যে কারণে তারা যৌন নিপীড়ক

কেবল টিভি নেটওয়ার্কের কল্যাণে হয়তো অনেকের চোখে পড়ে থাকবে বিজ্ঞাপনটি। মাধুরী দীক্ষিত বলছেন, ‘বাচপান সে হি শিখাতে হ্যায় কি লাড়কে রো তে নেহি, শায়েদ বেহতার হোগা আগার হাম শিখায়ে লাড়কে রোলাতে নেহি।’ এর অর্থ, ‘ছোটবেলা থেকে শেখানো হয় ছেলেদের কাঁদতে নেই, বরং ভালো হতো আমরা যদি ছেলেদের শেখাতে পারতাম কাউকে কাঁদাতে নেই।’
মনোরোগ চিকিৎসক, সমাজ ও জেন্ডার বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের চিত্র ভারতের চেয়ে খুব একটা আলাদা নয়। বাংলাদেশের পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ছোটবেলা থেকে ছেলেশিশুদের মনে বিশ্বাস গেঁথে দেয়, তারা শক্তিমত্তায় মেয়েদের চেয়ে শ্রেষ্ঠতর এবং নিরাপদ। কিন্তু কোনো ছেলে যেন মেয়েদের নিরাপত্তাহীনতার কারণ না হয়, সে বিষয়ে পরিবার কোনো শিক্ষা দেয় না।
কয়েক মাস ধরে শিশু ও নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বারবার। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে বছরের প্রথম ছয় মাসে ৩৭৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার হয়েছে শতাধিক নারী-শিশু, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৯ জনকে। নানা প্রক্রিয়ায় যৌন হয়রানির শিকার হয়েছে কত, তার কোনো হিসাব নেই।
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় যে বিষয়টি বেরিয়ে এসেছে, তা হলো যেসব পরিবারে ছেলেশিশু ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়। যারা দেখে পরিবারের মেয়েশিশুটি নিপীড়নের শিকার হওয়ার পর বাড়ির বড়রা তাদের চুপ করে থাকতে বলছে, তারাও নিপীড়ক হয়ে উঠতে পারে। নিপীড়নের পর নারীকে দায়ী করতে পারে। অনেক পরিবারে নিপীড়িত নারীর চালচলন, পোশাক-আশাক নিয়ে তির্যক আলোচনা হয়। ছেলেদের অপরাধকে ছোট করে দেখা হয়। এর প্রভাব পড়ে শিশুর ওপর। আর এর প্রকাশ ঘটতে শুরু করে কৈশোরে। তারা যৌন নিপীড়নকে অপরাধ বলে মনে করে না।
শিশুর মনোজগতে বাবা বা বড় ভাই বা অভিভাবক পুরুষটির বৈশিষ্ট্য পড়ে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম বলেন, যে পরিবারে বাবা তাঁর সিদ্ধান্ত পরিবারের অন্যদের ওপর চাপিয়ে দেন, পরিবারের নারী সদস্যদের হেয় করেন বা নির্যাতন করেন কিংবা অনৈতিক সম্পর্কে জড়ান, সে পরিবারের শিশুটি বড় হয়ে বাবার পথ ধরতে পারে।
পরিবারের পাশাপাশি সমাজের একটা ভূমিকা আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। পরিবার থেকে পিতৃতান্ত্রিকতার প্রচণ্ড প্রভাব দেখে যারা অভ্যস্ত, তারা বাড়ির বাইরে একই রকম সঙ্গী খুঁজে নেয়। অনেক সময় দেখা যায়, এরা একসঙ্গে মাদক গ্রহণ করছে, মুঠোফোনে একই সঙ্গে পর্নোগ্রাফি দেখছে। এদের মধ্যে গণধর্ষণের প্রবৃত্তি বেশি। এরা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়।
প্রতিবেদনটি তৈরির প্রয়োজনে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা হয়। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা যদি শালীনভাবে চলে, তাহলে আর এমন হয় না। সমাজের সব মানুষ তো এক নয়। অনেকেই আকৃষ্ট হতে পারে এবং অঘটন ঘটাতে পারে।’ অনেকটা একই ধরনের বক্তব্য পাওয়া গেছে রামপুরার সিএনজিচালক খোরশেদ আলমগীরের কাছ থেকেও। তিনি বলেন, ‘মেয়েদের চলাফেরায় চেঞ্জ আসছে। তারা আর আগের মতো চলে না। আর আরেকটা কারণ হলো, যারা অন্যায় করতেছে, তারা সব সময় পাওয়ারফুল। এদের কিছু হয় না।’
সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরীন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বেশির ভাগ পুরুষ যৌন নিপীড়ন করেন না। কিন্তু অনেকেই করেন এবং একটি বড় অংশ চুপ করে থাকেন। নারীরা নিপীড়নের শিকার হবেন এবং চুপ করে থাকবেন—এ ধারণা সমাজে প্রতিষ্ঠা পেয়ে গেছে।
নারীদের এগিয়ে যাওয়ায় ক্ষিপ্ত কিছু পুরুষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সৈয়দ শাইখ ইমতিয়াজ বলেন, বাংলাদেশে শিক্ষা-দীক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু পুরুষদের নারীর এই অগ্রগতি সহ্য করতে প্রস্তুত করা হয়নি। তারা মনে করছে, নারীর ক্ষমতায়ন মানে পুরুষের ক্ষমতা কমে যাওয়া। এ থেকে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে।
রঙিন শহরের তরুণেরা-পৌরুষ, তরুণদের যৌনতার চর্চা এবং বাংলাদেশে এইচআইভি/ এইডসের ভয়াবহতা নামে একটি বইতে তিনি একজনকে উদ্ধৃত করেছেন। যার লক্ষ্য এগিয়ে যাওয়া নারীদের হয়রানি করা। কথা প্রসঙ্গে সেই ব্যক্তি বলেন, ‘আমি শুধু এমন মেয়েদের খুঁজি, যারা অতি আধুনিক ও পাশ্চাত্যের জীবনযাত্রা অনুসরণ করে অথবা মুক্ত জীবন পছন্দ করে।...এটা স্বাভাবিক। কেউ উত্তেজনা অস্বীকার করতে পারে না।...পুরুষ হলো হাঁসের মতো, মেয়েরা হলো কাগজের মতো—হাঁস সব সময় পুকুরে সাঁতার কাটতে পছন্দ করে। কিন্তু সাঁতার কাটার পর তার গায়ে পানি লেগে থাকে না। কিন্তু যদি একটি কাগজ পানিতে পড়ে, তাহলে সেটা অবশ্যই ছিঁড়ে যাবে।’
যৌনতা নিয়ে বিকৃত ধ্যানধারণা
ঠিক বয়সে যথাযথ যৌনশিক্ষা না দেওয়ার কারণে ছেলেদের একটি বড় অংশের মধ্যে বিকৃত ধ্যানধারণা তৈরি হয়। আপাতদৃষ্টে শান্ত, ভদ্র ছেলেরাও সুযোগ পেলে মেয়েদের হয়রানি করে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলালউদ্দিন আহমেদ বলেন, যখন যে বয়সে যতটুকু যৌন শিক্ষা দেওয়া দরকার, ততটুকু দিতে হবে। তিন-চার বছর বয়সেই ছেলেমেয়েকে বুঝিয়ে দিতে হবে তার মুখ, বুক, দুই পায়ের মাঝখানে, সামনে ও পেছনের জায়গাটুকু অনিরাপদ। এ জায়গাটুকু মা-বাবা ছাড়া কাউকে ছুঁতে দেওয়া যাবে না, দেখানোও যাবে না। যখন সন্তানের বয়স সাত বছর হবে, তখন তাকে নারী-পুরুষের মানসিক ও শারীরিক সম্পর্ক নিয়ে কিছুটা ধারণা দিতে হবে। কৈশোরেও যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাকে নিরাপদ ও সুস্থ যৌনজীবন সম্পর্কে ধারণা দিতে হবে। যৌনশিক্ষার কোনো ব্যবস্থা না থাকায় কৈশোরে ছেলেরা বন্ধুবান্ধব, বিকৃত বই ও ইন্টারনেট থেকে বিকৃত ধারণা পায়। মনোজগতে তার একটা প্রভাব পড়ে।
যৌনতা নিয়ে সুস্থ কোনো ধারণা বা শিক্ষা এ দেশের ছেলেরা পায় না। পর্নোগ্রাফির অবাধ বিস্তার তাদের নিপীড়নের প্রবৃত্তিকে উসকায়। তারা জানে, যৌন নিপীড়ন করলে শাস্তি হয় না।