সবজি তো অনেক আছে, কিন্তু তার কোনোটিই বাংলার লাউয়ের সমকক্ষ নয়। আক্ষরিক অর্থেই লাউয়ের আগা, ডগা সবই ভক্ষণযোগ্য। খান আর ডুগডুগি বাজান। মন চাইলে ডুগডুগি নিয়ে বিবাগিও হতে পারেন। অতি উপাদেয়, অতি প্রয়োজনীয় এই সবজিটি ঘরেরও লক্ষ্মী। গৃহস্থ বাড়িতে লাউয়ের মাচা না থাকলে ছবিটাও অসম্পূর্ণ থেকে যায়।
ধনে পাতা, চিংড়িসহ ঝোল করে বা মাছের মাথা দিয়ে, যেভাবেই রান্না করুন-লাউ লা জবাব। মা-খালারা লাউ রেঁধে যত্ন করে খোসা সরিয়ে রাখেন। পরে ভাজি বা শুঁটকির পদ হয়ে সে খোসা টেবিলে এলে কাড়াকাড়ি পড়ে যায়। কচি লাউয়ে নখ মেরে ঘা করেননি কে? এ নিয়ে ক্রেতা বিক্রেতার এন্তার ঝগড়া-বিবাদ। ‘নখ না দিয়েই নেবেন, কচির গ্যারান্টি আছে।’ —এমন কথা বেশ কয়েকবার শুনতে হয়েছে আমাকেও। তবে বুড়ো লাউয়েরও কী কদর নেই? লাউয়ের মোরব্বা বা পায়েস খেতে চাইলে পাকা লাউ চাই। দুধে লাউয়ে মাখামাখি বাটির দিকে তাকিয়ে মনে হবে, এমন মিষ্টান্ন ঘরে ঘরে তৈরি হলে ভেজালের বাজারে মিষ্টির দোকানে কে যায়?
লাউয়ের অনেক গুণ। একটা তালিকা দিলেই সেটা স্পষ্ট হবে। লাউয়ে প্রচুর পানি থাকায় দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখে এবং ডায়রিয়ায় পানি শূন্যতা দূর করতে সাহায্য করে। এতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় দাঁত ও হাড়কে মজবুত করে। কম ক্যালরি এবং উচ্চ আঁশ পাওয়া যায় বলে ওজন কমাতে এবং ডায়াবেটিস, হৃদ্রোগ, কিডনি জনিত সমস্যায় নিশ্চিন্তে এই সবজি প্রচুর খাওয়া যায়। সর্বোপরি ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি আছে বলে চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়ার হার কমায়। লাউয়ের অদ্রবণীয় আঁশ পাইলসের সমস্যা কমাতে সাহায্য করে। এ ছাড়া যাদের ত্বক তৈলাক্ত তারা খাদ্যতালিকায় নিয়মিত লাউ রাখলে ব্রণ ওঠার ঝুঁকি কমবে।
লাউয়ে পানির ভাগ ৯৬ শতাংশ। তাই যারা প্রচুর ঘামেন, বা রোদে কাজ করেন তারা লাউ খেতে পারেন। নিয়মিত লাউ খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে। প্রতি ১০০ গ্রাম লাউয়ে আছে ৯৬ দশমিক শূন্য ১ গ্রাম জলীয় অংশ, শূন্য দশমিক ৬ গ্রাম আঁশ, ১২ কিলোক্যালরি আঁশ, শূন্য দশমিক ২ গ্রাম আমিষ, শূন্য দশমিক ১ গ্রাম চর্বি, ২ দশমিক ৫ গ্রাম শর্করা, ২০ মিলিগ্রাম ক্যালসিয়াম, শূন্য দশমিক ৭ মিলিগ্রাম লৌহ। এ ছাড়া লাউয়ে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, ফসফরাস ও সেলেনিয়াম রয়েছে। আছে ভিটামিন-এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড।
লেখক: প্রধান পুষ্টি কর্মকর্তা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল