যে প্রশ্ন উসকে দিয়েছেন জেসিকা
‘ফেসবুকের মন্তব্য গড়াল হাইকোর্টে’ প্রথম আলোর ক্রোড়পত্র ‘আলোকিত চট্টগ্রাম’-এর ২৪ জানুয়ারি সংখ্যায় প্রকাশিত এই প্রতিবেদন কিছুটা হলেও আশাবাদী করে তুলল আমাদের। আইনজীবী জেসিকা ইরফানের ফেসবুকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে ব্র্যাক হাসপাতালের চিকিৎসক সাদিয়া আফরিন ওরফে ইভার মৃত্যুর ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সরকারের কাছে জানতে চেয়েছেন। গত ১ ডিসেম্বর ঢাকার দক্ষিণখান এলাকায় নিজ কর্মক্ষেত্রে খুন হন সাদিয়া। সাদিয়ার খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হয়েছে আগেই। কিন্তু জেসিকা ইরফান কেবল খুনির শাস্তিই নয় বরং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। তার এই প্রশ্ন আদালতকে ভাবিয়েছে এবং সক্রিয় হতে উদ্বুদ্ধ করেছে।জেসিকা ইরফানের সঙ্গে আমার দীর্ঘদিনের সখ্য। স্কুল জীবনে এক সঙ্গে গার্লস গাইড এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুজন দুই বিভাগের ছাত্রী ছিলাম। কিন্তু কালের পরিক্রমায় আজ আমি গৃহিণী আর তিনি আইনজীবী। কিন্তু সাদিয়ার মৃত্যুর সূত্র ধরে জেসিকা যে সব প্রশ্ন উত্থাপন করেছেন সে প্রশ্নগুলো এ দেশের প্রতিটি নারীর। গত বেশ কিছুদিন ধরে সাদিয়াসহ বহু নারী-শিশু নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। কেউ অ্যাসিডে ঝলসে গেছেন কিংবা কাউকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে কতটুকু নিরাপদ আমাদের মেয়েরা? আমার বড় মেয়ের কথাই বলি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাস করে গত বছর চিকিৎসক হয়েছে সে। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। মাস কয়েক আগে রাতের পালায় কাজ করতে যাওয়ার সময় বাবার মুখোমুখি হয় সে। চিন্তিত বাবা কিছুতেই ভরসা পাচ্ছিলেন না। হাসপাতালে রাতে অবস্থান করা মেয়ের পক্ষে কতটুকু নিরাপদ হবে এমন দুর্ভাবনা পেয়ে বসেছিল তাঁকে। আমিও বিচলিত হলাম। কিন্তু আমাদের মেয়ে তাঁর কর্মস্থলের নিরাপত্তার বিষয়ে অভয় দিল। সাদিয়ার মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর মনে হচ্ছে নিশ্চয় একইভাবে তিনিও অভয় দিয়েছিলেন তাঁর বাবা-মাকে। সাদিয়া কি জানতেন এমন বিপদসংকুল হয়ে উঠতে পারে তাঁর কর্মস্থল? আমার মেয়েকে প্রশ্ন করেছিলাম সাদিয়ার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের পক্ষ থেকে কেনো প্রতিবাদ হয়েছে কি না? উত্তরে সে জানায়, ‘হত্যাকারী যেহেতু ধরা পড়েছে, সেহেতু আইন তার নিজের গতিতেই চলবে। তদন্ত কাজে অগ্রগতি এবং মৃত চিকিৎসকের কর্মস্থলের দায়দায়িত্ব নিয়েও আদালত জানতে চেয়েছে। এখন এ বিষয়গুলো সবাই হয়তো পর্যবেক্ষণ করবেন।’ তবে সাদিয়া হত্যার বিচার নিয়ে কোনো শিথিলতা যে চিকিৎসক সমাজ মেনে নেবে না এ কথা জানাতে ভোলেনি আমার মেয়ে।একটি অমূল্য জীবন ঝরে গেল। সাদিয়াকে আর ফিরে পাবেন না তাঁর স্বজনেরা। তবু অপরাধীর বিচার হলে, আইনের যথার্থ প্রয়োগ হলে স্বজন হারানো দুঃসহ বেদনার ভার অনেকটাই লাঘব হবে। জেসমিন ইসলামসদস্য, চট্টগ্রাম লেখিকা সংঘনাসিরাবাদ আবাসিক এলাকাচট্টগ্রাম।