যে সিনেমা প্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা রুপালি পর্দার তারকা নন, বাস্তবের তারকা। জনপ্রিয় এই ব্যক্তিত্বদের পছন্দের সিনেমা কোনটি? আসুন, তা জেনে নিই।

জুলস এট জিম সিনেমার দৃশ্য
জুলস এট জিম সিনেমার দৃশ্য

স্টিফেন হকিং

কম বয়সে শরীরটা তাঁর হুইলচেয়ারে আটকা পড়লেও চিন্তারাজ্যে কোনো প্রভাব পড়েনি। মহাকাশ নিয়ে অনেক জটিল সব গবেষণা করে যাচ্ছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীদের। সময়ের সেরা পদার্থবিদ স্টিফেন হকিং দেখতে কিছুটা রাশভারী, সেটা হয়তো তাঁর শারীরিক প্রতিবন্ধকতার জন্যই। তবে সুযোগ পেলে রসিকতা করতেও ছাড়েন না। সম্প্রতি তিনি ‘রেডিট আস্ক মি অ্যানিথিং’ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যেমন গুরুগম্ভীর আলোচনায় যোগ দেন, তেমনই পছন্দের চলচ্চিত্র, গান নিয়েও কথা বলেন। সাম্প্রতিক চলচ্চিত্র, টিভি অনুষ্ঠান ও সংগীতের খবর যে তাঁর অগোচরে নয়, তা-ও বুঝিয়ে দিয়েছেন। সর্বশেষ অনলাইনে দেখেছেন এমন কী ভালো লেগেছে—জিজ্ঞেস করা হলে তিনি জানান, দ্য বিগ ব্যাং থিউরি। তা অবশ্য তিনি বলতেই পারেন, একই নামে তাঁর যে একটা বইও আছে। তবে পছন্দের সিনেমা ১৯৬২ সালে প্রকাশিত রোমান্টিক-ড্রামা ঘরানার জুলস এট জিম।

হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান–এর দৃশ্য
হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান–এর দৃশ্য

জে কে রাউলিং

‘দুনিয়া বদলে দিতে আমাদের কোনো জাদু দরকার নেই। যা দরকার তা আমাদের মধ্যেই আছে।’ কথাগুলো কে বলেছিলেন বলতে পারেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সমাবর্তন বক্তৃতায় লেখক জে কে রাউলিংয়ের কথা এটি। অথচ তিনি পুরো এক জাদুর দুনিয়া তৈরি করেছেন তাঁর বিশ্বজোড়া অসংখ্য ভক্তকুলের জন্য। তাঁর ‘হ্যারি পটার’ সিরিজ সব মহলে সমাদৃত হয়েছে। সিনেমাও তৈরি হয়েছে বইয়ের কাহিনি অবলম্বনে। ব্যক্তিগত পছন্দের তালিকায় ঠাঁই দিয়েছেন সে সিনেমাগুলোরই একটা—হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান। তবে তাঁর তৈরি চরিত্রগুলোর মধ্যে পছন্দের শীর্ষে কিন্তু হ্যারি পটার নেই, হারমিওনি গ্রেঞ্জার কিংবা রন উইজলিও নেই। তবে? প্রফেসর আলবাস ডাম্বলডোর!

বিল ক্লিনটন ২৫ থেকে ৩০ বার হাই নুন সিনেমাটি দেখেছেন
বিল ক্লিনটন ২৫ থেকে ৩০ বার হাই নুন সিনেমাটি দেখেছেন

বিল ক্লিনটন

‘বারবার দেখেছি হাই নুন সিনেমাটি’—এক সাক্ষাৎকারে বলেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ১৯৫২ সালের সিনেমাটির সঙ্গে ক্লিনটনের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। চকলেটের টাকা বাঁচিয়ে প্রথমবার দেখেছিলেন, এরপর দেখেছেন ২৫ থেকে ৩০ বার! এর বাইরে কাসাব্ল্যাংকা দেখতেও কখনো ক্লান্ত বোধ করেন না তিনি। উপস্থাপক এর পরেই জিজ্ঞেস করলেন দেশের ৪২তম কমান্ডার-ইন-চিফের চরিত্রে হলিউডের কোন অভিনেতাকে দেখতে চান? এবার কিছুটা ধাঁধায় পড়লেন বিল ক্লিনটন। উপস্থাপক সাহায্য করতে চাইলেন, ‘ব্র্যাড পিট? জর্জ ক্লুনি?’ ক্লিনটনের উত্তর, ওঁরা দেখতে একটু বেশিই স্মার্ট, তবে মেকআপ করিয়ে নিলে জর্জ ক্লুনি হয়তো ভালো ফুটিয়ে তুলতে পারবেন।

মালালার প্রিয় দিলওয়ালে দুলহানিয়ে লে যায়েঙ্গে
মালালার প্রিয় দিলওয়ালে দুলহানিয়ে লে যায়েঙ্গে

মালালা ইউসুফজাই

মেয়ে মালালাকে নিয়ে বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইয়ের গর্ব করার অনেক কিছু আছে। তবে শুধু গর্বই নয়, বাবার কাছে সবচেয়ে বড় নায়ক মেয়ে মালালা। সারা বিশ্বে তাঁর লাখো ভক্ত-অনুসারী। নারীশিক্ষা নিয়ে তিনি বিশ্বের বড় বড় দাতব্য সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অনেক কঠিন দায়িত্ব পালন করেন, কঠিন কাজ করেন। তবে নোবেল পুরস্কার বিজয়ী মালালার ভেতরটা আর দশটা সাধারণ তরুণীর মতোই। বিরিয়ানি বলতে যে পাগল, আরেকটু লম্বা কেন হলাম না এ নিয়ে যাঁর আফসসের সীমা থাকে না, শচীন কিংবা আফ্রিদির খেলা যাঁকে পাগলের মতো টানে। এক সাক্ষাৎকারে তিনি জানান তাঁর পছন্দের নায়ক হচ্ছেন শাহরুখ খান। তাঁর হেন ছবি নেই যা মালালা দেখেননি। তবে সবচেয়ে ভালো লেগেছে দিলওয়ালে দুলহানিয়ে লে যায়েঙ্গে।

গ্রন্থনা: মেহেদী হাসান

সূত্র: সিএনএন, গোল্ডেন গ্লোবস, সেলেবস বায়োস