যে কারণে নির্বাচন স্থগিত
চট্টগ্রাম চেম্বারের ভোটার আছেন ছয় হাজার ৬১২ জন। এর মধ্যে ২৪ জন ভোটারের হাতে পকেট ভোটসহ ৭৪৮ ভোট আছে। মনোনীত প্রতিনিধি হিসেবে প্রতিবারই এসব ভোট পড়ছে চেম্বারের নির্বাচনে। এবারও ব্যতিক্রম ঘটছে না। অথচ বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী মনোনীত প্রতিনিধি হিসেবেও একাধিক ভোট দেওয়ার সুযোগ নেই। ভোটারদের কাছ থেকে এ ধরনের পাঁচটি অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে দাখিল করা হয়। কিন্তু চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বোর্ড এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগ থেকে এ নির্বাচন স্থগিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিতের আগে সংশ্লিষ্ট সদস্যদের মনোনীত প্রতিনিধি হিসেবে ভোট দেওয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। গত ২৮ নভেম্বর পাঠানো ওই চিঠিতে বলা হয়, বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ১৩ (১) বিধিমতে একজন ভোটার কেবল একবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিধিমালার ১৯ বিধিমতে, ‘বাণিজ্য সংগঠনের নির্বাচনে ভোটার নিজে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন, প্রক্সির মাধ্যমে কিংবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ গ্রহণযোগ্য হবে না।’জানতে চাইলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাজমুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, মনোনীত প্রতিনিধিরাই চেম্বারের নির্বাচনে যুগ যুগ ধরে ভোট দিয়ে আসছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একাধিক চিঠি এসেছে। চিঠিতে মনোনীত প্রতিনিধির ভোট গ্রহণযোগ্য হবে না বললেও কোনটা বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয়। তবে আমরা বিষয়টি দেখছি।’অনুসন্ধানে দেখা গেছে, যেসব প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি হিসেবে এ ২৪ জনকে মনোনীত করা হয়েছে সেসব ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। এমনকি প্রকাশিত ভোটার তালিকায় মাত্র একটি টেলিফোন নম্বর অসংখ্য প্রতিষ্ঠানের ঠিকানায় ব্যবহার করা হয়েছে। এসব ঠিকানায় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ভোটব্যাংক বাড়াতে ব্যবসায়ী নেতারা ভোটারের খোঁজে নেমে পড়েন। একটি ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স), একটি কর শনাক্তকরণ নম্বর—এ দুটি সনদ এবং নির্ধারিত ফি দিয়ে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর এসব ভোটারের মনোনীত প্রতিনিধি হিসেবে ব্যবসায়ী নেতারা নিজেদের কর্মচারী কিংবা নিজস্ব লোকদের নাম বসিয়ে দেন। রেখে দেওয়া হয় সদস্যের পরিচয়পত্র।