ফটিকছড়ি উপজেলার খিরাম উচ্চবিদ্যালয়ের পুরোনো মাটির ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় এটি ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে ওই ভবনে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত খিরাম উচ্চবিদ্যালয়ের মাটির ভবনটি ১৯৬৮ সালে নির্মাণের পর থেকে কোনো সংস্কার করা হয়নি। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের আঘাতে বিদ্যালয় ভবনের টিনের ছাউনি উড়ে যায়। এ সময় বৃষ্টিতে ভিজে দেয়ালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে এলাকাবাসী উড়ে যাওয়া টিন কুড়িয়ে এনে বিদ্যালয়টি মেরামত করেন। ১৯৯৫ সালে ফ্যাসিলিটিজ বিভাগ আট লাখ টাকা ব্যয়ে তিন কক্ষের একটি নতুন পাকা ভবন নির্মাণ করলেও এতে স্থান সংকুলান হচ্ছে না। ফলে বিদ্যালয়ের প্রায় সোয়া তিন শ শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী জরাজীর্ণ মাটির ভবনে ক্লাস করতে বাধ্য হচ্ছে। বেশি বৃষ্টি বা ঝোড়ো হাওয়া শুরু হলে শিক্ষার্থীরা ভয়ে অস্থির হয়ে ওঠে। এ অবস্থায় অনেক শ্রেণীর পাঠদান বন্ধ রাখতে হয় বলে শিক্ষকেরা জানান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর কাইয়ুম বলেন, ‘ক্লাস চলাকালে মাঝেমধ্যেই দেয়ালের আস্তর খসে পড়ে। ঝুঁকিপূর্ণ এই কক্ষগুলোতে শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাস করতে চায় না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আলমগীর বলেন, ‘বিদ্যালয়ে কক্ষসংকট থাকায় চরম আতঙ্কের মধ্যেও এসব কক্ষে পরীক্ষাসহ পাঠদান চালিয়ে নিতে হয়। দ্রুত মাটির এই ভবনটিকে ভেঙে পাকা ভবন নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য আহম্মদ উল্লাহ বলেন, ‘জরাজীর্ণ মাটির ভবনটি ভেঙে সেখানে একটি নতুন পাকা ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রকৌশল কার্যালয়সহ সংশিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কিছু হয়নি।’ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত প্রথম আলোকে বলেন, ‘মাটির বিদ্যালয় ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই মাটির ভবনটি ভেঙে সেখানে নতুন পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’