রিকশার হুডটা ভাঙাই ছিল। ছিল বলেই তো ফাঁক গলে ঝিলিক দিল জবরজং জামা, মাথা কাটা দুধসাদা পুতুল সারি সারি সাজানো। মফস্বলের ‘মিতা স্টোর’ বলে দিচ্ছে, ঈদ এল বলে। ঈদের বোনাসটাও যেন ব্যাগে ঘামছে খুব! ঘেমে-নেয়ে একাকার নতুন নোট...কার ঘামে সে গড়া!...জানি আমি।দোকানে তো চৌকাঠ নেই তাই পেরোতে হয় না, ঢুকতে হয়! দোকানদারের মিষ্টি হাসি সবার জন্য উন্মুক্ত, চেয়ারগুলোও চেয়ে থাকে কেউ বসবে বলে! —‘ভাই, দেখেন তো মানাবে কি না মেয়েদের? না...না...বড়গুলো না, ছোট দুই মেয়ের রং একটু ময়লা...বাবার মতো আরকি...দেখেছেন তো আপনার ভাইকে?...’—‘না...আপা, মানাইব মাইয়ারগো রে...’—‘তিনটাই দেন।’দুই কন্যার জন্য ঈদের উপহার নিয়ে মা বাড়ি ফেরেন। উপহার হাতে নিয়ে দুই মেয়ের চোখ জলে ছলছল। তাদের মা-টা এত ভালো কেন? কদিন পরে আবার সেই মায়েরই অন্য রূপ। ‘বল, আর করবি? করবি? ১২ টাকার চিপস, ১৫ টাকা বলবি? কত্ত সাহস! বাজার করা শিখায়...জীবনে কত্ত গেলাম দোকানে।’আমরা দুই বোন ধরা পড়ে থরথর কাঁপি। আর মায়ের অন্য রূপ দেখি। ভাঁজ ভাঙা শাড়ি মানেই যে বিশেষ কিছু, বোকা মেয়ে বুঝে উঠতাম না তখন। যেদিন বুঝলাম, সেদিন আম্মুর মেয়েজামাই আটলান্টিক পাড়ি দিচ্ছে শাড়ি পরা বাঙালিপনায় ভরা বউটাকে দেখবে বলে। আমি বারো হাত শাড়িতে বারো জোড়া সেফটিপিন মেরে বসে আছি তার অপেক্ষায়। এরপর বুঝলাম কেন আব্বু চট্টগ্রাম থেকে এলে আম্মু চাপা রঙের শাড়ি পরত! কেন আমার ভাইয়া অফিস থেকে আসার দশ- পনেরো মিনিট আগে ভাবির চোখে কাজল পরিলক্ষিত হতো। বুঝলাম, কেন আম্মু পাঁচ ছেলেমেয়ের দেওয়া পাঁচটা শাড়ি রেখে, লুকিয়ে এনে রাখা আব্বুর দেওয়া সুতির শাড়িটাই পরেন ঈদের দিনে। সালাম করার সময় তাই আব্বুর প্রিয় সবুজ রং দেখতাম, আম্মুর শাড়ির পাড়ে! এতসব কিছু বুঝে উঠতে না উঠতেই আমারও ডাক এল আটলান্টিক পাড়ি দেওয়ার। আম্মু, তোমার আদরে আমার দেহের আদল গড়া। তোমার আদর্শে আমি, আমরা উজ্জীবিত। তোমাকে নিয়ে গল্প লেখা যায় না। কেবল চেষ্টা করা যায়! আমার জীবনটাই তো তোমার গল্পে গড়া। তুমি এমন এক গল্প, যার শুরু আছে, শেষ নেই। যে গল্পে সোহাগ আছে, শাসন আছে, মানবিকতা আছে, রোমান্টিকতা আছে। জীবনবোধ আছে, আছে আরও চেনা কত ঘ্রাণ। এ গল্পের আমি দাড়ি টানত চাই না কোনো দিন। রিমাঅরলান্ডো, ফ্লোরিডাযুক্তরাষ্ট্র থেকে