
সীতাকুণ্ড এখন প্রথম শ্রেণির পৌরসভা। কিন্তু সেবা বাড়েনি, শুধু নেই আর নেই। পর্যাপ্ত ডাস্টবিন নেই। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। অর্ধেকের বেশি সড়কে নেই সড়ক বাতি। গাড়ি থেকে টোল আদায় হয় অথচ নেই বাসস্ট্যান্ড। সড়কও ভাঙাচোরা। পানি নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। বর্ষায় কয়েকটি স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপি সরকারের আমলে তাঁদের দলীয় নেতারা মেয়র হলেও নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত হয়নি।
পৌর কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত পৌরসভা চলতি বছরের এপ্রিল থেকে প্রথম শ্রেণির। আয়তন ২৮ বর্গকিলোমিটার। বসবাস ৬০ হাজার জন মানুষের। পৌর করসহ নানা খাতে এ পৌরসভার রাজস্ব আয় বছরে প্রায় তিন কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৮০ শতাংশ।
বর্তমান পৌর মেয়র সফিউল আলম বলেন, ‘পৌরসভার উন্নয়ন চলমান প্রক্রিয়া। তার পরও সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। কিছু সড়ক সংস্কার করা জরুরি। এসব প্রক্রিয়াধীন রয়েছে। আমি এবার নির্বাচিত হলে সব কাজ শেষ করব।’
ভাঙাচোরা সড়ক : সরেজমিনে দেখা গেছে, কিছু সড়ক ভাঙাচোরা। এক কিলোমিটারের সীতাকুণ্ড যুবায়দিয়া মহিলা মাদ্রাসা সড়কটির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু হয়ে সামান্য অংশে ইট বিছানো। এরপর থেকে কাঁচা। দেড় কিলোমিটারের ইদিলপুর সড়কটিও ২০০ মিটার পর্যন্ত ইট বিছানো। সীতাকুণ্ড বাজারের ভেতরের সড়কটির পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব সড়কে গাড়ি চলছে হেলেদুলে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার জানান, এ পৌরসভায় মোট সড়ক রয়েছে ৮১ দশমিক ৪ কিলোমিটার। এর মধ্যে পাকা ৩৬ দশমিক ৫ পিচঢালাই ও ৪০ দশমিক ৫ কিলোমিটার ইট বিছানো। বাকিটুকু এখনো কাঁচা। জরুরি ভিত্তিতে সংস্কার দরকার ১৩ দশমিক ২৫ কিলোমিটার সড়কের। চলতি অর্থবছরে ৬ দশমিক ২৫ কিলোমিটার সড়কে পাকাকরণ ও উন্নয়নের কাজ চলছে।
ইদিলপুর সড়কের দেড় কিলোমিটার একেবারে খারাপ অবস্থার কথা স্বীকার করেন সহকারী প্রকৌশলী। তিনি বলেন, প্রায় ছয় কোটি টাকা ব্যয় হবে সড়কটি পাকা করতে। বরাদ্দ পেলে তা ঠিক করা হবে। এ জন্য প্রকল্পের প্রস্তাবনাও রয়েছে।
নেই সড়কবাতি : সড়কের অর্ধেক অংশে বাতি থাকার কথা বললেও গ্রামের ভেতরের অধিকাংশ সড়কে সড়কবাতি নেই। বিষয়টি সম্পর্কে সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার বলেন, বিভিন্ন কারণে কিছু বাতি হয়তো নষ্ট হয়ে থাকতে পারে। চলমান প্রক্রিয়ায় সেগুলো পরিবর্তন করা হচ্ছে।
যত্রতত্র পার্কিং: সীতাকুণ্ড সদরে বাস কিংবা লেগুনাসহ যাত্রীবাহী গাড়ি রাখার কোনো স্ট্যান্ড নেই। কিন্তু বার্ষিক ইজারা দিয়ে টোল আদায় করছে পৌরসভা। ফলে টোল দিয়ে শহরের ভেতর যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে।
এ ব্যাপারে পৌরসচিব মো.নজরুল ইসলাম বলেন, পৌরসভার বাসস্ট্যান্ড করার মতো কোনো জায়গা নেই। জায়গা খোঁজা হচ্ছে। নতুন মেয়র এলে হয়তো দ্রুত বাস স্ট্যান্ড করা যাবে।