ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর তাণ্ডবের প্রতিবাদে সমাবেশ করবে উপজেলা আওয়ামী লীগ। আজ (বৃহস্পতিবার) ভুজপুরের পুরোনো থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে বিএনপি-জামায়াত-শিবিরের নৃশংস হত্যাযজ্ঞের নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে যেকোনো নাশকতার সমুচিত জবাব দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়। আজকের সমাবেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ মো. নুরুল আলম চৌধুরী, গতবারের মহাজোট প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. তৌহিদুল আলম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, প্রকৌশলী মোহাম্মদ হারুন প্রমুখ। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী বলেন, এখন থেকে বিএনপি-জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে দলের প্রত্যেকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।