যে কারণে স্থবির শ্রমিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ১ মে দেশজুড়ে পালন করা হয় মে দিবস। দিবসের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিভিন্ন সংগঠন আয়োজন করে মিছিল-সমাবেশের। এসব মিছিল-সমাবেশ থেকে শ্রমিক তথা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারসহ নানান দাবি তোলা হয় এবং এসব দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন নেতারা। কিন্তু রাজপথে শ্রমিক আন্দোলনের নামে বড় বড় মিছিল-সমাবেশের যে রকম চিত্র দেখা যায় সে তুলনায় তাঁদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এমন নজির তেমন দেখা যায় না। ইউরোপ আমেরিকায় শ্রমিকদের আট ঘণ্টা শ্রম, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা বিনোদনের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম হয়েছে আমাদের দেশে ওই রকম কিছু হয়নি। ৫০-৬০ দশকে শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রমিক আন্দোলনের রূপ বৈশিষ্ট্যও অনেক ভিন্ন। স্বাধীন দেশে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কিন্তু এ নিয়েও কোনো ঐক্যবদ্ধ, গঠনমূলক ও সার্থক আন্দোলন গড়ে ওঠেনি। দেশের দ্বিতীয় বৃহত্তম এ বন্দরনগরে শ্রমিক আন্দোলনের এমন স্থবিরতা কেন জানতে চেয়েছিলাম প্রবীণ কমিউনিস্ট ও শ্রমিক আন্দোলন সংগঠক আহসানউল্লাহ চৌধুরীর কাছে। তিনি জানান, ব্রিটিশ আমলের শেষদিক পর্যন্ত চট্টগ্রামে শিল্পপ্রতিষ্ঠান বলতে তেমন কিছু ছিল না। ব্যবসায়ীরা জাহাজে করে রেঙ্গুনে লোক আর কিছু পণ্য আনা-নেওয়া তথা সওদাগরিতে মনোযোগী ছিলেন। আবার ইউরোপ আমেরিকার মতো একেবারে সর্বহারা মজুর শ্রেণীর সংখ্যাও তেমন ছিল না এ অঞ্চলে। গ্রামীণ সমাজকাঠামো ছিল সামন্ত-আধা সামন্ত প্রভুদের তাবেদারিতে। ফলে শিল্প-শ্রমিকশ্রেণী এ দেশে গড়ে ওঠেনি। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে এ কে খান, ইব্রাহীম খান, জলিল মিয়া প্রমুখ ধনী ব্যক্তিরা কিছু শিল্প-কারখানা গড়ে তুললেও সেসব কারখানায় মূলত কাজ করতেন উদ্যোক্তাদের গরিব আত্মীয় কিংবা গ্রামের লোকজন। সেখানে মালিক-শ্রমিকের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা গ্রামীণ সালিসের মতো আলোচনার মাধ্যমে সমাধান করা হতো। ফলে আন্দোলনের পরিবেশ তৈরির মতো কোনো শ্রমিক সংগঠনও প্রতিষ্ঠা পায়নি। ৫০-৬০-এর দশকে শিল্প-কারখানা বেড়ে ওঠার প্রেক্ষাপটে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে চলমান শ্রমিক আন্দোলনের ঢেউ এ দেশের শ্রমিকদেরও খানিকটা নাড়া দেয়। এখানকার শ্রমিকেরা উপলব্ধি করেন, মালিক আত্মীয় বা প্রতিবেশী হলেও স্বার্থের ব্যাপারে মালিক মালিক, শ্রমিক শ্রমিকই। দুজনের অবস্থান ভিন্ন। এ অবস্থায় জহুর আহমদ চৌধুরী, এম এ সবুর প্রমুখ শিল্প-কারখানার শ্রমিকদের নিয়ে ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন। ফজলুল কাদের চৌধুরী, ফজলুল কবীর চৌধুরী, নূরুল কবীর চৌধুরী প্রমুখ শ্রমিক সংগঠন গড়ে তোলেন বন্দর শ্রমিকদের নিয়ে। যদিও তা পাশ্চাত্য ধারার ট্রেড ইউনিয়ন ছিল না। তাঁরা মূলত সালিসি ধরনের বৈঠকের মাধ্যমে সমস্যা বা বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতেন। এতে দরকষাকষির মাধ্যমে কিছু সুযোগ-সুবিধা আদায় হলেও মূল সমস্যার সমাধান হতো না। তবে তারও আগে চেরাগ খান, মাহবুবুল হক, এম এস হক প্রমুখ রেলওয়ে শ্রমিকদের নিয়ে ব্রিটিশ আমলের শেষ দিকে ট্রেড ইউনিয়ন আন্দোলন জোরদার করেন। ব্রিটিশ সরকার ধর্মঘট নিষিদ্ধ করে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিত। পরবর্তীকালে গড়ে ওঠা পাটকল, সুতাকল, চা-বাগানসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানেও ট্রেড ইউনিয়ন আন্দোলন সম্প্রসারিত হয়। এসব আন্দোলন সংগঠনে ভূমিকা রাখেন শুধাংশু দত্ত, পূর্ণেন্দু দস্তিদার, নূরুজ্জামান, দেবেন সিকদার, চৌধুরী হারুণ অর রশিদ, আবুল বশর নগেন দে, অর্ধেন্দু পালিত, এস এম আবুল কালাম, আবু তাহের, আহসান উল্লাহ চৌধুরী, শাহ মুহাম্মদ খোরশেদুল ইসলাম, রইসুল আলমসহ অনেকে। স্বাধীনতার পর শ্রমিক আন্দোলন শ্রমিকদের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে জানতে চাইলে আহসান উল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতার পর জাতীয় স্বার্থে জাতীয় সম্পদ বৃদ্ধির লক্ষ্যে শিল্পকারখানা জাতীয়করণ করা হয়। কিন্তু তথাকথিত শ্রমিক নেতা-প্রশাসন মিলে সেই জাতীয় সম্পদ লুটের মাধ্যমে নিজেরা ধনী হওয়ার নেশায় মেতে ওঠেন। পরবর্তী সময়ে বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হলেও নিজেদের স্বার্থসিদ্ধির লক্ষ্যে কথিত নেতারা শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যমূলক কর্মকাণ্ড শুরু করেন। এরকম ধারা শ্রমিক আন্দোলনকেই ক্ষতিগ্রস্ত করছে।