ভেবেছিলাম, অভিজ্ঞতাটা বুঝি আমার একার। রাইড শেয়ারিংয়ের অ্যাপ ব্যবহার করে মোটরবাইকে উঠলে মাঝেমধ্যে চালক ব্রেক কষেন, তাঁর সঙ্গে ধাক্কা লাগে। কোনো কোনো সময় দেখা গেছে, মসৃণ রাস্তায়ও ব্রেক চাপতে হচ্ছে চালককে। আর হঠাৎ এই ঝাঁকুনি বুঝে ওঠার আগে অপ্রীতিকর সেই ধাক্কা লেগে যাচ্ছে। এই ধাক্কা নিজের ভুল ধরে নিয়েই একসময় কাঁধে ঝোলানোর ব্যাকপ্যাককে বানিয়ে ফেললাম ‘চেস্টপ্যাক’। ব্যাগটা বুকের কাছে চেপে নিয়ে বসলে দেখা যায় চালককে বেশি বেশি ব্রেক চাপতে হয় না। এখন প্রশ্ন উঠতে পারে, অপ্রীতিকর অভিজ্ঞতা নিয়ে কেন রাইড শেয়ারিংয়ের বাইকে উঠতে হবে। সেই প্রশ্ন অনেক দিন ধরেই শুনছি।
তাহলে বাসের অভিজ্ঞতাটা বলি। টাঙ্গাইলের রূপার কথা হয়তো অনেকের স্মৃতি থেকে মুছে গেছে। তিনি চাকরির সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন। বাসকেই ভেবেছিলেন বাড়ি ফেরার নিরাপদ বাহন। কিন্তু তাঁর মৃত্যু আমাদের মতো গণপরিবহন ব্যবহারকারী মেয়েদের মনে আজীবনের মতো আতঙ্কের দাগ বসিয়ে গেছে। তাই এখন অল্প দূরত্বেও বাসে উঠলে ঠিক দরজার পাশের সিটে বসতে হয়। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস দেখলে মনে হয় সেই প্রাগৈতিহাসিক ‘ডেথ চেম্বার’, যেন অন্ধকার থেকে কালো হাতের ঘৃণ্য থাবা ডাকছে। এমনকি রিকশায় বসলেও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, গাড়িতে বসে থাকা, বাস দিয়ে উঁকি দিয়ে থাকা কিছু অস্বস্তিকর দৃষ্টি মনে বিষাদ আর ভয় ছড়িয়ে দেয়। এমনকি কেউ কেউ এক–দুটি নোংরা শব্দ দিয়ে আমাদের এতটাই ভেতরে ছুঁয়ে যায়, যা যেকোনো পোশাক, যেকোনো নিরাপত্তাবলয়কে ভেদ করে আঘাত করে ব্যক্তিত্বে, আঘাত করে বোধে, বিবেকে। পর্দার আড়ালে থাকা মা–বোন, কিংবা লাল টুকটুকে ফ্রকে থাকা ছোট মেয়েটিও নোংরা শব্দবাণ থেকে মুক্তি পায় না।
এই শহর আমার—স্বস্তির নিশ্বাস ছেড়ে এই কথাগুলো বলতে চাই। কিন্তু পারি না, থেমে যাই। ভাবতাম, শহরের রাস্তায়ও গুমোট এই অনুভূতি সব মেয়ের হয় না। কিন্তু চোখ আটকে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিজ্ঞাপনচিত্রে। ‘আমাদের নীরবতাই ওদের সাহস’ নামের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্কয়ার টয়লেট্রিজের ‘জুঁই বিউটিফুল হেয়ার’–এর জন্য। ভিডিওটির বর্ণনায় থাকা শুরুর কয়েকটি লাইন একেবারে যেন বিঁধে যায় শরীরের প্রতিটি রোমকূপে। ‘মেয়েরা রাস্তায় যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, বাসে উঠতে পারবে না, এমনকি ঘরেও থাকতে পারবে না! তাহলে মেয়েদের করণীয় কী?’ বুঝতে পারলাম, এই প্রশ্ন শুধু আমার একার নয়। এটা সবার, প্রশ্নটা এই সময়ের, এই বাস্তবতার।
এটি দায়িত্বের জায়গা থেকে করা
মালিক মোহাম্মদ সাঈদ
ডিরেক্টর, হেড অব অপারেশনস, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
স্কয়ার কেয়ারলাইন নামে আমাদের একটি কল সেন্টার সেবা আছে। সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য পরামর্শকেরা ভুক্তভোগীদের সেবা দিয়ে থাকেন। শারীরিক, মানসিক, সামাজিক নানা সমস্যার সমাধানে স্কয়ার কেয়ারলাইন কাজ করে। এ পর্যন্ত সফলভাবে ১০ হাজার ৩৩২টি সমস্যার সমাধান করা হয়েছে। এটা একটা উদাহরণমাত্র। স্কয়ার বরাবরই সমাজে এ ধরনের সমস্যা, অসংগতি, অবক্ষয় নিয়ে কাজ করছে। এসবের সমাধান বাতলে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের কাজকে আমরা কোনো প্রচারণা হিসেবে দেখি না। এটাকে আমাদের দায়িত্ব হিসেবে মনে করি। এসব সামাজিক বিষয় নিয়ে স্কয়ার কথা না বললে, কে বলবে? তাই ‘জুঁই, এক চুলও ছাড় নয়’ প্রচারণা আমাদের কোনো বার্ষিক বা মৌসুমি কাজ নয়, এটি আমাদের দায়িত্বের জায়গা থেকে করা।
আমি মূলত বিপণন ও প্রচারের কোনো কাজে সম্পৃক্ত হই না। কিন্তু নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ইস্যু আমাদের প্রত্যেকের জীবনকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করে। আমার নিজের দুই মেয়ে, একজনের ১২, আরেকজনের ২ বছর বয়স। তাই এ ধরনের ইস্যুতে যুক্ত হওয়ার তাগিদ বোধ করি সব সময়। আমাদের বিপণন বিভাগের জেসমিন জামান যখন এই পরিকল্পনার কথা জানালেন, আমি সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাই। দেখলাম, পুরো দল আমাদের ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দারুণভাবে ইস্যুটা তুলে ধরল। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সান কমিউনিকেশনসের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন থেকে শুরু করে সবার উৎফুল্ল ও দায়িত্বশীল অংশগ্রহণ পুরো উদ্যোগটি সফল করেছে।
ঘরে-বাইরে, গণপরিবহনে প্রতিদিন নারীরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন, শুধু এটুকু তথ্যের ভিত্তিতে আমরা এই উদ্যোগটি নিইনি। আমরা মনোবিদদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন গবেষণা ও জরিপের ফলাফল সংগ্রহ করেছি, এরপর কাজটি করেছি। তাই উদ্যোগটি আমাদের জন্য কোনো বিজ্ঞাপনচিত্র নয়, এটা আমাদের দায়িত্ব। আমরা চাই, সবাই যেন যে যার জায়গা থেকে আওয়াজ তোলে।