যে মেলায় ক্রেতারা কিনতে চাইলেও বই দিতে পারেননি বিক্রেতারা
সীমান্তঘেঁষা প্রত্যন্ত এক উপজেলা রাঙ্গুনিয়া। চট্টগ্রামের এই উপজেলার কিছু তরুণ মিলে আয়োজন করেছিলেন একটি বইমেলা। রাজধানীর বইমেলার মতো এত চাকচিক্য তাতে নেই, নেই সারি সারি স্টল। তবে পাঠকের ভিড় আছে। আর আছে বইপ্রেমী একদল তরুণের স্বপ্ন, শ্রমের প্রতিফলন।
শুরুটা হয়েছিল পাঠাগার দিয়ে। নিজ উপজেলার বইপড়ুয়াদের এক করতে ২০১৯ সালে ‘পাঠশালা রাঙ্গুনিয়া (বইপড়ুয়া)’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন শিশির মোরশেদ৷ এক তরুণের সংগ্রহে থাকা ২০০ বই দিয়ে শুরু হয় যাত্রা। যে কেউ বিনা মূল্যে বই নিয়ে পড়তে পারতেন। নিজেই বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন শিশির। পরে পাঠাগারের অনলাইন কার্যক্রমকে অফলাইনেও নিয়ে আসেন। প্রতিষ্ঠা করেন পাঠশালা রাঙ্গুনিয়া (উন্মুক্ত পাঠাগার)। বই দিয়ে সাহায্য করেন অনেকেই। নানা বয়সী পাঠকের আনাগোনা বাড়তে থাকে। সবার আগ্রহ দেখে শিশির ও তাঁর পাঠাগারের কিছু সদস্য মিলে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেন।
মুঠোফোনে পাঠশালা রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা শিশির মোরশেদ বলছিলেন, ‘আমাদের পাঠাগারের নিয়মিত পাঠক আছেন। আর আছেন প্রতিনিধি, যাঁরা মূলত পাঠাগারটি পরিচালনা করেন। খুব অল্প সময়ে নিয়মিত কিছু পাঠক পেয়ে আমরা প্রতিনিধিরা খুব উৎসাহ পেয়েছিলাম। ভাবছিলাম, রাঙ্গুনিয়ার বাকি মানুষদেরও কীভাবে বইয়ের প্রতি আগ্রহী করা যায়। এই ভাবনা থেকেই বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিই। প্রথমবার, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আমরা একটা স্টল দিয়ে বইমেলার আয়োজন করি। ৪০ জন প্রতিনিধির চেষ্টায় আয়োজন সম্পন্ন হয়েছিল। মেলার সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা। মজার ব্যাপার হলো, প্রতিটি বইয়ের দাম নির্ধারণ করেছিলাম ২০ টাকা। আমাদের ধারণা ছিল না ঠিক কতগুলো বই বিক্রি হতে পারে। এরপরে যা ঘটল, তা অবিশ্বাস্য। আমাদের সংগ্রহে থাকা মোট এক হাজার বইয়ের সব এক দিনেই বিক্রি হয়ে যায়। তা–ও আবার নির্ধারিত সময়ের আগেই।’
প্রথমবার দারুণ সাড়া পেয়ে এ বছরও মেলার আয়োজন করেছিলেন তাঁরা। এবারের মেলায় তিনটি স্টল ছিল। তবে বইয়ের মূল্য ছিল তিন ধরনের—২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা। পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি, চা স্টলসহ নানা আয়োজন। এক দিনের এ মেলায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১২০০ বই বিক্রি করে পাঠশালা রাঙ্গুনিয়া কর্তৃপক্ষ।
কোথা থেকে আসে এই বই? বই কেনার অর্থই বা জোগায় কে? শিশির বলছিলেন, ‘পাঠাগারের কার্যক্রম শুরুর পর থেকেই কিছু প্রবাসী ভাই আমাদের পাশে ছিলেন। বইমেলার জন্য বই কিনতেও সাহায্য করেছেন তারা। আমরা পাঠাগারের প্রতিনিধিরাও যথাসাধ্য চেষ্টা করেছি। যে যেখান থেকে পেরেছি, বই সংগ্রহ করেছি। এ ছাড়া কিছু প্রকাশনা থেকেও আমাদের বই দেওয়া হয়েছিল বিক্রি করার জন্য। তবে বই বিক্রি করে লাভ করা আমাদের উদ্দেশ্যে নয়৷ যে দামে সবার হাতে বই পৌঁছে দিয়েছি, তাতে লাভ করা আসলে সম্ভবও না। সে জন্যই আমাদের স্লোগান ছিল—বই বিক্রি নয়, সবার কাছে বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
অনেক সীমাবদ্ধতার মধ্যেই কাজ এগিয়ে নিতে হয়। ২০২২ সালে কয়েক দিন ধরে মেলা আয়োজনের ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি। মেলার আয়োজনের খবরও সব গ্রামে পৌঁছায়নি। বইয়ের সংখ্যা আরও বেশি হলে ভালো হতো—এসব আফসোস তো আছেই।
তবু দমে না গিয়ে শিশিরেরা এগিয়ে যেতে চান৷ বইয়ের প্রতি মানুষের আগ্রহ দেখতে নাকি তাঁর বড় ভালো লাগে। বলছিলেন, ‘২০২১ সালের মেলায় আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, একজন সর্বোচ্চ দুটি বই কিনতে পারবেন। মেলা শুরু হওয়ার পর মানুষের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকল৷ স্টলে বই রাখার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছিল। তখন ঠিক করলাম, দুটি নয়, একজন একটি বই কিনতে পারবেন। এর পরেও মেলা পাঁচটা পর্যন্ত নেওয়া গেল না। তিনটার আগেই সব বই শেষ। কিছু পাঠককে ফিরিয়ে দিতে কষ্ট হয়েছে। তবে এতগুলো বই মানুষের কাছে পৌঁছে দিতে পারার আনন্দটা এর থেকে অনেক বেশি।’
পরপর দুই বছরে বইমেলা আয়োজন করে বেশ ভালো সাড়া পেয়েছেন এই আয়োজকেরা। তাই ভবিষ্যতেও বইমেলা আয়োজন করতে চান নিয়মিত। উপজেলার ১৬টি ইউনিয়নেই গড়ে তুলতে চান পাঠাগার। স্বপ্ন দেখেন, তরুণদের একমাত্র নেশা হবে বইয়ের নেশা।