যে গাড়িতেই চড়ি না কেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যের গাড়ি করে ঘুরতে যাওয়া মজাও করার পাশাপাশি খেয়াল রাখতে হবে যাতে বাহনটির কোনো ক্ষতি না হয়। ছবি: অধুনা
অন্যের গাড়ি করে ঘুরতে যাওয়া মজাও করার পাশাপাশি খেয়াল রাখতে হবে যাতে বাহনটির কোনো ক্ষতি না হয়। ছবি: অধুনা

ঢাকা মেট্রো-গ-১৯৪..., বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনজুর মোর্শেদ ও রিফাত লোপার স্বপ্নের নম্বর। একমাত্র মেয়ে ঋদ্ধিকে স্কুলে আনা-নেওয়ার জন্যই এ বছরের শুরুতে সাধ্য ও সাধের সমন্বয়ে কিনেছিলেন গাড়িটি। অনলাইন ট্যাক্সি সার্ভিস সেবা উবার চালু হওয়ার পর বিকল্প আয়ের ভাবনায় গাড়িটি উবারে যুক্ত করেন মনজুর-লোপা দম্পতি। প্রতিদিনই গাড়িটি দিয়ে ২০ থেকে ২৫ জন যাত্রী পরিবহন করা হচ্ছে।

লোপা বলেন, ‘যেখানে যাত্রী পরিবহন করছি, সেখানে গাড়ি নিয়ে তো একটু দুশ্চিন্তাতেই থাকতে হয়।’ আক্ষেপের সুরেই তিনি যোগ করেন, যাত্রীদের কেউ কেউ গাড়িতেই পানের পিক ফেলেন। আবার কোনো কোনো যাত্রী তো বাজারের ভেজা ব্যাগ গাড়ির সিটে নিতেও দ্বিধা করেন না। কেউ তো এক কাঠি সরেস, গাড়ির জানালা দিয়ে বাইরে থুতু-কফ ফেলার সময় গাড়ির জানালার কাচই নোংরা করে ফেলেন। মনজুর বললেন, ‘অন্যের গাড়িতে চড়ার সময় আমরা কেন জানি বেখেয়ালি হয়ে পড়ি। অন্যের গাড়ির প্রতি যত্ন কিংবা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে কোনো খেয়ালই থাকে না আমাদের।’

যাত্রীদের কাণ্ডজ্ঞানহীনতার জন্য প্রতিদিন সন্ধ্যায় গাড়ি ঝেড়ে-মুছে আবার নতুন করে তৈরি করতে হয় তাঁদের। বেশির ভাগ মানুষই যখন ভাড়ায় চড়েন, তখন কিছু কিছু বিষয়ে নজর রাখা খুব জরুরি। জ্বালানি প্রতিষ্ঠান শেভরনে কাজ করেন মাহমুদ ইসলাম। চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ব্যবসায় প্রশাসনে পড়ছেন। প্রতিদিন সন্ধ্যায় ক্লাস শেষে উবারের গাড়িতে করে বাড়ি ফেরেন। যেহেতু অন্যের গাড়িতে চড়ছেন, তাঁর একটু বাড়তি নজরই থাকে সেই গাড়ির যত্ন-আত্তির দিকে। মাহমুদ বলেন, ‘যেহেতু গাড়িটি আমার নয়। অন্য কোনো মানুষের কষ্টের টাকার গাড়িতে চড়ে আমার এমন কোনো আচরণ করা ঠিক নয়, যাতে গাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা নষ্ট হয়। এমনিতেই মাঝেমধ্যে গাড়িতে উঠে ছেঁড়া কাগজ-টিস্যু দেখতে পাই। সেই সব নোংরা জিনিসপত্র নিশ্চয়ই আমার মতোই কেউ গাড়িতে ফেলে যান। আমাদের এমনটা করা উচিত নয়।’

 শুধু উবারে যাত্রী হিসেবে চলাচলের সময়ই নয়, আমরা মাঝেমধ্যে বন্ধুবান্ধবের গাড়িতেও চড়ি। তখনো আমাদের কাণ্ডজ্ঞানহীন আচরণে গাড়ি নোংরা করে ফেলি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধান রুবিনা খান বলেন, ‘হুট করে পানি ফেলা, ময়লা টিস্যু সিটের ফাঁকে ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে গাড়িতে হাঁচি-কাশি দিতে কার্পণ্য বোধ করি না আমরা। গাড়িতে যে পরে অন্যরা চড়বে, সে বিষয়ে খেয়ালই থাকে না আমাদের।’

 আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড বিভাগের কর্মী আনিকা হোসেনের নিজের গাড়ি নেই। অন্যের গাড়িতে চড়ার সময় কোনো সমস্যা যেন না হয় সেটি খেয়াল রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বি এম মাইনুল হোসেনের গাড়ির একটি দরজার লক তাঁরই বন্ধুর হাতে ভেঙেছিল। ‘এমন পরিস্থিতিতে আসলে বন্ধুকে কিইবা বলা যায় বলুন? চুপ করে ভদ্রতা দেখানোটাই তখন একমাত্র পথ থাকে।’ এভাবেই মনের দুঃখ জানান মাইনুল হোসেন।

একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজমেন্ট কর্মী তানিয়া আফরিন তিন-চার মাস হয়ে গেল গাড়ি কিনেছেন। প্রথম দিকে সবাইকে আগ্রহ নিয়ে গাড়িতে তুলতেন। নিজের টাকায় গাড়ি কেনার আনন্দ পরিবার-বন্ধুবান্ধব-সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করাটাই তো স্বাভাবিক। গাড়ি কেনার কয়েক দিন পরেই গাড়িতে টিস্যু-ছেঁড়া কাগজ-চুইংগাম-চকলেট থেকে শুরু করে সর্দি-কাশির ময়লা সিটের আশপাশে জমতে শুরু করে। বৃষ্টি-বাদলের দিনে তো কথাই নেই, রাস্তার কাঁদা-ভেজা মাটিও গাড়ির মধ্যে পেতে শুরু করেন। তানিয়া বলেন, ‘দু-একজন মানুষের কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য মন খারাপ হতে শুরু করে তখন।

অন্যের গাড়িতে চড়ার সময় যা খেয়াল রাখবেন

l থুতু-কফ কখনই জানালা দিয়ে ফেলবেন না।

l চুইংগাম, নাকের ময়লা, আধা খাওয়া বার্গার-স্যান্ডউইচ কখনোই গাড়ির সিটের নিচে বা আশপাশে লাগাবেন না।

l ব্যবহার করা টিস্যু গাড়িতে ফেলবেন না।

l গাড়ির সিট ধরে টানাটানি কিংবা বৈদ্যুতিক সুইচ-লক নিয়ে নাড়াচড়া করবেন না।

l বৃষ্টির দিন কিংবা যেকোনো সময়ই গাড়িতে ওঠার সময় জুতা মাটিতে দু-তিনবার ঝেড়ে গাড়িতে উঠুন।

l গাড়িতে বাজারের ব্যাগ কিংবা অন্য কোনো ভারী জিনিস নিলে পেছনের বুট বা ট্রাঙ্কে রাখুন।

l শিশুকে অন্যের গাড়িতে পরিবহনের সময় বমি করার ঝুঁকি থাকলে পলিথিন সঙ্গে রাখুন।

l হাঁচি-কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করুন।

জাহিদ হোসাইন খান