যে ডানায় মুক্তির স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ছেলেকে হারান ৬১ বছর বয়সের শেলি গুডরিচ। তিনি ছেলের আত্মার শান্তির জন্য আফগানিস্তানের মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু করেন কাজ। শিক্ষাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়ে লড়াই শুরু করেন সন্ত্রাসের বিরুদ্ধে।ভোর। কাবুলের একটি ব্যস্ত রাস্তায় যানবাহনের ভিড় ঠেলে পাশাপাশি চলছে দুটি পুরোনো ভ্যান। ভেতরে জবুথবু হয়ে বসে আছে একদল বালিকা। অস্ত্রধারী দুজন নিরাপত্তারক্ষী সতর্ক চোখে দেখছেন চারপাশ। বালিকাদের ওপর হামলা চালানো হতে পারে যেকোনো সময়। তালেবানরা ঘোষণা দিয়েছে, কোনো পরিবারের মেয়েকে যদি পড়াশোনার জন্য বিদ্যালয়ে পাঠানো হয়, তবে ওই পরিবারের সব সদস্যকে হত্যা করা হবে। এ হুমকি উপেক্ষা করে কেউ কেউ তাঁদের কন্যাসন্তানকে পাঠাচ্ছেন বিদ্যালয়ে। তাঁরা চান না শিক্ষার আলো থেকে বঞ্চিত হোক তাঁদের সন্তান। বালিকারা তালেবানের হুমকির কথা জানে। ঘর থেকে বের হলেই তাই চেপে ধরে একরাশ ভয়। ছোট মেয়েগুলো ভ্যানের ভেতর থেকে তাকিয়ে থাকে বাইরে। তাদের নিষ্পাপ চাহনিতে ভয়টা বোঝা যায় স্পষ্ট। যেকোনো সময় গর্জে উঠতে পারে কালাশিনভ রাইফেল। ভ্যানের গায়ে ছুড়ে দেওয়া হতে পারে বোমা। দম বন্ধ হয়ে আসে সবার। কিন্তু বিদ্যালয়ে আসার সঙ্গে সঙ্গেই উবে যায় সব ভয়। হইহুল্লোড়ে পুরো বিদ্যালয় মাতিয়ে রাখে বালিকারা; তখন ঠিক উপভোগ করে নেয় মুক্তির স্বাদ। কাবুলের বিদ্যালয়গুলোতে মেয়েদের পড়াশোনার জন্য কাজ করছেন শেলি গুডরিচ। তিনি নিজের দেশ ছেড়ে আফগানিস্তানে এসেছেন শিক্ষার আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে। সাহস জুগিয়েছেন প্রতিটি পরিবারকে, যেন তাদের মেয়েকে পাঠানো হয় বিদ্যালয়ে। সন্ত্রাসের বিরুদ্ধে তিনি লড়াই করতে শিক্ষাকে বেছে নিয়েছেন হাতিয়ার হিসেবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান ২৩ বছর বয়সের সফটওয়্যার ডেভেলপার পিটার। তাঁর মা শেলি ক্যানসারে আক্রান্ত। ছেলেই ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পিটারকে হারিয়ে বড্ড একা হয়ে যান শেলি। বেঁচে থাকাটা যন্ত্রণা আর কষ্টের হয়ে ওঠে তাঁর কাছে। বেঁচে থাকার সংগ্রামের চেয়ে মৃত্যু যেন ঢের ভালো! ‘পিটারকে হারিয়ে শেষ হয়ে গেল সব! আমার জীবন, বিশ্বাস, বেঁচে থাকার শক্তি—সবকিছু এলোমেলো হয়ে গেল নিমেষেই,’ ছেলের মৃত্যুর পর বলছিলেন শেলি গুডরিচ। এমন সময় শেলির সাহায্যে এগিয়ে আসেন পিটারের ছেলেবেলার বন্ধু রাস ফিলসন।আফগানিস্তানের শিশুদের শিক্ষার জন্য কাজ করার পরামর্শ দেন রাস। কথাটা মনে ধরে শেলির। সময়টা অন্তত কেটে যাবে কাজ করতে করতে। শুরুতে বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে তা আফগানিস্তানে পাঠানো হতো রাসের মাধ্যমে। একপর্যায়ে শেলি নিজেই আফগানিস্তানে গিয়ে কাজ করবেন বলে মন স্থির করেন। তত দিনে নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। বুঝেছেন, শিক্ষা দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করলেই শান্তি পাবে পিটারের আত্মা। ২০০৬ সালের দিকে কিছু মানুষের আর্থিক সাহায্যে দোতলা একটি দালান তৈরি করা হয় আফগানিস্তানে। এটিকেই বিদ্যালয় হিসেবে ব্যবহার শুরু করেন শেলি। প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে এখানে। অসহায় মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার নতুন এক সংগ্রামে নামেন শেলি।১৪ বছরের বালিকা পাস্তানা ও তার দুই বন্ধু খুঁজছে তাদের প্রিয় মানুষ শেলিকে। এই বৃদ্ধা তাদের বন্ধুর চেয়েও বেশি কিছু। তাঁর কাছে মন খুলে বলা যায় নিজের সুখ-দুঃখের গল্পগুলো। বিদ্যালয়ের মাঠে শেলিকে পেয়েই তাঁকে ঘিরে ধরল পাস্তানা। নীল রঙের সিল্কের বোরকা পরা শেলির হাত জোর করে রাঙিয়ে দিল মেহেদিতে। মেয়েদের এমন ভালোবাসায় চোখ ভিজে যায় শেলির। মনে পড়ে পিটারের কথা। অনুভব করেন—পিটার আছে আশপাশেই; দেখছে সব। শেলির কাজের শুরুটা খুব কষ্টের ছিল। তালেবানের ভয়ে কোনো পরিবারই তাদের মেয়েকে বিদ্যালয়ে পাঠানোর ব্যাপারে রাজি ছিল না। শেলি তাদের ভয় ভাঙিয়েছেন; বুঝিয়েছেন নারীশিক্ষার প্রয়োজনীয়তা। একজন-দুজন করে ধীরে ধীরে জমে উঠেছে পুরো বিদ্যালয়। বিদ্যালয়ের অর্থের জোগান, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, অভিভাবকদের সচেতন করা, শিক্ষক নিয়োগ, পড়াশোনার উন্নতির খোঁজখবর নেওয়া—সবকিছু সামাল দিতে গিয়ে এখন তিনি দম ফেলার ফুরসত পান না। তবে এ নিয়ে একটুও দুঃখ নেই তাঁর। কাজের ব্যস্ততা দারুণ উপভোগ করেন। ‘আমার এক ছাত্রী বলল, সে তার দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করতে চায়। এমন চাওয়া বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থীর। সবার ভেতরের এই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আমার সাহস। ওদের স্বপ্নগুলো পূরণের জন্যই এখন কাজ করে যেতে চাই আমি।’ নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বলছিলেন শেলি। এখন তাঁর অনেক কাজ। নিজের এই মেয়েদের নিয়ে অনেক অনেক পরিকল্পনা।ক্যানসারে আক্রান্ত শেলি গুডরিচের কাছে অসুস্থতা খুবই স্বাভাবিক। প্রায়ই তাই অসুস্থ থাকেন তিনি। বয়সী শরীরে মৃত্যু হানা দিতে পারে যেকোনো সময়। শেলি মরতে ভয় পান না। বিদ্যালয়ের মেয়েগুলো বাঁচিয়ে রাখে তাঁকে; আরও অনেক দিন বেঁচে থাকার আশা জাগায়। মেয়েদের হইহুল্লোড়, খুনসুটি, মায়া-মায়া মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যান তিনি। কিঙ্কর আহ্সান