অনেক রাজ্যের প্রজা না হয়ে এক রাজ্যের রাজা হওয়াই উত্তম—ছোটবেলা থেকেই এই ব্রতকে মনে ঠাঁই দিয়েছেন বদিউল ইসলাম। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিনি ছিলেন সেরা ফলের একচ্ছত্র অধিপতি। হতে পেরেছেন পড়ালেখা রাজ্যের রাজা।বদিউলের রাজত্বের শুরু পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে। বৃত্তি পেয়েছেন অষ্টম শ্রেণীতেও। সেরা ফল করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে। তারপর ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বস্তুবিজ্ঞান ও কৌশল বিভাগে। এখানেও ছড়িয়েছেন কৃতিত্বের দ্যুতি। স্নাতক ও স্নাতকোত্তর—দুই পর্যায়েই হয়েছেন প্রথম শ্রেণীতে প্রথম। পেয়েছেন প্রধানমন্ত্রী পদক।স্বপ্ন দেখতেন শিক্ষক হবেন। ছোটবেলায়, সেই যে নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ে যখন পড়তেন, তখন তন্ত্রমুগ্ধের মতো শুনতেন ‘বিএসসি স্যার’ বলে পরিচিত মানিক চন্দ্র দাশের লেকচার। ‘মানিক স্যার আমাদের গণিত পড়াতেন। আবার পদার্থবিজ্ঞানও পড়াতেন। এত সহজভাবে, এত্ত মজা করে বিজ্ঞানকে বোঝানোর মতো ক্ষমতাবান শিক্ষক আমি আমার ছাত্রজীবনে আর পাইনি।’ বদিউল বলছেন তাঁর স্বপ্ন বোনার সূচনা পর্বের কথা। সেই সময়েই মূলত শিক্ষক হওয়ার স্বপ্ন তাঁর মনে স্থায়ীভাবে বাসা বাঁধে বলে কবুল করলেন এভাবে, ‘স্যারের ক্লাস শেষ হলেই আমার বুকের ভেতর থেকে কে যেন বলে উঠত, ইশ্! আমি যদি মানিক স্যার হতে পারতাম!’মানিক স্যার হওয়ার স্বপ্ন দেখতে দেখতে সময় গড়ায়, আর নিজেকে প্রস্তুত করতে থাকেন বদিউল। দিনমান বইয়ের মধ্যে নাক ডুবিয়ে রাখেন। পাঠ্যবই তো বটেই, অন্যান্য বইও নিস্তার পেত না তাঁর আগ্রাসী পাঠাভ্যাস থেকে। ‘আমার ছিল জানার তৃষ্ণা। যেকোনো বিষয়ের সম্পূর্ণটা না জানা পর্যন্ত স্বস্তি পেতাম না আমি।’ এই জানার তৃষ্ণা ও অস্বস্তি তাঁকে এনে দিয়েছে সাফল্য। তাঁর হাতের মুঠোয় এনে দিয়েছে শিক্ষক হওয়ার সেই বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন।‘আমার স্বপ্ন বিফলে যায়নি। সম্প্রতি আমি শিক্ষক হিসেবে যোগদান করেছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে।’ স্বপ্নপূরণের আনন্দে গমগম করছে বদিউলের কণ্ঠ। সেই একই কণ্ঠে বলে চলেন তিনি, ‘এখন আমি এমফিল পর্যায়ে গবেষণা করছি “সোলার সেল” বিষয় নিয়ে। ইচ্ছা আছে, ভবিষ্যতে পিএইচডি করার জন্য দেশের বাইরে যাওয়ার।’নওগাঁর মহাদেবপুরে জন্ম নেওয়া এই কৃতী শিক্ষার্থীর পরিবারে রয়েছেন মা, বাবা আর বড় দুই বোন। ব্যবসায়ী বাবা রফিজ উদ্দিন মোল্লা চাইতেন ছেলেমেয়েরা নিজের ইচ্ছায় মানুষ হোক। কখনোই নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতেন না সন্তানের ওপর। গৃহিণী মা বুলবুল আরাও চাইতেন, ছেলেমেয়েরা নিজে নিজেই স্বপ্ন দেখা শিখুক এবং নিজের দেখা স্বপ্নের ওপর ভর করেই এগিয়ে যাক ভবিষ্যতের পথে।মা-বাবার দর্শন ভুল ছিল না মোটেই। বদিউলই তার জলজ্যান্ত প্রমাণ।