পৃথিবীর মানুষ গ্যালাক্সির সবচেয়ে বেকুব প্রাণী। আজাইরা কাজে এদের জুড়ি মেলা ভার। এত মানুষ কাজ–কাম বাদ দিয়ে এসব করছে! আজাইরা প্রাণী আর কাকে বলে! তবে এর পজেটিভ দিক হলো আমরা যদি এখনি এখানে আক্রমণ করি, তবে নির্ঘাত পৃথিবীবাসীকে ভড়কে দিতে পারব। একসঙ্গে এত মানুষ পেয়েছি যখন, সুযোগটা কাজে লাগাতেই হবে। স্পেসশিপটা স্টেডিয়ামের ওপর নিয়ে যাও। আর প্রিয় স্যাঙাতেরা, তোমরা প্রস্তুত থাকো!’
ক্যাপ্টেন জাহুইয়ের কথায় এলিয়েন সৈন্যরা মুখ দিয়ে একপ্রকার হ্যাচ্চো–টাইপ চিৎকার দিয়ে উঠল! স্পেসশিপ নিয়ে যাওয়া হলো স্টেডিয়ামের ওপরে। ভিনগ্রহের সৈন্যরা দুর্ধর্ষ সব অস্ত্রে সজ্জিত হতে লাগল তুমুল উত্তেজনার সঙ্গে। আক্রমণের জন্য তারা প্রস্তুত। তাদের কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী পৃথিবীবাসী খুবই দুর্বল প্রাণী। প্রতিরোধ করার মতো কোনো শক্তিই তাদের নেই! অতএব, পপকর্ন খেতে খেতে তারা পৃথিবী দখল করে ফেলতে পারবে।
আক্রমণে যাওয়ার আগে ক্যাপ্টেন জাহুই তঁার সৈন্যদের বললেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই আমরা আক্রমণ করব। এবং হেসেখেলে পৃথিবী দখল করে নেব! তবে এই ক্রিকেট খেলাটা দেখতে বেশ ভালোই লাগছে! আক্রমণের আগে একটু দেখে নেওয়া যাক। কী বলো সবাই?’
ক্যাপ্টেন জাহুইয়ের কথায় এলিয়েন সৈন্যরা মুখ দিয়ে একপ্রকার হ্যাচ্চো–টাইপ চিৎকার দিয়ে উঠল! ক্যাপ্টেনের কথা শিরোধার্য, তা ছাড়া ক্রিকেট খেলাটা তাদেরও বেশ লাগছিল। তাই সবাই স্পেসশিপ থেকে উপুড় হয়ে খেলা দেখতে শুরু করল। পাকিস্তানি বোলারদের বেধড়ক পেটাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। মেরেকেটে চুরমার যাকে বলে! ক্যাপ্টেন জাহুইয়ের কপালে চিন্তার ভাঁজ! বিড়বিড় করে বললেন, ‘যে প্রাণীরা এত পেটাতে পারে, তারা তো নিরীহ কেউ নয়! এদের আক্রমণ করার আগে আরেকটু ভেবে দেখা উচিত!’ বলেই তিনি ঘুরে তাকালেন তথ্যদাতা হনুলার দিকে, চিন্তিত ভঙ্গিতে বললেন, ‘তথ্যদাতা হনুলা।’
: জি বলুন, ক্যাপ্টেন জাহুই।
: এভাবে যে নির্মমভাবে পেটাচ্ছে, তার নাম কী?
: তামিম ইকবাল, ক্যাপ্টেন!
‘ও আচ্ছা!’ বলে আবার খেলায় মনোযোগ দিলেন জাহুই। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলেন, ‘আর ওই মানুষটার নাম কী?’
: মুশফিকুর রহিম, ক্যাপ্টেন!
আরেকটু পর জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, ‘আর এই মানুষটা?’
: ক্যাপ্টেন, তার নাম সৌম্য সরকার!
: এত মারছে কেন এরা? দৃশ্যটা ভয়ংকর!
: ক্যাপ্টেন, এরা ছাড়াও মাঠের বাইরে এমন মারকুটে হোমোসেপিয়েন্স আরও আছে এই দলে!
: বলো কী, হনুলা! এ তো ভয়ংকর তথ্য!
: ভয়ংকর এবং ব্যাপারটা আমাদের জন্য অতি খারাপ!
: এমন ভয়ংকর পৃথিবীবাসীকে আক্রমণ করা মনে হয় ঠিক হবে না! এমন ভয়ানক ধোলাই দেখে আমি যেটা ভাবছি, তুমিও কি তা–ই ভাবছ, হনুলা?
: জি, ক্যাপ্টেন জাহুই!
ক্যাপ্টেন জাহুই মুখে একটা গভীর চিন্তার ইমো এঁকে সৈন্যদের দিকে মুখ ফিরিয়ে বললেন, ‘প্রিয় স্যাঙাতেরা, আমরা জানতাম, এই গ্রহের মানুষ খুব পলকা, টোকা দিলেই ভেঙেচুরে শেষ হয়ে যাবে। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, তাতে এদের আক্রমণ করার মতো সাহস আর নেই আমাদের! চলো, আমরা এখান থেকে ফিরে গিয়ে গ্যালাক্সির অন্য কোনো গ্রহ দখলের চেষ্টা করি। তোমাদের মত কী?’
ক্যাপ্টেন জাহুইয়ের কথায় এলিয়েন সৈন্যরা মুখ দিয়ে একপ্রকার হ্যাচ্চো–টাইপ চিৎকার দিয়ে উঠল! অতঃপর বাংলাদেশের ব্যাটসম্যানদের পিটুনি দেখে ভয় পেয়ে এলিয়েনরা পৃথিবী আক্রমণ না করেই লেজ গুটিয়ে মহাশূন্যে হাওয়া হয়ে গেল!