যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ মিলিটারি পুল। জোড়াতালির সংস্কারে চলছে যানবাহন  প্রথম আলো
ঝুঁকিপূর্ণ মিলিটারি পুল। জোড়াতালির সংস্কারে চলছে যানবাহন প্রথম আলো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া-বোয়ালখালী খালের ওপর নির্মিত মিলিটারি পুল (সেতু) খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সেতুটির দুদিকে দুটি লোহার অস্থায়ী বেইলি সেতু জোড়া দিয়ে কোনো রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিলিটারি সেতুটির ওপর দিয়ে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানসহ বিভিন্ন এলাকার হাজরো মানুষ কালুরঘাট সেতু হয়ে চট্টগ্রাম নগরে যাতায়াত করেন। যাত্রীবাহী বাস, টেম্পু ছাড়াও দিনে কয়েকহাজারপণ্যবাহীযানবাহন চলাচল করে এ সেতুর ওপর দিয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত বেইলি সেতুটি স্বাধীনতার আগে পাকা করা হয়। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় পাহাড়ি পানির স্রোতে সেতুর চট্টগ্রামমুখী একাংশ দেবে যায়। পর্যায়ক্রমে খালের দুদিকে ভাঙন তীব্র হলে সেতুর দক্ষিণ চট্টগ্রামমুখী কিছু অংশও ধসে পড়ে। এতে ওই সময় সেতুর ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পটিয়া সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ২০০৬ সালে চট্টগ্রামমুখী ভাঙা স্থানে এবং ২০১১ সালে কক্সবাজারমুখী ভাঙা স্থানে আলাদা দুটি লোহার বেইলি সেতু জোড়া দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করে। বর্তমানে জোড়া দেওয়া বেইলি সেতুসহ মূল পাকা সেতু নড়বড়ে হয়ে পড়েছে।
সরেজমিন দেখা গেছে, সেতুটির মাঝখানের ২১ মিটার অংশ এতটাইনড়বড়ে হয়ে পড়েছে যে সেতুর ওপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে চলাচল করতেও ভয় পায়। মূল পাকা সেতুরচেয়ে বেইলি সেতু সরু হওয়ায় এর ওপর দিয়ে একসঙ্গে একটির বেশি বাস-ট্রাক, লরি চলাচল করতে পারে না। ফলে উভয় দিকে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।
ট্রাকচালক মোহাম্মদ আজগর (৩৫) বলেন, ‘সেতুর ওপর ট্রাক নিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেতুটি থরথর করে কাঁপতে থাকে। তখন ভয়ে আল্লাহকে স্মরণ করি বিপদ থেকে রক্ষার জন্য।’
বোয়ালখালী এলাকার ইটভাটার মালিক সাইফুল ইসলাম বলেন, যাত্রীবাহী যানবাহন ছাড়াও প্রতিদিন বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রাম থেকে ইট, সিমেন্ট ও রডবোঝাই শতাধিক ট্রাক এই সেতুর ওপর দিয়ে বোয়ালখালী উপজেলায় যাতায়াত করে। সেতুটি জরুরি ভিত্তিতে কার্যকর সংস্কার কিংবা নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে পুরো দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। যোগাযোগ করা হলে পটিয়া সওজ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দীন চৌধুরী সেতুটির নাজুক অবস্থার কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি জানান, সেতুটি নতুন করে নির্মাণের জন্য নকশা তৈরি করে ১৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব গত ১৩ মার্চ সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যোগাযোগ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া সম্ভব হবে।