যে দহনের কথা যায় না বলা
বাবার সঙ্গে হেঁটে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে এক ছাত্রী। বাবা সামনে, সে একটু পেছনে। মাথায় নানা রকম চিন্তা। তবে মন খারাপ হওয়ার মতো কিছু ছিল না। হঠাৎ তাঁর কানের কাছে কিছু একটা বলে এক তরুণ দ্রুত চলে গেলেন। নিমেষে তার মুখটা মলিন হয়ে গেল। ভীষণ খারাপ হয়ে গেল মন।
ওই যুবক যা বলেছেন, তা বাবাকে বলতে পারল না ওই শিক্ষার্থী। অঙ্ক পরীক্ষা দিয়ে বের হলো সে। কেন্দ্র থেকে অল্প দূরেই বাসা। কয়েক মিনিটের পথ। কিন্তু সে এখন হেঁটে যেতে চাইছে না। বাসায় ফিরে সে কান্না শুরু করল। বাবা, বড় ভাই, ফুফু বারবার জিজ্ঞাসা করেও কান্নার কারণ জানতে পারলেন না। পরে মাকে ওই ছাত্রী বলল, ‘একটা ছেলে আমাকে খুব বাজে কথা বলেছে। খুব বাজে।’ ‘এখন থেকে সামনের পরীক্ষাগুলোয় তুমি আমার সঙ্গে যাবে।’
শুধু ওই এসএসসি পরীক্ষার্থীই নয়। পথেঘাটে চলতে এমন দুঃখজনক তিক্ত অভিজ্ঞতা অনেক নারীরই হয়েছে। বেশ কয়েকজন নারীর সঙ্গে এ ব্যাপারে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।
রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী বলেন, ‘কানের কাছে এসে এমন সব বাজে কথা বলে, যা কাউকে বলা যায় না। সবচেয়ে বাজে ব্যাপার হলো, মাঝেমধ্যে মধ্যবয়সীরাও এমন আচরণ করেন। কিছু লোক এমন মন্তব্য করে, আপনি ভাবতেও পারবেন না ওই বয়সী লোকেরা এমনটা বলতে পারেন।’
ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভাষ্য, তিনি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই অপমানজনক কথার শিকার হন। প্রথমে ব্যাপারটি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেননি। কয়েক দিন দুশ্চিন্তা করেছেন। তাঁর কথা, একা চলার সময় এ ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। রাস্তায়, বাজার-বিপণিকেন্দ্রে, পদচারী সেতু বা গণপরিবহনে ওঠানামার সময় এই দুর্ভোগ পোহাতে হয়। ঘটনা এখানেই শেষ নয়, অনেক সময় ছেলেরা ইচ্ছা করে ধাক্কা দেয় বা গায়ের ওপর এসে পড়ে। সুযোগ পেলে ‘এর চেয়েও বেশি কিছু’ করে ফেলে। এটা খুবই অপমানজনক।
ঢাকার একটি কলেজের এক ছাত্রী বলেন, ‘এসব বাজে কথার ভয়ে একা চলতে ভয় লাগে। চলার সময় মনে হয়, এই বুঝি কেউ একটা কিছু বলে গেল। এ ছাড়া রিকশায় একা যাওয়ার সময়ও রক্ষা নেই। অনেক সময় পাশ থেকে অন্য রিকশা বা গাড়ি থেকে চালক বা যাত্রীরা বাজে কথা বলে। তখন শুনেও না শোনার ভান করে থাকতে হয়।’
নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকার এক গৃহিণীর বক্তব্য, ‘বাজার ও বিপণিকেন্দ্রগুলোয় এমন সমস্যা হয়। পছন্দ না হওয়ায় বা দামে বনিবনা না হলে চলে আসার সময় বাজে ইঙ্গিতপূর্ণ এমন কিছু বলে, যা নিজের সম্মানের দিকে তাকিয়ে ব্যাপারটি নিয়ে বাড়াবাড়ি করা যায় না। দিন দিন এ সমস্যা যেন বাড়ছেই।’
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভাষ্য, ‘এ ছাড়াও মুঠোফোনে বাজে কথা খুদেবার্তা করেও পাঠানো হয়। অনেক সময় বিষয়গুলো এতই বাজে হয়, পরিবারের সদস্যদের সঙ্গেও বিষয়টি বলা যায় না। খুবই বিব্রতকর, অপমানজনক।’
এ ব্যাপারে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম জানান, কাউকে না বলতে পারা ‘অবরুদ্ধ আবেগ’ অনেক বড় ধরনের মানসিক চাপ সৃষ্টি করে। এতে ভুক্তভোগী তাঁর স্বতঃস্ফূর্ততা হারিয়ে মনমরা হয়ে পড়েন। অপমান বোধ করে সব সময় বিষণ্নতায় ভোগেন।
তাজুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় দুর্ভোগ পোহানো নারী পথে চলতে গেলে তাঁর মধ্যে একধরনের ভয় কাজ করে। এ ছাড়া ছেলেদের সম্পর্কে তাঁর মধ্যে রিরূপ ধারণা জন্মে। এর প্রভাব তাঁর বৈবাহিক জীবনেও পড়তে পারে। তীব্র মানসিক চাপে ভোগার কারণে পরবর্তী সময়ে সামান্য মানসিক আঘাতেও আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে পারেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এটি এক ধরনের যৌন হয়রানি। কারও সঙ্গে এমনটা ঘটলে এ ব্যাপারে ধারেকাছের থানায় অভিযোগ করা যেতে পারে। চাইলে তাঁদের সমিতির কাছেও আসতে পারেন। সে ক্ষেত্রে সমিতি সব ধরনের সহযোগিতা করবে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আফরোজা হোসেন বলেন, যিনি এমন অপমানজনক কাজটি করেন, আসলে তাঁর মধ্যে মনুষ্যত্ব নেই। তিনি নিজেও অসুস্থ। এ জন্য অন্যকে বিব্রত করে কুৎসিত আনন্দ পান। কিন্তু তাঁর এমন আচরণ একটা নারীর জন্য কত বড় অপমানের, লজ্জার, তা তিনি বোঝেন না। কোনো নারী এমন পরিস্থিতিতে পড়ুন, এটা কারও কাম্য নয়। আফরোজা আরও বলেন, ‘আমাদের সামজিক প্রেক্ষাপটে এমন অবস্থায় এমন ঘটনার শিকার হওযায় আগেই নারীদের নিজের থেকেই মানসিকভাবে শক্ত হতে হবে। মনে রাখতে হবে, সুস্থ মানুষ এমনটা করতে পারেন না।’