যেখানে ছাত্রই শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করছেন মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ে দশম শ্রে​িণর ছাত্র মোহাম্মদ মিরান l প্রথম আলো
খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করছেন মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ে দশম শ্রে​িণর ছাত্র মোহাম্মদ মিরান l প্রথম আলো

১৭ অক্টোবর। বেলা সাড়ে ১১টা। মহেশখালীর দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দোতলার একটি কক্ষে চলছে দ্বিতীয় শ্রেণির পাঠদান। সমস্বরে ভেসে আসছে ‘দুই দু গুনে চার, চার দু গুনে আট...’। শিক্ষকের মুখে মুখে পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষকের নাম মোহাম্মদ মিরান। যে নিজেও একজন শিক্ষার্থী। পড়ছে মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে।
শিক্ষক–সংকটের কারণে চলতি বছরের জুলাই মাস থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তাকে নিয়োগ দেয় বিদ্যালয় পরিচালনা কমিটি। মিরান প্রথম শ্রেণির বাংলা, দ্বিতীয় শ্রেণির গণিত ও তৃতীয় শ্রেণিতে ধর্ম বিষয়ে পাঠদান করে।
মোহাম্মদ মিরান জানায়, পড়ার ফাঁকে সময় বের করে পাঠদান করছে সে। শিশুদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনাফ বলেন, আট থেকে নয় বছর ধরে শিক্ষক–সংকট লেগে আছে। এ জন্য আপাতত দুজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর একজন মোহাম্মদ মিরান ও অন্যজন মোহাম্মদ মোস্তাকিম। তাদের মাসে দুই হাজার টাকা করে বেতন দেয় পরিচালনা কমিটি।
প্রধান শিক্ষক জানান, ছয়জন শিক্ষকের পদ থাকলেও আছেন চারজন। আর প্রাক্–প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৪৬৬ জন। এতে বিদ্যালয়ের পাঠদান চালাতে হিমশিম খেতে হয় শিক্ষকদের। বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৪ সালের জুলাইয়ে মোহাম্মদ মোস্তাকিমকে ও চলতি বছরের জুলাই মাসে মোহাম্মদ মিরানকে নিয়োগ দেয়।
সরেজমিনে দেখা গেছে, দোতলা বিদ্যালয় ভবনের চার কক্ষ। একটিতে শিক্ষকেরা বসেন ও তিনটিতে চলে পাঠদান। প্রতিটি শ্রেণিকক্ষেই গাদাগাদি করে বসছে শিক্ষার্থীরা। এদিকে সম্প্রতি ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে ভেঙে যাওয়া বেড়া ও টিনের তৈরি বিদ্যালয়ঘরটিও সংস্কার হয়নি। ভাঙা বেড়া ও টিন পড়ে আছে।
শিক্ষকেরা জানান, ওই ঘরটিতে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান করানো হতো। এখন পাকা ভবনের একটি কক্ষে প্রাক-প্রাথমিকের পাঠদান চলছে। কিন্তু একটি কক্ষে প্রাক প্রাথমিকের ১০০ জন শিক্ষার্থী জায়গা হয় না। অনেককে দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনাফ বলেন, নতুন করে বেড়া ও টিনের বিদ্যালয় ঘরটি তৈরি করার জন্য বরাদ্দ চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাছে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান বলেন, এই মুহূর্তে বিদ্যালয়ঘর তৈরি করার বরাদ্দ নেই। শিক্ষকসংকটের ব্যাপারে বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে অনেক লেখালেখি করেছি। কিন্তু নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত আপাতত শিক্ষক সংকট কাটছে না।’ খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির এখতিয়ার বলে জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ মিয়া বলেন, সংকটের মধ্যেও ২০১৩ ও ২০১৪ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ জন্য শিক্ষার মানোন্নয়নে খণ্ডকালীন িশক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।