যে জীবন স্কাউটের
তখন ভরা শীতকাল। কুয়াশায় চরাচর ঢেকে গেছে। সন্ধ্যা উতরে তখন আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ। সিরাজগঞ্জের যমুনা নদীর চরে আলো-আঁধারিতে আমরা আটজন দাঁড়িয়ে আছি হাতে ফিল্ড বুক নিয়ে। এই রাতের অন্ধকারে ফিল্ড বুক আর কম্পাসের সাহায্যে আমাদের অজানা এক গন্তব্যে পৌঁছাতে হবে। যমুনার মরুভূমির মতো বালুচর পেরিয়ে কখনো ঘন হোগলা বন ঘেঁষে কম্পাসে তীক্ষ চোখ রেখে আমরা এগিয়ে যাই। আরও দূরে হারিকেনের আলো জ্বেলে আমাদের মতো আটজনে গড়া অন্য দলগুলোও তাদের নির্দিষ্ট পথ ধরে এগিয়ে যেতে থাকে। ‘নাইট হাইকিং’-এ চলছি আমরা। এমন সব রোমাঞ্চকর অভিযান আর ভিন্নধর্মী সব কার্যক্রম নিয়েই স্কাউটিং।কী এই স্কাউটিংস্কাউটিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক আন্দোলন। শিশু-কিশোর ও যুবদের জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং অন্য এক শিক্ষাব্যবস্থাও। বাংলাদেশ স্কাউটসে প্রধান জাতীয় কমিশনার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদের কাছে স্কাউটিং কী জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, একজন ভালো মানুষ হওয়ার জন্যই স্কাউটিং। একজন স্কাউট সব সময়ই এক কদম এগিয়ে থাকে অন্যের চেয়ে।’ শুরুর কথাএই স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন সি দ্বীপে ব্যাডেন পাওয়েল মাত্র ২০ জন ছেলে নিয়ে একটি পরীক্ষামূলক ক্যাম্প আয়োজন করেন। তারপর ধীরে ধীরে এই আন্দোলন ইংল্যান্ড, আমেরিকা হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মাত্র ২০ জন থেকে এখন সারা বিশ্বে স্কাউটের সংখ্যা প্রায় ২ কোটি ৮০ লাখ। বাংলাদেশের স্কাউটিংস্বাধীনতার পরপরই ১৯৭২ সাল থেকে এ দেশে স্কাউটিং কার্যক্রম চলছে। বর্তমানে বাংলাদেশে স্কাউট আন্দোলনে জড়িত প্রায় সাড়ে ১১ লাখ কিশোর-তরুণ। এখন পর্যন্ত পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে পঞ্চম। বাংলাদেশের স্কাউট আন্দোলন তিনটি শাখায় বিভক্ত। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১০ বছর বয়সীদের জন্য কাব স্কাউটিং। স্কাউট শাখার বয়সসীমা ১১ থেকে ১৬ এবং রোভার স্কাউটদের বয়সসীমা ১৭ থেকে ২৫ বছর। এ ছাড়া বয়স্ক ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে ইউনিট লিডার বা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এ ছাড়া সেবার মানসিকতাসম্পন্ন যে কেউই স্বেচ্ছাসেবার ভিত্তিতে স্কাউট আন্দোলনে জড়িত হতে পারেন সব সময়।ক্যাম্পুরি জাম্বুরি মুটকাব স্কাউটিংয়ের বড় সমাবেশকে বলা হয় ক্যাম্পুরি। স্কাউটদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমাবেশকে বলা হয় জাম্বুরি এবং রোভার স্কাউটদের বড় সমাবেশকে রোভার মুট বলে। জাতীয় পর্যায়ে প্রতি চার বছর অন্তর ক্যাম্পুরি, জাম্বুরি, মুট ও সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা, জেলা, অঞ্চলভিত্তিক কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের সমাবেশ অনুষ্ঠিত হয় নিয়মিত।স্কাউটিংয়ে সর্বোচ্চ অ্যাওয়ার্ডস্কাউটিং কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি ও দীর্ঘ যাচাই-বাছাই করে তিন স্তরে সর্বোচ্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়। কাব স্কাউটদের জন্য ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’। এটি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাব স্কাউটদের মধ্যে বিতরণ করেন। স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’—এ দুটি অ্যাওয়ার্ডই রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে স্কাউট ও রোভার স্কাউটদের প্রদান করেন। এ ছাড়া আছে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড। অ্যাডাল্ট লিডারদেরও বিভিন্ন অ্যাওয়ার্ড আছে। এর মধ্যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’।পুরো স্কাউটিং কার্যক্রম তিনটি মূলনীতিকে ঘিরে চলছে। স্রষ্টার প্রতি কর্তব্য পালন, নিজের প্রতি কর্তব্য পালন এবং অপরের প্রতি কর্তব্য পালন। যেসব স্কাউট নিত্যবেলা এই নীতি মেনে নিজেকে তৈরির পাশাপাশি দেশের জন্য, মানুষের জন্য কাজ করে চলছেন অবিরত, তাঁদের জন্য ভালোবাসা।