যে দোকানে ধার মেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবাদী রাজনৈতিক কর্মী নিকোলাই ভোলফার্ট লায়লা নামে বার্লিনের এই ‘ধারের দোকান’-এর উদ্যোক্তা। ছবি: দ্য গার্ডিয়ান
পরিবেশবাদী রাজনৈতিক কর্মী নিকোলাই ভোলফার্ট লায়লা নামে বার্লিনের এই ‘ধারের দোকান’-এর উদ্যোক্তা। ছবি: দ্য গার্ডিয়ান

এই দোকানে আদতে কোনো কিছু বিক্রি হয় না; বরং এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্তর নিয়ে ব্যবহার করে কাজ শেষে আবার তা ফেরত দিয়ে যান মানুষজন। না কিনে, ধার নিয়ে প্রয়োজন পূরণে মানুষকে উত্সাহিত করা এবং সাহায্য করার ভাবনা থেকেই জার্মানির রাজধানী বার্লিনে ‘লায়লা’ নামের একটি ‘ধারের দোকান’ খুলে বসেন ৩১ বছর বয়সী যুবক নিকোলাই ভোলফার্ট। লায়লা এতটাই জনপ্রিয় হয়েছে যে, বার্লিনের অন্যান্য লোকালয়সহ জার্মানির অন্যান্য শহরেও এমন বা কাছাকাছি ভাবনার ‘ধারের দোকান’ ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন, ‘শেয়ার ইকোনমি’ বা ‘যৌথ-ব্যবহারের অর্থনীতি’কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ভাবনা। 
রাজনীতির জন্য ‘দোকানদারি’
ভোলফার্ট কৈশোরে বা তারুণ্যে কখনোই ভাবেননি তিনি একটা দোকান খুলে বসবেন। তাঁর জীবনের লক্ষ্য ছিল ‘রাজনীতি’ করে সমাজ আর রাষ্ট্রটাকে বদলে দেওয়া, মানুষের জীবনকে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পর্কিত করা। কিন্তু তাঁর সমর্থিত রাজনৈতিক দল গ্রিন পার্টি নির্বাচনে হেরে যাওয়ায় খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। নিজের রাজনৈতিক মতাদর্শকে আরও বেশি স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং লক্ষ্য পূরণের বিকল্প পথের সন্ধান করতে করতেই তাঁর মাথায় আসে এই ‘ধারের দোকান’ খুলে বসার ভাবনা।

বার্লিনের নগর কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ফারবেলাইনার স্ট্রাসেতে (ফারবেলাইনার সড়কে) একটি ছোট্ট দোকান লায়লা। ২০১২ সালের জুন মাসে শুরুর পরপরই এই দোকানের সবচেয়ে জনপ্রিয় জিনিস হয়ে ওঠে একটা ইলেকট্রিক ড্রিল মেশিন। ওই একটা মেশিনেই দেয়াল ফুটো করে একের পর এক বাড়িঘর আর দোকানপাটে তাক বসানো হচ্ছে, ছবি ঝোলানো হচ্ছে। আরও কত কি খুচরো কাজে মানুষ ধার নিচ্ছেন এই ড্রিল মেশিন!

ভোলফার্ট বলেন, ‘গড়ে একটা ইলেকট্রিক ড্রিল সারা জীবনে মাত্র ১৩ মিনিট ব্যবহার হয়। এমন একটা কিছু কেনার কী মানে থাকতে পারে। এটা ভাগাভাগি করে ব্যবহার করাই শ্রেয়।’

লায়লার উদ্যোক্তা ভোলফার্ট অবশ্য একে দোকান বা দাতব্যপ্রতিষ্ঠান কোনোটাই বলতে চান না। তাঁর মতে, এটা আসলে একটা ‘জিনিপত্তরের ভান্ডার’। বার্লিনের ওই এলাকার প্রায় ৪০০ বাসিন্দা এখন লায়লার নিবন্ধিত সদস্য। ওয়াইনের গ্লাস, জুইসার, ব্লেন্ডার থেকে শুরু করে বোর্ডগেম, পর্বতারোহণের মালপত্র, কুয়াশা মাপক যন্ত্র বিচিত্র সব জিনিস এখান থেকে ধার করেন সদস্যরা।

যৌথ ব্যবহারের উপযোগিতা

‘লায়লার সদস্য হতে হলে কী করতে হয়’—এ প্রশ্নটাই একসময়ে সবচেয়ে বেশি শুনতে হতো ভোলফার্টকে। তিনি জানান, যে কেউ চাইলেই সদস্য হতে পারেন। তবে তাঁকে কেবল নিজের কোনো একটি ব্যবহারোপযোগী দ্রব্য লায়লাকে দিতে হবে অন্যদের ব্যবহারের জন্য। ব্যস, তাহলেই নাম-ঠিকানা নিবন্ধন করে সদস্য হতে পারবেন তিনি। বিষয়টি আরও ব্যাখ্যা করে ভোলফার্ট জানান—এটা দাতব্য সেবা বা কোনো মহত্ত্বের বিষয় নয়। এটা অর্থবহ কারণ এটার উপযোগিতা আছে। এটা জিনিসপত্রের যৌথ ব্যবহারের সুযোগ এবং একধরনের বিকেন্দ্রীকরণ।

২০১২ সালে চালুর পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে লায়লার এই ব্যতিক্রমী উদ্যোগের গল্প। বার্লিনের অন্যান্য অঞ্চলে ইতোমধ্যেই এমন আরও কিছু উদ্যোগ চালু হয়েছে এবং চালুর প্রক্রিয়ায় আছে। কিয়েল ও ভিয়েনায়ও প্রতিষ্ঠা হয়েছে এমন ‘ধারের দোকান’। ভুর্জবুর্গ শহরে হয়েছে ‘লেহ বার’ বা ‘ধারের বার’। বার্লিন-ওয়েডিং নামের একটি প্রতিষ্ঠান চালু করেছে ‘ডিঙ্গেশ্রাঙ্ক’ বা ‘জিনিসপত্তরের তাক’ নামে একটি প্রকল্প, যেখান থেকে বিয়ে-শাদির জন্য জিনিসপত্র ধার নিতে পারেন মানুষজন। এমন আরও বেশ কিছু প্রকল্প চালু হয়েছে জার্মানির রাজধানীতে। এসবের মূলমন্ত্র একই জিনিস বহু মানুষ মিলে ভাগাভাগি করে ব্যবহার করা, যাকে বলা হচ্ছে ‘যৌথ ব্যবহারের অর্থনীতি’।

যৌথ ব্যবহারের অর্থনীতি

বেসরকারি এমন নানা ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগের পাশাপাশি বড় বড় প্রতিষ্ঠানও এগিয়ে আসছে এমন যৌথ ব্যবহারের অর্থনীতিকে সহায়তা দিতে। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সংস্থা ডয়চে টেলিকম ‘আমরা’ (ভিয়ার ডট ডিই) নামের একটি সামাজিক যোগাযোগ উদ্যোগকে সহায়তা দিয়েছে ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলতে। এ সংগঠনটি বিভিন্ন লোকালয়ে ব্যবহার্য ছোটখাটো ‘মেশিনপত্তর বিনিময়’ এবং খেলার মাঠগুলোতে ‘খেলনার বাক্স’ বসাতে সহায়তা করে থাকে। ‘ভিয়ার ডট ডিই’-এর সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান রিডার বলেন, ‘সবাই এখন যৌথ ব্যবহারের অর্থনীতির কথা বলছেন। আমরা দেখার চেষ্টা করছি যে, কেবল ফ্ল্যাট বা গাড়ি নয় আরও ছোট ছোট পর্যায়ে এটা কাজ করে কি না।’

‘ফিউচারোলজিস্ট’ বা ভবিষ্যদ্বিদ্যা বিশারদ পিটার ভাইপারমান মনে করেন বার্লিন হয়তো নিজেকে ইউরোপের ‘শেয়ার ইকোনমির’ রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। তবে তিনি মনে করেন, এটা ঘটলে তাকে অবশ্যই বিকল্পধারার পরিবেশবাদী রাজনীতি ‘গ্রিন মুভমেন্ট’ এবং ‘পুরোনো ধারার শিল্পের’ একটা অনন্য মেলবন্ধন হিসেবে দেখতে হবে। হালের পরিবেশবাদী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ নীতি যতটা সম্ভব জিনিসপত্র ‘রিসাইকেল’ করা বা ‘পুনঃ ব্যবহার’ করা, আর যতটা সম্ভব যৌথ ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে জিনিসপত্রের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করা।

‘শেয়ার ইকোনমি’ বা ‘যৌথ ব্যবহারের অর্থনীতি’ ধারণাটি ১৯৮৪ সালের দিকে সামনে নিয়ে আসেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন অর্থনীতিবিদ মার্টিন ভাইত্সমান। কিন্তু বার্লিনে এ ধারণাটি যতটা দৃশ্যমান, তা এমনকি ইউরোপের অন্য কোথাও নেই।