
আধুনিকতম সাউন্ড সিস্টেমে গান শুনতে কেমন লাগে? সারাউন্ড বা স্টেরিও সাউন্ড সিস্টেমের আসল স্বাদটাই বা কেমন? বছর পঞ্চাশ আগে মানুষ কীভাবে গান শুনত। এখন কীভাবে সেই স্বাদ নেওয়া যেতে পারে? শুধু সাধারণ স্পিকারে শোনা নয়, একটু ভালোভাবে গান শোনা। প্রতিটি বাদ্যযন্ত্রের শব্দ আলাদাভাবে উপভোগ যাঁরা করতে চান, তাঁদের জন্য ‘নয়েজ’। গান, সিনেমা দেখার সব সুযোগ-সুবিধা নিয়ে সম্প্রতি ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের আত্মপ্রকাশ করেছে এই অডিও লাউঞ্জ।
ভিনটেজ নামের ঘরে পাবেন সেই অনেক বছর আগের গান শোনার স্বাদ। আবার সবাই মিলে গানের সঙ্গে থাকতে চান। নিজের মতামত প্রকাশ করতে চান। তা-ও পারবেন। ম্যাড ক্লাব নামে একটা ছোট্ট গ্রুপ আছে, যেখানে মানুষজন গান, গান শোনার যন্ত্র ইত্যাদি নানা বিষয় শেয়ার করেন।
মূলত উন্নত মানের হাই অ্যান্ড অডিও ডিভাইস বিক্রি করে নয়েজ। কী নেই এখানে? সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার ছাড়াও আছে বিশেষভাবে তৈরি সংগীত আবহ। অডিও ফিল্টার, এবি রিসিভার, টার্ন টেবিল, স্টেরিও অ্যাম্পলিফায়ার, স্পিকার—এর সবকিছু পাবেন এখানে। জামো, মার্টিন লোগান প্রোডিজি, জেবিএল, গোল্ডেনইয়ার, প্রোজেক্ট, প্যারাসাউন্ড, ও বারটুস, ম্যাগনেপ্যান, ইলেক্ট্রোভয়েস, অডিও কন্ট্রোল, সনোস, আর্কিটেক্ট ইত্যাদি ব্র্যান্ড চারদিকে। যাঁরা গান শোনেন, তাঁদের চোখ কপালে ওঠার জন্য যথেষ্ট।
এখানে আছে ৯: ১ সারাউন্ড সাউন্ড সিস্টেমের মিনি থিয়েটার। যেখানে বসে ক্রেতারা উপভোগ করতে পারবেন আসল ব্লু রে সিনেমা। আরেক ঘরে আসল সিডি কালেকশন এবং ভিনাইল রেকর্ড থেকে শুনে নিতে পারবেন পছন্দের গান। গান শুনতে শুনতে এক কাপ কফি না হলে কি চলে? ক্রেতারা চাইলে নিজের কফিটাও বানিয়ে খেতে পারবেন। আছেন একগাদা অডিও ইঞ্জিনিয়ার, যাঁরা ভালো সাউন্ড সিস্টেম কেনার জন্য দেবেন বিশেষ পরামর্শ। মোদ্দা কথা, যতটা না বিক্রির জন্য, তার চেয়ে বেশি দেখানো ও শোনানোর জন্য এই লাউঞ্জ।

তবে শুধু বিক্রি নয়, শ্রোতা তৈরির কাজ করছেন বলে জানালেন নয়েজের স্বত্বাধিকারী সায়েদুর রহমান। তিনি বলেন, ‘সাউন্ড সিস্টেমে গান শোনা একটু ব্যক্তিগত ব্যাপার। আমরা যারা এই ব্যাপারটি নিয়ে কাজ করি, তাদের সঙ্গে গ্রাহকের একটা আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে যায়। ১৯৯০ সাল থেকে আমার সাউন্ড সিস্টেমের ব্যবসা। এখন ২৬ বছর পর এসে মনে হচ্ছে মানুষকে একটু ভালো সাউন্ড সিস্টেমে গান শোনাতে চাই। কিন্তু মানুষ ভালো সাউন্ড সিস্টেম কেন কিনবে? ঢাকায় সেই রকম সাউন্ড সিস্টেমে গান শোনার সুযোগটাই নেই। এবার সেই অভিজ্ঞতাটা দেবে নয়েজ।’
সবাইকে ভালো সাউন্ড সিস্টেমে গান শোনার স্বাদ দেবে তারা। ভালো কিছু বিক্রি করতে হলে তো ভালো জিনিস শোনার অভিজ্ঞতা থাকতে হবে।
৮০-১০০ বছরের পুরোনো গারার্ড, আকাই, স্কট ইত্যাদি ব্র্যান্ডের অডিও প্লেয়ার রাখা অ্যান্টিক হিসেবে। চোখ আটকে যেতে পারে ম্যাকিনটশের প্রথম দিকের কালেকশনে। আছে ২০০-৩০০ এলপি রেকর্ড। সায়েদুর রহমানের কাছে জানা গেল, তাঁদের কিছু নির্ধারিত গ্রাহক এখানে এসে হোম থিয়েটারে সিনেমা দেখারও সুযোগ পাবেন। আর গান শোনার সুযোগ তো থাকছেই। ব্যস্ত নগর জীবনে এখানকার সংগীত আবহ ঠিক জুড়িয়ে দেবে মন।