ঢাকার উত্তরার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বাড়ি বাড়ি ‘টু-লেট’ লেখা খুঁজছি। হঠাৎ একটি বাড়ির সামনে টু-লেট লেখা দেখে দরজার কড়া নাড়লাম। কিছুক্ষণ পর মধ্যবয়স্ক এক নারী বের হয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’ বিনয়ী গলায় বললাম, ‘বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে চাইছিলাম।’ তিনি একাধারে প্রশ্ন ছুড়লেন, ‘কী করো?’ ‘গ্রামের বাড়ি কোথায়?’ ‘পরিবারের সদস্য কতজন?’ এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে বেশ বিচলিত হলাম। নিজেকে গুছিয়ে নিয়ে বললাম, ‘আমি একা, মানে ব্যাচেলর।’ তাঁর চোখগুলো মারবেলের মতো করে এমনভাবে আমার দিকে তাকালেন, মনে হলো পৃথিবী নয়, আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি। বাড়ি ভাড়া করার সময় এমন অভিজ্ঞতার কথা জানালেন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে আসা অতনু রায়।অতনু রায়কে পড়তে হয় ঢাকা শহরের ব্যাচেলর জীবনের ভোগান্তির মুখে। তবে এই ব্যাচেলর জীবনেও আছে অনেক আনন্দ। স্বাধীনভাবে চলাফেরা, খাওয়াদাওয়া, যখন খুশি বাসায় ফেরা কিংবা বাইরে বেরিয়ে পড়া, ইচ্ছেমতো বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি তো আছেই।বাংলাদেশে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন তিনি।মা-বাবা যুক্তরাষ্ট্রে থাকা সত্ত্বেও পড়াশোনার প্রয়োজনে তাঁকে একা থাকতে হয়েছে দীর্ঘদিন। তবে যুক্তরাষ্ট্রে বাসা ভাড়া নিয়ে এতটা বিড়ম্বনায় পড়তে হয়নি তাঁকে। ঢাকায় এসে বন্ধুর কল্যাণে শেষ পর্যন্ত পেয়িং গেস্ট হয়ে উঠেছেন উত্তর বাড্ডায় এক বন্ধুর বাড়িতে। বোস্টনে ব্যাচেলর জীবন আর ঢাকার ব্যাচেলর জীবনের মধ্যে রয়েছে অনেক তফাত, বললেন এই তরুণ। সেখানে খাবারদাবার এবং ঘরের প্রয়োজনীয় আসবাব অনেকটাই সহজলভ্য। এ ছাড়া অফিস শেষে সুপারশপ থেকে তৈরি খাবার এনে ওভেনে একটু গরম করেই সেরে নিতেন রাতের খাবার। সে জন্য খাবারদাবার নিয়ে কখনোই ভাবতে হতো না তাঁকে। সময়ের অপচয়ও আনেক কম হতো। বাংলাদেশে সুপারশপগুলোতে কিছুটা থাকলেও যাতায়তের সমস্যা ও সময়স্বল্পতার কারণে সব সময় যেতে পারেন না। তবুও বাজার-সদাই করে যখন ইচ্ছা হয় রান্নাবান্না করেন। ছোট্ট একটা ফ্রিজ আছে তাঁর, যাতে একজনের জন্য প্রয়োজনীয় খাবার খুব ভালোভাবেই সংরক্ষণ করতে পারেন। অতনু বলেন, বোস্টনের চেয়ে এখানে অনেক ভালো আছি। ইচ্ছে করলেই অফিস শেষে বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দিতে পারি। যখন-তখন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারি। উপভোগ করছি ব্যাচেলর জীবনটা। নেই কোনো ভাবনাচিন্তা।