যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে পরিত্যক্তখাদ্যগুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে পরিত্যক্ত খাদ্যগুদাম ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে সংলগ্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন ও বিসিকের (ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার) একটি টিনশেড ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভবনটি ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছেন মাইসছড়ি ইউপির চেয়ারম্যান শান্তশীল চাকমা। তিনি বলেন, ‘১৯৮১-৮২ সালের দিকে খাগড়াছড়ি সদর থেকে ১০ কিলোমিটার দূরে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের পাশে মাইসছড়ি এলাকায় অপরিকল্পিতভাবে এই খাদ্যগুদাম নির্মাণ করা হয়। কিন্তু এখানে কখনো খাদ্যশস্য মজুদ রাখা হয়নি। প্রথম দিকে এলাকার কৃষকেরা বর্ষা মৌসুমে তাঁদের ফসল এই গুদামে তুলে রাখতেন। পরে ভবনটির অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে কৃষকেরা সেটির ব্যবহার বন্ধ করে দেন। ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ভবনটি ভেঙে ফেলার জন্য চলতি মাসের উপজেলা সমন্বয় সভায় প্রস্তাব দিয়েছি।’

তবে আশপাশের দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিত্যক্ত গুদামের পাশের মাঠে খেলাধুলা করে। বর্ষায় বৃষ্টিপাতের সময় অনেকে এ ভবনে আশ্রয় নেয়।

সরেজমিনে দেখা যায়, ৪০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের ভবনটির দুদিকে দুটি দরজাই খোলা। ভবনের ভেতর ছাদের পলেস্তরা খসে পড়ে লোহার রড বেরিয়ে এসেছে। মরিচা ধরে রডগুলোও ক্ষয়ে যাচ্ছে।

মাইসছড়ি ইউপির সচিব প্রীতিবিন্দু চাকমা বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিত্যক্ত খাদ্যগুদামের ভেতর বা আশপাশে না যাওয়ার জন্য বারবার বলা হয়। কিন্তু তারা তা শোনে না। গুদাম ভবনটি ইউনিয়ন পরিষদের কার্যালয়সংলগ্ন হওয়ায় এটি ভেঙে পড়ার আশঙ্কায় আমরাও সারাক্ষণ আতঙ্কে থাকি।’

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করেন স্থানীয় বাসিন্দা ফজল মাতব্বর (৬৫)। তিনি বলেন, ‘যত দূর মনে পড়ে, ভবনটি কখনো ব্যবহার হয়নি। আগে স্থানীয় কৃষকেরা ব্যবহার করলেও বর্তমানে কেউ ব্যবহার করেন না।’

মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমা বলেন, ‘ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ভেঙে ফেলার প্রয়োজন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রতি অনুরোধ করেছি।’