* হল মানেই হাজারো সমস্যা আর অভাব-অভিযোগ। হলের ডাল ভালো না রে, খাবার ভালো না রে, টয়লেটের দরজা ভাঙা রে, এই রে সেই রে...আরও কত কী! কর্তৃপক্ষের দিলে কি মায়া মমতার আকাল পড়েছে যে তারা হল করে দিয়ে খামোখা শিক্ষার্থীদের এত এত সমস্যার মধ্যে ফেলবে?
* সব বিশ্ববিদ্যালয়েরই লক্ষ্য থাকে তাদের যথেষ্ট সুনাম হোক। সবাই তাদের এক নামে চিনুক। ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটির হল নেই?’ এই প্রশ্নের উত্তরে সবাই এক বাক্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম বলবে। অতএব কর্তৃপক্ষের উদ্দেশ্য খুবই মহৎ। দেশবাসীর কাছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত করতে চায়।
* আজব তো! আন্দোলন মানেই তো একটা কঠিন কঠিন ব্যাপার। আন্দোলন কি কখনো সুইট-কিউট হয় যে আপনি হইহই রইরই করে এলেন আর কর্তৃপক্ষ মিষ্টিমুখ করাবে? আপনি আন্দোলনও করবেন আবার আদর-সোহাগও আশা করবেন, এটা কেমন কথা! আন্দোলনে যদি উত্তেজনাই না থাকল, যদি ‘বুক ধড়াস’ করা ব্যাপার–স্যাপার না থাকল, তাহলে সেটা বেগবান হবে কী করে? তাই যা করা হচ্ছে, আন্দোলনকে বেগবান করার জন্যই করা হচ্ছে। কাউকে কষ্ট দেওয়া কর্তৃপক্ষের উদ্দেশ্য নয়।
* রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর প্রতিপক্ষের সঙ্গে মারামারি, হানাহানি, কিলাকিলি করার আদর্শ জায়গা হলো হল। কিছুদিন পরপরই শোনা যায়, অমুক বিশ্ববিদ্যালয়ের তমুক হলের ছাত্রদের সঙ্গে অন্য হলের ছাত্রদের কিলাকিলিতে এতজন আহত হয়েছেন। ছাত্র সংগঠনগুলোর এমন হানাহানি–মারামারিতে মাঝখান থেকে জীবন অতিষ্ঠ হয় সাধারণ শিক্ষার্থীদের। হল না থাকলে কি এমনটা হতো? মোটেই হতো না। কোমলমতি শিক্ষার্থীদের জীবন যাতে অতিষ্ঠ না হয়, সে জন্যই কর্তৃপক্ষ...
* আগের সমস্যাগুলো যদি না-ও থাকে, তাহলেও তো সমস্যা! ছাত্রজীবন মানেই এত্ত এত্ত কষ্ট আর সংগ্রামের জীবন। যে যত সংগ্রাম করবে, তার জীবন তত সার্থক। আপনি যদি সংগ্রামই না করলেন, কিসের সার্থকতা, কিসের কী! জনৈক মনীষী বলেছেন, ‘ছাত্রজীবন ইজ নট এ বেড অব রোজেস!’ ছাত্রজীবন হলো কণ্টকশয্যা, যে শয্যায় রাতে কুটুস কুটুস করে ছারপোকা কামড়াবে! কর্তৃপক্ষের ভাষ্য হলো, ‘আপনি পায়ের ওপর পা তুলে, গায়ে ফুরফুরা বাতাস লাগিয়ে আয়েশ করলে তো আর জীবন সার্থক হবে না। অতএব মেসে থেকে ছারপোকার কামড়, খালার ফাঁপর, বাড়িওয়ালার চোখরাঙানি খেয়ে, গ্যাস-পানির অবর্ণনীয় কষ্ট ভোগ করে জীবন সার্থক করুন। কেন শুধু শুধু হলের আয়েশে জীবনটা নষ্ট করবেন?’