যেখানে জড়িয়ে আছে প্রায় দেড় শ বছরের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালরঙা ভবনটি দেখে বোঝার উপায় নেই, এই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে জড়িয়ে আছে প্রায় দেড় শ বছরের ইতিহাস
ছবি: দীপু মালাকার

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছেই কবি নজরুল সরকারি কলেজ। লক্ষ্মীবাজারে অবস্থিত লালরঙা ভবনটি দেখে বোঝার উপায় নেই, এই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে জড়িয়ে আছে প্রায় দেড় শ বছরের ইতিহাস। ঐতিহ্যবাহী এই কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, নানা সংকট সত্ত্বেও কলেজটি পুরান ঢাকাসহ সারা দেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মাদ্রাসা থেকে কলেজ

কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৮৭৪ সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেলের আমলে শুরুতে হাজী মুহাম্মদ মুহসীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল মোহসিনিয়া মাদ্রাসা। পরে এটি ঢাকা মাদ্রাসা নামে পরিচিতি পায়। ১৯১৬ সালে ঢাকা মাদ্রাসার অধীন অ্যাংলো পারসিয়ান বিভাগ আলাদা হয়ে ঢাকা গভ. মুসলিম হাইস্কুল হিসেবে যাত্রা শুরু করে।

১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ছাত্র ভর্তির সুবিধার জন্য প্রতিষ্ঠানটিকে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তর করা হয়। ১৯৫৮ সালের জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশে ১৯৬২ সালে মাদ্রাসা তুলে দিয়ে মাদ্রাসার ক্লাসগুলোকেই মাধ্যমিক ক্লাসে পরিণত করা হয়। ঢাকা মাদ্রাসা এরপর ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের স্কুল বিভাগ হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৬৮ সালে কলেজ থেকে স্কুল আলাদা হয়ে গিয়ে নাম হয় ইসলামিয়া সরকারি হাইস্কুল, ঢাকা। স্কুল আলাদা হওয়ার পর কলেজের নামও পাল্টে যায়। রাখা হয় সরকারি ইসলামিয়া কলেজ, ঢাকা। ১৯৭২ সালে আবারও নাম পরিবর্তন করে রাখা হয় ‘কবি নজরুল সরকারি কলেজ’।

তাঁরা সবাই এই কলেজেরই শিক্ষক ও শিক্ষার্থী

কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দী। এখানে পড়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পিতা বিচারপতি যাহিদ সোহরাওয়ার্দী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসান সোহরাওয়ার্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য মোয়াজ্জেম হোসেন ও সাজ্জাদ হোসেন, তৎকালীন জগন্নাথ কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রহমান, সাবেক উপরাষ্ট্রপতি নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল হকসহ দেশবরেণ্য বহু শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সমাজসেবক।

ঐতিহ্য, শিক্ষা ও সংকট

বর্তমানে এই কলেজে ১৯টি বিষয়ে স্নাতক ও ১৭টি বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ আছে। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে ভর্তি-প্রক্রিয়া ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হয়।

উচ্চমাধ্যমিক স্তরে প্রতিবছর এই কলেজে ১ হাজার ৬০০ শিক্ষার্থী ভর্তি হয়। স্নাতক, স্নাতকোত্তর মিলিয়ে কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার। শিক্ষক আছেন ১১৪ জন।

তিন একর ক্যাম্পাসজুড়ে আছে খেলার মাঠ, গ্রন্থাগার, চিকিৎসাকেন্দ্র, ক্যানটিন। দুই গম্বুজবিশিষ্ট প্রশাসনিক ভবন কলেজের নির্মাণশৈলীকে আলাদা করেছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল ক্লাসরুম, শিক্ষক, ল্যাবরেটরি, গ্রন্থাগার ও আবাসিক সুবিধার সংকটের কথা বললেন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বাইরের শতবর্ষী জরাজীর্ণ একটি ভবন কলেজের ছেলেদের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। মেয়েদের কোনো হল নেই।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, রোভার স্কাউট গ্রুপ, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, ইংরেজি ক্লাব, ফটোগ্রাফি সোসাইটি, সাংবাদিক সমিতিসহ কলেজে অন্তত ১০টি সংগঠন আছে। এসবের মাধ্যমে নিজেদের মতো করে সহশিক্ষায় সরব আছেন শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ আমেনা বেগম বলেন, ‘নানা সংকটের মধ্যেও শিক্ষকদের নিয়মিত পাঠদান, অ্যাসাইনমেন্ট নেওয়া, সহশিক্ষা কার্যক্রম চালু থাকায় কলেজের শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধা বাড়ানোর জন্য আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি।’