যে জীবন ফড়িংয়ের দোয়েলের...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালবেলা চায়ে চুমুক দিতে গিয়ে দেখি, একটা পিঁপড়া চায়ের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। মায়া লাগল! আঙুলের ডগায় আলতো করে তুলে টেবিলের ওপর নামিয়ে দিলাম। পিঁপড়াটা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বিভ্রান্ত হয়ে। তারপর গা ঝাড়া দিয়ে হাঁটতে শুরু করল।প্রাণীদের প্রতি আমার এই মমত্ববোধ অনেকের কাছেই হাসির ব্যাপার। অবশ্য এই মমত্ববোধ জন্মসূত্রে পাওয়া নয়। ছেলেবেলায় বেশ নিষ্ঠুর প্রকৃতির ছিলাম। নানাভাবে যন্ত্রণা দিতাম পশু-পাখিকে। এমনকি রেহাই পেত না পোকামাকড় কিংবা মাছও। আমাকে বদলে দিয়েছে আমারই বয়সী একটি ছেলে। একই এলাকায় থাকার সুবাদে আমাদের বন্ধুত্ব হয়েছিল। কোন এলাকার কোথায় জংলামতো জায়গা রয়েছে, সব ছিল ওর নখদর্পণে। অনেক বিকেল কেটেছে ওর সঙ্গে, ঘুরে ঘুরে। চিনেছি মৌমাছির চাক, ফড়িংয়ের ডিম, ব্যাঙাচির ঝাঁক, কাচপোকার সৌন্দর্য। পাখির পালক জমানোও যে একটা শখ হতে পারে, জেনেছি ওকে দেখে। আমার সংগ্রহের প্রথম পালকটা ছিল ওর উপহার; কুটুমপাখির হলুদ পালক। ও-ই আমাকে প্রথম চিনিয়েছে চড়ুইয়ের বাসা। মই বেয়ে উঠে টিনের চালের ফাঁকে লুকানো সেই বাসায় চড়ুইয়ের ডিম দেখে হাতে নেওয়ার লোভ সামলাতে পারিনি। টিকটিকির ডিম তুলোর মধ্যে রেখে দিলে কিছুদিন পর বাচ্চা ফুটে বেরোয়, শিখিয়েছে এটাও। সেই ছেলেটি কোথায় যে হারিয়ে গেল! না, হারায়নি আসলে, আমাকে ওর মতো করে দিয়ে বিদায় নিয়েছে দৃশ্যপট থেকে।আমাদের বাড়ির আমড়াগাছে খুব শুঁয়োপোকা হয়। মায়ের দুই চোখের বিষ। অনেকবার আমাকে অনুরোধ করেছেন মেরে দিতে। কোনো না কোনো অজুহাতে কেটে পড়েছি। আজকের কুৎসিত পোকাটা হয়তো আগামীকাল বর্ণিল প্রজাপতি হয়ে উড়াল দেবে। পৃথিবীটা আমাদের চোখে যেমন সুন্দর, তেমনি ওই পোকার চোখেও সুন্দর নিশ্চয়ই। বছরখানেক আগে বাড়ির চিলেকোঠায় বাচ্চা দিয়েছিল এক বেওয়ারিশ বেড়াল। উলের বলের মতো গোলগাল তিনটা বাচ্চা, চোখ ফোটেনি তখনো। মা বেড়াল পছন্দ করেন না। নাগালের মধ্যে পেলে দুই ঘা লাগিয়ে দেবেনই। আমি তাই বেড়ালসমেত বাচ্চাগুলো রেখে এলাম বাড়ির সীমানার বাইরে। সেই রাতে মুষলধারে বৃষ্টি নামল। আমার তখন মনে পড়ল বেড়ালগুলোর কথা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোলাম। ছাতা নিতেও খেয়াল নেই। যেখানে ওগুলো ছেড়ে এসেছিলাম, গিয়ে দেখি, তখনো আছে। ভিজে থরথর করে কাঁপছিল। আবার নিয়ে এলাম চিলেকোঠায়। সেই রাতে একটা বাচ্চা মারা গেল। আমার বুকের একটা অংশ যেন খালি হয়ে গেল।নাম ঠিকানা পাওয়া যায়নি।