যে গ্রামে শুধু নেই আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ও নূ্যনতম স্বাস্থ্যসেবা ছাড়াই বেড়ে উঠছে গ্রামের অধিকাংশ শিশু
শিক্ষা ও নূ্যনতম স্বাস্থ্যসেবা ছাড়াই বেড়ে উঠছে গ্রামের অধিকাংশ শিশু

কক্সবাজারের রামু উপজেলা সদরের চৌমুহনী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি গ্রাম লোহারঝিরি। এই গ্রামের ৯০ শতাংশ মানুষই রাখাইন সম্প্রদায়ের। সবদিক থেকেই পিছিয়ে আছে এই গ্রাম। বিদ্যুৎ নেই। আশপাশের বিদ্যালয়ও নেই। স্বাস্থ্যসেবায় ভরসা তিন কিলোমিটার দূরের গর্জনিয়া বাজারের ওষুধের দোকান। চিকিৎসকের কাছে যাওয়া হয় না। আয়-রোজগারের একমাত্র পথ পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিক্রি ও জুমচাষ।
একসময় তাঁতে তৈরি রকমারি কাপড় বিক্রি করে সংসার চালাতেন এখানকার বাসিন্দারা। এখন অধিকাংশ তাঁত বন্ধ। তা ছাড়া সম্প্রতিক সময়ে রামুতে সৃষ্ট দুই দফার বন্যায় মাঠের ফসল ও ঘরের হাঁস-মুরগি হারিয়ে দিশেহারা তাঁরা। খেয়ে না খেয়ে চলছে দিন।
সম্প্রতি (গত ২২ আগস্ট) লোহারঝিরি গ্রাম ঘুরে দেখা গেছে, পাহাড়ের টিলায় তৈরি রাখাইনদের জীর্ণ অসংখ্য ঘরবাড়ি। ছেলেমেয়েরা ঘরের আঙিনায় খেলাধুলায় ব্যস্ত। অধিকাংশ শিশুর খালি গা। কিছু নারী-পুরুষ পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে খোলা মাঠে স্তূপ করছেন। কেউ আবার পাহাড়ি জমিতে জুম চাষে ব্যস্ত।
পাড়ার বাসিন্দা ছাই থোয়াং (৬৪) জানান, ‘ব্রিটিশ আমল থেকেই এই গ্রামে ৬০টির বেশি রাখাইন পরিবারের বসবাস। অথচ এখনো এই গ্রামে বিদ্যুৎ পেঁৗছেনি। গ্রামে নেই ইট বিছানো কোনো রাস্তা। নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। একসময় রাখাইনদের তাঁতে বোনা কাপড়-চোপড়ের দেশব্যাপী চাহিদা থাকলেও এখন সেই দিন নেই। মিয়ানমার থেকে চোরাইপথে আসা কাপড়ে বাজার সয়লাব। তাই গ্রামের প্রায় সব তাঁত বন্ধ। অভাব-অনটনেই চলছে রাখাইনদের সংসার।’
বাসিন্দারা জানান, এই পাড়ার আশপাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কয়েকজন ছেলে পাশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লোখাপড়া করছে। গ্রামের আরও শতাধিক রাখাইন শিশু–কিশোর পড়ালেখা করতে পারছে না। পুরো গ্রামে এসএসসি পাস শিক্ষার্থী রয়েছে দুজন। এরা হলো মং ঙেই চাই ও বুচিং রাখাইন। মং ঙেই চাই নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ছাত্র। আর বুচিং ওই কলেজে এবার প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
রাখাইন নারী তামাপ্রু (৫০) ও মাশিং (৪৮) বলেন, ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না। অভাবের সংসারে তারা বনের জ্বালানি কাঠ সংগ্রহ করে বাড়তি টাকা উপার্জন করছে। গ্রামে একটা স্কুল তৈরি হলে একসঙ্গে দুটো কাজ সামলানো যেত।
আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রাতের বেলায় বাইরের লোকজন তাঁদের গ্রামে এসে হইচই করে। রাখাইন মেয়েদের উত্ত্যক্ত করে। জ্বালানি কাঠ সংগ্রহের বিপরীতে চাঁদা আদায় করে। দিনমজুরি আর লাকড়ি সংগ্রহ করে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, লোহারঝিরির বাসিন্দারা অত্যন্ত গরিব। রাখাইনদের শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্থাপনের প্রস্তুতি চলছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাখাইন নারীদের সেলাই ও হাঁসমুরগি লালন পালনের প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাতে রাখাইনপল্লিতে বহিরাগতদের উৎপাত চললেও দুর্গম পাহাড়ি অঞ্চল বলে তা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ্
এ ব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রমজান আলী বলেন, গত ৩০ জুলাইয়ের বন্যায় বাঁকখালী নদীর ওপর তৈরি গর্জনিয়া সেতুর সংযোগ সড়ক বিলীন হলে সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এ কারণে দিনে ডিঙি নৌকায় চড়ে বাঁকখালী নদী অতিক্রম করে গর্জনিয়া এলাকায় পুলিশ টহল দিলেও সন্ধ্যার পর তা সম্ভব হচ্ছে না। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ বখাটেদের শায়েস্তা করবে।