যে কারণে বিশ্বকাপ জিতবে না
খামখেয়ালি কোচ হিসেবে ম্যারাডোনা বিনোদন উপহার দিতে পারেন, সাফল্য নয়। এ পর্যন্ত ম্যারাডোনা ১১০ জনেরও বেশি খেলোয়াড় অদল-বদল করেছেন। এমন অস্থিতিশীল মানসিকতা নিয়ে বিশ্বকাপ জেতা যায় না। লাতিন আমেরিকান অঞ্চলের বাধা পেরোতে যে দলের হিমশিম খেতে হয়, তারা কী করে বিশ্বকাপ জিতবে! হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসোর মতো দারুণ ফর্মে থাকা খেলোয়াড় দলে নেই। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করার জন্য হুয়ান রোমান রিকেলমেও নেই। আক্রমণভাগ যতই ভালো হোক, তাঁদের অনুপস্থিতিতে আর্জেন্টিনার পক্ষে ভালো করা সম্ভব নয়। রক্ষণভাগ অত্যন্ত দুর্বল। দুর্বলতা কাটাতে ম্যারাডোনা নাকি ৪-৪-২ ফরমেশনে খেলবেন, যে ফরমেশন আবার আক্রমণভাগকে দুর্বল করে দেবে। ফল বুঝতেই পারছেন। ম্যারাডোনার আমলে আর্জেন্টিনা কখনোই একটা গোছালো দল হয়ে উঠতে পারেনি। মেসি, তেভেজ যতই ভালো খেলুন, দল ভালো না খেললে তাঁদের পক্ষে শিরোপা জিতিয়ে দেওয়া সম্ভব নয়। দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যেমন—ভেরন, মাচেরানোর কোনো বিকল্প নেই কোচের হাতে। কোনো কারণে এ রকম খেলোয়াড়দের কারও কোনো ইনজুরি হলে তাঁদের পক্ষে ম্যাচ নিয়ন্ত্রণ করাই কঠিন কাজ। আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে যাচ্ছে মেসির ভরসায়। কিন্তু সেই মেসি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারেন না। মেসি বার্সেলোনায় ‘মেসি’ হয়ে ওঠেন ইনিয়েস্তা-জাভিদের সমর্থনে। আর্জেন্টিনা দলে তাঁকে সেই সমর্থনটা কে দেবে! ফলে তাঁর ওপর ভরসা করে লাভ নেই। বিশ্বকাপ জিততে হলে অন্যান্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার মতো তারকা চাই। সে রকম কোনো তারকা-খেলোয়াড় নেই ব্রাজিল দলে। ব্রাজিলের বিশ্বকাপ জেতার আগে গ্রুপ পর্ব পার হওয়াটাই কঠিন কাজ হবে। তাদের গ্রুপসঙ্গী পর্তুগাল ও আইভরি কোস্টের মতো দুই দল। দ্রগবা ও ক্রিস্টিয়ানো রোনালদোদের বাধা টপকে গ্রুপ পর্ব পার হওয়াই তো কঠিন! কাকার ভরসায় থাকা ব্রাজিল নিশ্চিত নয় যে কাকার ফর্ম কেমন আছে! ইনজুরির কারণে এ মৌসুমের শেষ দিকটা তো মাঠের বাইরেই কাটালেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ১৯৬৬ বিশ্বকাপেও পর্তুগালের গ্রুপে পড়েছিল ব্রাজিল। সেবার হাঙ্গেরি ও পর্তুগালের বাধা পার হয়ে দ্বিতীয় পর্বে যেতে পারেনি তারা। ওই শেষবার প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল। এবারও সে রকম হওয়ার ঘোরতর আশঙ্কা আছে। বাছাইপর্বে দাপট দেখালে সে দলের পক্ষে বিশ্বকাপ জেতা কঠিন। লাতিন আমেরিকান বাছাইপর্বের শীর্ষ দল ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা তাই ক্ষীণ। দুঙ্গার ফুটবলকে সে দেশের ফুটবল-সমর্থকদের অনেকেই পছন্দ করে না। ফলে বিশ্বকাপজুড়েই সংবাদমাধ্যমের কাছ থেকে একধরনের নেতিবাচক কথাবার্তা টের পাবেন তাঁরা। এতে তাঁদের উত্সাহ কমে যাবে। রোনালদিনহোকে দলে না নিয়ে ব্রাজিলকে আগেই পিছিয়ে দিয়েছেন দুঙ্গা। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা সাবেক এই বিশ্বসেরা ফুটবলার দলে না থাকায় দুঙ্গার হাতে কাকার বিকল্প ‘প্লে মেকার’ নেই।