যেখানে দাঁড়িয়ে চট্টগ্রামের বিতর্কচর্চা
কখনো বিদ্যালয় পালিয়ে, কখনো কোচিং ফাঁকি দিয়ে তারা চলে আসে বিতর্কের মঞ্চে। সেই বিতার্কিকেরাই ছিনিয়ে আনছে জয়। জাতীয় ক্ষেত্রে চট্টগ্রামের বিতার্কিকদের উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে। আছে আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অল এশিয়ানস বিতর্কে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল। যদিও চট্টগ্রামের হাতেগোনা কিছু প্রতিষ্ঠানই মাত্র বিতর্কচর্চা করে। কলেজ পর্যায়ে নিয়মিত বিতর্কচর্চা না থাকায় ভর্তি হওয়ার পর হারিয়ে যায় বিদ্যালয়ের প্রতিভাবান বিতার্কিকেরা। এখানে মানসম্পন্ন বিচারক তৈরি হয়নি এখনো। এরপরও থেমে নেই স্বপ্নযাত্রা। চট্টগ্রামে বিতর্কের প্রাতিষ্ঠানিক ও আড়ম্বরপূর্ণ আয়োজন শুরু বিজয় মেলা পরিষদের হাত ধরে। নব্বইয়ের দশকের শুরুর দিকে বিজয় মেলা পরিষদ নিয়মিত আয়োজন করত স্কুল বিতর্ক প্রতিযোগিতা। কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং ফারুক-ই-আজম বীরপ্রতীকের হাত ধরে বিতর্কের যাত্রা শুরু। স্কুল পর্যায়ে অনেক আগে থেকেই নিয়মিত চর্চার ঐতিহ্য আছে সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ের। আর ১৯৯৩ সাল থেকে ইতিহাস অনেকটা দৃষ্টি চট্টগ্রামের রংতুলিতে আঁকা। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্কের জোয়ার একেবারেই সাম্প্রতিক।ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, ‘চট্টগ্রামে বিতর্ক যদিও আমরা শুরু করেছিলাম স্কুল পর্যায়ে। আমাদের স্বপ্ন ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তা ছড়িয়ে দেওয়া। ২০ বছর পর এখন দেখছি স্বপ্নটা সফল হতে চলেছে। আমি বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছি। এখনকার বিতর্কচর্চা অনেক ব্যাপক, আধুনিক এবং যুগোপযোগী। তবে আমি জাতীয় পর্যায়ে আরও সাফল্য আশা করি।’মিলি চৌধুরী বলেন, ‘এখন বিতর্কের আয়োজন, আড়ম্বর এবং মান অনেক বেড়েছে। কিন্তু আমি অনুভব করি—এখনকার ছেলেমেয়েরা স্বশিক্ষিত হতে চায় না। তারা অনেক সহায়তা ও নির্দেশনা পাচ্ছে। কিন্তু আন্তরিকতা ও দায়বদ্ধতা তত বেশি নেই। আমরা যখন কয়েক দশক আগে বিতর্কচর্চা শুরু করছিলাম তখন কেউ সাহায্য করার ছিল না, প্রকৃতি সমাজ থেকে শিখেছি। এখনকার বিতার্কিকদের কাছ থেকে আন্তরিকতা শেখার প্রবণতা ও বিতর্কের প্রতি ভালোবাসা কামনা করি।’ প্রথম দিনের পাওয়া১৯৯২ সালে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছিল বিএফ শাহীন স্কুল। জাতীয় বিতর্কে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্য চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের। ১৯৯৬ সালে জাতীয় টেলিভিশন বিতর্কে রানার আপ ও ২০০৭ সালে বাংলাদেশ ডিবেট ফেডারেশন-এনটিভি জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ২০০৩ সালে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্কে রানার আপ হয় খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। তবে গত তিন বছরে স্কুল পর্যায়ে জাতীয়ভাবে তেমন কোনো সাফল্য নেই। ১৯৯৭ সালে জাতীয় টেলিভিশন বিতর্কে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ। ২০০৫ সালে জাতীয় টিভি বিতর্কে প্রাথমিক পর্বে সর্বোচ্চ স্কোর করে বিজয়ী হয় ইউএসটিসি। ২০০৯ সালে জাতীয় টেলিভিশন বিতর্কে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ২০০৭ সালে স্ট্যামফোর্ড জাতীয় বিতর্ক এবং ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিতর্কে রানার আপ হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জাতীয় পর্যায়ে ব্যক্তিগত সাফল্যের ইতিহাস দেখলে প্রথমেই আসবে মিলি চৌধুরীর নাম। জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আশির দশকে বিতর্কে স্বর্ণপদক অর্জন করেন তিনি। ২০০৩ সালে খাস্তগীর উচ্চবিদ্যালয়ের সুস্মিতা চৌধুরী ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের যুবায়ের আহমেদ বারোয়ারি বিতর্কে সেরা নির্বাচিত হন। চট্টগ্রামের বিতর্ক অঙ্গন সবসময়ই মনে রাখবে আবু সাঈদ, মোর্শেদ ইমতিয়াজ, আলতাফুর রহমানের মতো বিতার্কিকদের।যা কিছু প্রথমচট্টগ্রামে প্রথম সংসদীয় বিতর্ক, জাতিসংঘ বিতর্ক, টি ফরমেট বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট, আদালত বিতর্ক এবং আন্তবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক আয়োজন করে দৃষ্টি। আন্তস্কুল ইংরেজি বিতর্কের সূত্রপাত যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির হাত ধরে পরবর্তীকালে নিয়মিত আয়োজন করছে দৃষ্টি।আন্তকলেজ বিতর্কের সূত্রপাত বিতর্ক সংগঠন চর্চার মাধ্যমে। একেবারেই অন্য রকম একটি আয়োজন হলো দর্শক ও বিচারকের ভোটের ভিত্তিতে সেরা বিতার্কিকের নির্বাচনী প্রতিযোগিতা ডিবেট জিনিয়াস। এটি শুরু হয়েছে ২০০৫ সাল থেকে দৃষ্টির আয়োজনে, ২০০৮ সালে শুরু হয়েছে শিশু বিতর্ক প্রতিযোগিতা।বিতর্কের প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডের শুরু ১৯৯৬ সালের দৃষ্টির আন্তস্কুল বিতর্ক কর্মশালার মাধ্যমে। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রথম আয়োজন করে কিডম ডিবেটিং সোসাইটি এবং পরবর্তীকালে নাটুয়া বিতর্ককেন্দ্র। বর্তমানে নিয়মিত বিতর্কের সার্টিফিকেট কোর্স করাচ্ছে দৃষ্টি স্কুল অব ডিবেট। মিছিলের সামনে যাঁরাদৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল দেশের সেরা বিতর্ক সংগঠক হিসেবে পেয়েছেন বিডিএফ জাতীয় পদক ২০০৭। বিতর্কের আরেক আলোকিত মুখ বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি ও দৃষ্টির সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এ ছাড়াও নিয়মিত বিতর্কচর্চা করছে চুয়েট ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগ বিতর্ক সংগঠন, ইউএসটিসি ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়। সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পান্থজনও। দারুণ সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলেও এখন নিষ্ক্রিয় চর্চা। একইভাবে নিষ্ক্রিয় নাটুয়া বিতর্ককেন্দ্র এবং কিডস ডিবেটিং সোসাইটি। সাম্প্রতিক সময়ে বিতর্ক করছে বাংলাদেশ স্কুল অব ডিবেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের বিতার্কিক রাশেদুল আলম এখন বুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ডিবেট ক্লাবের বর্তমান সভাপতি চট্টগ্রামের আরিফ খান।দৃষ্টির সৃষ্টি১৯৯৩ সালে যাত্রা শুরু দৃষ্টি চট্টগ্রামের। এ পর্যন্ত আয়োজন করেছে এক হাজার ৫১৪টি বিতর্ক ও ২৫টি বিতর্ক কর্মশালা। গঠন করেছে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টি ডিবেট ক্লাব। ১৮ বার আন্তস্কুল বিতর্ক, পরপর ১০ বার ইংরেজি বিতর্ক, আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয় বিতর্ক নিয়মিত আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম। ১৯৯৬ সালে প্রথম চট্টগ্রামে বিতর্ক উৎসবের আয়োজন করে দৃষ্টি। তবে ২০০৯ সালে ডিসি হিলে ২৫ হাজার লোকের সামনে দৃষ্টির নির্বাচনী বিতর্ক ইতিহাস হয়ে আছে।এখন যেখানে দাঁড়িয়েবিতর্কের জয়যাত্রা এখন কিছুটা স্তিমিত এটা বলা যায়। এর কারণ বিতর্ক করলে একজন শিক্ষার্থী বই পড়তে উদ্বুদ্ধ হয়, বাইরের জগৎকে জানে, স্মার্ট হয়—এ সচেতনতা এখনো চট্টগ্রামের অভিভাবকদের মাঝে সৃষ্টি হয়নি। বিশেষ করে ছাত্রীরা পরিবার থেকে যথাযথ সহযোগিতা পায় না, অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। ইংরেজি মাধ্যমের বিতর্কে স্কুলগুলো অধিকাংশ ক্ষেত্রে পরাজয় মেনে নিতে পারে না। পরবর্তী সময়ে বিতর্কে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এভাবে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিভাবান সব শিক্ষার্থীর বিতর্কচর্চা। এখানেই পিছিয়ে যাচ্ছে চট্টগ্রামের বিতর্ক। চট্টগ্রামের বিতর্কের অবস্থান এখন কোথায়? এর জবাবে মাসুদ বকুল বলেন, ‘বিভিন্ন নতুন মডেলের বিতর্ক আয়োজন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যাপক বিতর্কের আয়োজন যেমন আমাদের আশাবাদী করে তেমনি আশাহত হই অনেক ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাধা দেখে, তবে বিদ্যালয়গুলোতে বিতর্কের মান আরও উন্নত হওয়া চাই।’ সাইফ চৌধুরীর মতে, ‘বেশি ইংরেজি বিতর্ক চাই, সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের সহযোগিতা বিতর্ককে আরও বেগবান করেছে।’