যে কারণে নির্বাচন করছেন না পাঁচ কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনগণকে উন্নয়নের আশ্বাস দিয়ে ইতিপূর্বে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। কিন্তু জাতীয়তাবাদী দল করার কারণে মেয়রের কাছে বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি। মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের জন্য আমাকে বরাদ্দ দিয়েছেন প্রায় এক কোটি টাকা। কিন্তু তাঁর দলীয় লোকদের দিয়েছেন দুকোটি টাকা। শুধু জাতীয়তা সনদ দেওয়া ছাড়া কাউন্সিলর হিসেবে আমার আর কোনো কাজ ছিল না। তাই আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’ ক্ষোভের সুরে কথাগুলো বললেন সিটি করপোরেশনের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নাজিম উদ্দীন আহমদ। জানা গেছে, আসন্ন নির্বাচনে বর্তমান কাউন্সিলরদের মধ্যে নানা কারণে আরও চারজন নির্বাচন করছেন না। এঁরা হলেন, ৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের মোহাম্মদ জাকারিয়া, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর দোস্ত মোহাম্মদ, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. জসিম উদ্দীন ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর জামাল হোসেন।এর মধ্যে মোহাম্মদ জাকারিয়া নির্বাচন করছেন না বার্ধক্যজনিত কারণে। দোস্ত মোহাম্মদ (৬ নম্বর ওয়ার্ড), মো. জসিম উদ্দীন (১৮ নম্বর ওয়ার্ড) ব্যবসায়িক কারণে এবং জামাল হোসেন (৩৫ নম্বর ওয়ার্ড) ব্যক্তিগত কারণে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন। তবে তাঁরা জানান, পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করবেন। এক প্রশ্নের উত্তরে মোহরা ওয়ার্ডের কাউন্সিলর নাজিম উদ্দীন আহমদ বলেন, ‘মেয়রের পদ লাভজনক। কাউন্সিলর পদ সম্মানজনক। নিজের সর্বস্ব ত্যাগ করে নির্বাচিত হয়েছি। ওয়ান-ইলেভেনের সময় আমি ও আমার পরিবার গ্রেপ্তার আতঙ্কে ছিলাম। জনগণের সেবা করতে গিয়ে ভয়ের মধ্যে থাকব কেন?’ জানা যায়, ১৯৯৪ ও ২০০৫ সালে নির্বাচনে নাজিম উদ্দীন কাউন্সিলর নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে এ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিএনপি থেকে দুজন, আওয়ামী লীগ থেকে ছয়জন, স্বতন্ত্র তিনজনসহ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাজিম উদ্দীন আহমদ থানা বিএনপির সভাপতি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী করেছেন। আমরা তাঁকেই সহযোগিতা করব।’ নির্বাচনে কেন অংশ নিচ্ছেন না জানতে চাইলে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. জসিম উদ্দীন বলেন, ‘আমি সিমেন্টের ব্যবসা করি। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। তাই এবার চিন্তা করলাম ব্যবসা-বাণিজ্যের দিকে মনোনিবেশ করব।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এলাকায় ছয় কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি।’ সূত্র মতে, এ ওয়ার্ডে (১৮ নম্বর) কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ছয়জন। এর মধ্যে চারজন আওয়ামী লীগের একজন বিএনপির ও অন্যজন জামায়াতে ইসলামীর প্রার্থী। আসন্ন নির্বাচনে এ ছয় প্রার্থীকেই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মো. জসিম উদ্দীন।এদিকে, ৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে বিগত (১৯৮৮-২০০৫) চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া। নির্বাচন কেন করছেন না প্রশ্ন করলে বলেন, ‘বয়স এখন ৭৫। এলাকাবাসীর আন্তরিকতায় চার দফা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আর নয়।’ তিনি বলেন, ‘মেয়র হিসেবে মহিউদ্দিন চৌধুরীর নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকের পাল্লা ভারী। তাই এবারও তাঁকে সমর্থন দেব।’ জানা যায়, এ ওয়ার্ড থেকে দুজন আওয়ামী লীগের, একজন বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে এমএ লতিফ সমর্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, খোরশেদ আলম সমর্থিত ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি হোসেন মুরাদ ও ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান মুরাদ রয়েছেন। এদিকে, গাছের ব্যবসায় ব্যস্ততার কারণে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি বলে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর দোস্ত মোহাম্মদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে ৪১টি ওয়ার্ডে ২৭৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ৬৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।