২৫ বছর আগে গজার মাছ ধরতে গিয়ে শুঁটকি ব্যবসায়ী চিত্ত বিশ্বাসের ছেলে শ্যামলের মৃত্যু হয়। এখন গজার মাছের শুঁটকি দেখলেই ছেলের কথা মনে পড়ে তাঁর। ছেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ। প্রলাপ বকেন সারা দিন। তাই তাঁকে ঘরে আটকে রাখা হয়।
ফেনী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হওয়া জীবনের ভাগ্য নাটকের কাহিনি আবর্তিত হয় এক ভাগ্যবিড়ম্বিত পিতাকে ঘিরে। সুশান্ত হালদার রচিত এই নাটকে প্রত্যন্ত গ্রামীণ জনপদের একজন নিঃসঙ্গ মানুষের কাহিনি উঠে এসেছে। প্রচণ্ড সংগ্রাম করে বেঁচে থেকেও যিনি শেষ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন পুত্রশোকে। নাটকটির নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন।
নাটকের প্রধান চরিত্র চিত্ত বিশ্বাস নামের এক শুঁটকি ব্যবসায়ী। শিক্ষিত নাতনি চন্দ্র মল্লিকা তার দাদু চিত্তর কাছে জীবনের গল্প শুনতে চায়। গল্প বলার সময় চিত্ত বিশ্বাসের চোখে ভেসে ওঠে পানিতে মাছের ঘাঁই মারার দৃশ্য। এ দৃশ্য তাঁকে টেনে ধরে অতীতে নিয়ে যায়। যখন নদীর সঙ্গে সখ্য ছিল তাঁর। মাছ ধরে রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করতে করতে কাটত তাঁর দিন। দুরন্ত যৌবনের দিনগুলি থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সারা জীবন শুঁটকি ব্যবসা নিয়েই কাটিয়েছেন তিনি। কিন্তু বার্ধক্যে এসে আর তাঁর ব্যবসার চাকা আর ঘোরে না। আর সেই অসহায় মুহূর্তে পুত্রশোক এসে ঘিরে ধরে তাঁকে।
জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব শিল্পী ও কলাকুশলীরা এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। কোরিওগ্রাফিতে ছিলেন নাসরিন জাহান, রনি ও নোমান। আবাহ সংগীতে ছিলেন প্রদীপ কুমার নাথ ও গোপাল দাস। নাটকের প্রযোজনা সমন্বয়কারী ছিলেন এস এম টি কামরান হাসান।