যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবান-রাঙামাটি সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কাপ্তাইয়ের বরইছড়ি বাজার এলাকা। এখানে সড়কের অর্ধেক অংশই ধসে গেছে। একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের বাকি অর্ধেক অংশও ধসে যেকোনো মুহূর্তে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই উপজেলা সদর থেকে প্রায় ২০০ গজ দূরে সড়কের বরইছড়ি বাজারসংলগ্ন এলাকার সড়ক ভেঙে অর্ধেক হয়ে গেছে। ভাঙন ঠেকানোর জন্য প্রতিরোধক দেয়াল তৈরি করা হয়েছে বালুর বস্তা দিয়ে। আগে দুটি বাস পাশাপাশি চলাচল করতে পারলেও এখন একপাশ বন্ধ। এ ছাড়া সড়কের তম্বপাড়া, পাগলিপাড়া, হেডম্যানপাড়া, বটতলীসহ কয়েকটি স্থানেও সড়ক ভেঙে গেছে।রাঙামাটি-বান্দরবান সড়কে নিয়মিত চলাচল করা নিশান পরিবহনের বাসচালক মো. জসিম উদ্দিন বলেন, ৭৬ কিলোমিটার সড়কের অনেক স্থানেই ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বরইছড়ির ভাঙন চরম আকার ধারণ করেছে। প্রতিদিন ভাঙনের আকার বড় হচ্ছে।স্থানীয় ওয়াগ্গা ইউনিয়নের সদস্য আপাই মারমা বলেন, সড়কের ভাঙা অংশ স্থায়ীভাবে মেরামত না করলে যেকোনো মুহূর্তে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।জানা যায়, প্রতিদিন এ সড়ক দিয়ে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর গাড়িসহ পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন চলাচল করে। নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়, কর্ণফুলী কলেজ ও ঘাঘড়া কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার একমাত্র মাধ্যমও এ সড়ক। এ ছাড়া তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। কাপ্তাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবদুর রহমানও ভাঙনের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এসব সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা প্রশাসনের বিশেষ ভূমিকা থাকে না। অবশ্য সেনাবাহিনীও সড়ক সংস্কারের কাজ করে থাকে। দ্রুত সড়ক সংস্কারের ব্যাপারে তিনি সেনাবাহিনী ও সওজ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলে জানান। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, রাঙামাটি-বান্দরবান সড়কের মাত্র ১০ কিলোমিটার সওজ দেখা শোনা করে থাকে। বাকি পথ সেনাবাহিনী ১৯-ইসিবি (ইঞ্জিনিয়ারিং কোর বাংলাদেশ) দেখভাল করে। সওজের অধীনে যে পথ রয়েছে তাতে কোনো সমস্যা নেই। যেখানে ভাঙন দেখা দিয়েছে, সেই অংশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এ ব্যাপারে সেনাবাহিনীর ১৯-ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিউল হাসান বলেন, ‘সড়ক সংস্কারে বড় ধরনের কাজ করতে হবে। ওই কাজ করার জন্য আপাতত আমাদের হাতে অর্থ বরাদ্দ নেই। অবশ্য তিনি বলেন, অর্থ পাওয়া গেলেও এখন প্রতিদিন বৃষ্টি হওয়ায় বড় ধরনের সংস্কারকাজ করা সম্ভব হবে না। আপাতত যানবাহন নিরাপদে যাতে যাতায়াত করতে পারে এবং ভাঙন আর যেন বড় না হয়, সে জন্য সড়কের ওপর প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে প্রতিরোধ করা হয়েছে।