
ভাষা প্রতিযোগের প্রধান উদ্দেশ্য থাকে শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহী করে তোলা। ভাষার ধ্বনি-বর্ণ, শব্দ-বাক্য-অর্থ প্রতিটি স্তরে সৌন্দর্য, শৃঙ্খলা ও মজা রয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা সেই সৌন্দর্য-শৃঙ্খলা আবিষ্কার করুক এবং এই আবিষ্কারের আনন্দ উপভোগ করুক।
২০০৫ সাল থেকে ২০১৪ এই ১০ বছরে সারা দেশের প্রায় দেড় লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে ভাষা প্রতিযোগে। দেশের ৬৪টি জেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে ভাষা প্রতিযোগের উৎসব বসে। প্রতিটি অঞ্চলে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির এক হাজার শিক্ষার্থী চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। দশম বছরে ১২টি অঞ্চলে বসেছিল ভাষা প্রতিযোগের আসর। অঞ্চলের বিজয়ীদের নিয়ে ঢাকায় করা হয় জাতীয় উৎসব। এবারই প্রথমবারের মতো জাতীয় উৎসবের পরে হয়েছে তিন দিনের ‘ভাষা কর্মশালা’। সেরাদের সেরা শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা বসেছিল। ভাষা প্রতিযোগের শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে রয়েছে বিশ্বখ্যাত ব্যাংক এইচএসবিসি। তারা শুধু অর্থ দিয়েই চুপ থাকে না, সহযোগিতার জন্য প্রতিনিধিও পাঠায় অনুষ্ঠানে। এই আয়োজন সফল করে তোলা সম্ভব হয় মূলত প্রথম আলো বন্ধুসভার স্বেচ্ছামূলক অংশগ্রহণের কারণে। জেলা প্রতিনিধি, অনুষ্ঠান-অঞ্চলের স্কুল-কলেজ এবং অভিভাবকদের পাশাপাশি প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ অনেকেই জড়িয়ে থাকেন এই আয়োজনের সঙ্গে। শিক্ষক ও গুণীজনেরা অংশ নিয়ে ছেলেমেয়েদের চলতে শেখান, বড় হতে শেখান। তবে শিক্ষার্থীদের উজ্জ্বল উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। ভাষা প্রতিযোগে আমরা কিন্তু প্রতিযোগিতা চাই না।
আমরা চাই অনুষ্ঠানের দিনটি যেন জয়-পরাজয়ের না হয়।
দিনটি হোক উৎসবের, ভাষার রহস্যানুসন্ধানের সূত্র উদ্ঘাটনের।
একনজরে
মোট আয়োজন: ১০ (২০০৫-২০১৪)
মোট আঞ্চলিক উৎসব: ৭৩
মোট অংশগ্রহণকারী: দেড় লাখ
মোট বিজয়ী: ৫২০ জন
আয়োজক: প্রথম আলো ও এইচএসবিসি ব্যাংক
তারিক মনজুর
শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়